তথ্য বিশ্বজুড়ে ধনীদের বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো—যা সাধারণত ‘ফ্যামিলি অফিস’ নামে পরিচিত—বর্তমানে বিনিয়োগের কৌশলে বড় পরিবর্তন আনছে। ব্ল্যাকরকের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, এসব প্রতিষ্ঠান এখন আগের চেয়ে বেশি পরিমাণে বিনিয়োগ করছে বিকল্প সম্পদ, যেমন—রিয়েল এস্টেট, ভেঞ্চার ক্যাপিটাল, প্রাইভেট ক্রেডিট ও অবকাঠামো খাতে।
সাম্প্রতিক মাসগুলোতে ফ্যামিলি অফিসগুলোর গড় পোর্টফোলিওর ৪২ শতাংশই বরাদ্দ করা হয়েছে বিকল্প সম্পদে, যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ পয়েন্ট বেশি। জরিপটি ব্ল্যাকরক পরিচালনা করে গত ১৭ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত। এতে অংশ নিয়েছে ১৭৫টি ফ্যামিলি অফিস, যাদের সম্মিলিত সম্পদের পরিমাণ ৩২০ বিলিয়ন ডলারেরও বেশি।
জরিপ অনুযায়ী, একক পরিবারের (Single-Family Offices) ৩২ শতাংশই চলতি বছরে প্রাইভেট ক্রেডিট খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে। দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় খাত হিসেবে উঠে এসেছে অবকাঠামো, যেখানে ৩০ শতাংশ ফ্যামিলি অফিস আরও বেশি বিনিয়োগ করতে চায়, তা ঋণ হোক কিংবা ইকুইটি। যদিও প্রাইভেট ইকুইটি এখনও গুরুত্বপূর্ণ, তবু এর গতি কিছুটা ধীর হয়েছে। ১২ শতাংশ ফ্যামিলি অফিস জানিয়েছে, তারা এ খাতে বিনিয়োগ কমানোর চিন্তায় রয়েছে। আবার ৩০ শতাংশ আশাবাদী থাকলেও, ২২ শতাংশ প্রতিষ্ঠান এ খাত নিয়ে হতাশ।
ব্ল্যাকরকের আমেরিকা অঞ্চলের ইনস্টিটিউশনাল ব্যবসা বিভাগের প্রধান আরমান্ডো সেনরা বলেন, “প্রাইভেট ইকুইটি এখনও পোর্টফোলিওর কেন্দ্রবিন্দু হলেও এখন পরিবারগুলো বিকল্প খাতে ঝুঁকছে। বিনিয়োগে বৈচিত্র্য আনার প্রবণতা বেড়েছে।” সেনরা আরও বলেন, প্রাইভেট ইকুইটির রিটার্ন পেতে এখন বেশি সময় লাগছে। ফলে পরিবারগুলো এমন খাত খুঁজছে, যেখানে ঝুঁকি কম, কিন্তু আয় তুলনামূলক ভালো—যেমন অবকাঠামো। তার ভাষায়, “অবকাঠামো প্রাইভেট ইকুইটির মতো রিটার্ন দিতে পারে, তবে ঝুঁকি অনেক কম।” ব্ল্যাকরকের জরিপে অংশগ্রহণকারীদের ৭৫ শতাংশই অবকাঠামো খাত নিয়ে আশাবাদী, মাত্র ৫ শতাংশ এর বিপরীতে মত দিয়েছেন।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে বিনিয়োগের সম্ভাবনাও বাড়ছে অবকাঠামো খাতের চাহিদা বাড়িয়ে। যেমন—ডেটা সেন্টার ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিনিয়োগের প্রয়োজনীয়তা এখন অনেক বেশি। উদাহরণ হিসেবে বলা যায়, চলতি মে মাসেই জেফ বেজোসের ফ্যামিলি অফিস ১৫৫ মিলিয়ন ডলারের একটি বিনিয়োগ করেছে অ্যাটলাস ডেটা স্টোরেজে। প্রতিষ্ঠানটি ডিএনএ-ভিত্তিক প্রযুক্তিতে তথ্য সংরক্ষণের খাতে কাজ করছে।
প্রাইভেট ক্রেডিট খাত নিয়ে পরিবারগুলোর প্রতিক্রিয়া মিশ্র। ৫১ শতাংশ প্রতিষ্ঠান খাতটি নিয়ে আশাবাদী হলেও, ২১ শতাংশ সতর্ক বা হতাশ। অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন, হঠাৎ করেই বিনিয়োগ বাড়ায় দুর্বল প্রতিষ্ঠানগুলো ঋণ পাচ্ছে এবং মন্দা হলে ডিফল্টের আশঙ্কা রয়েছে। তবে ব্ল্যাকরকের সেনরা মনে করেন, জনপ্রিয় কোনো খাতে স্বাভাবিকভাবেই এমন সতর্কতা আসে। “যখন কোনো খাত আলোচনার কেন্দ্রে চলে আসে, তখন দক্ষ ও অভিজ্ঞ বিনিয়োগ ব্যবস্থাপকদের বাছাই করাটাই মূল চ্যালেঞ্জ,” বলেন তিনি।
জরিপে অংশগ্রহণকারীদের ৬২ শতাংশই ‘স্পেশাল সিচুয়েশন ডেট’-এ আগ্রহী, যা মূলত আর্থিক সংকটে থাকা বা পুনর্গঠনের মধ্যে থাকা কোম্পানিগুলোকে দেওয়া হয়। দ্বিতীয় পছন্দ হিসেবে ছিল ‘ডিরেক্ট লেন্ডিং’। সঠিক ব্যবস্থাপনায় প্রাইভেট ক্রেডিট প্রাইভেট ইকুইটির তুলনায় ভালো নিরাপত্তা দিতে পারে বলেও জরিপে উল্লেখ করা হয়।

