বাংলাদেশের ব্যাংকিং খাত এখন গুরুতর সংকটে রয়েছে। খেলাপি ঋণের ঊর্ধ্বগতি আর্থিক স্থিতিশীলতা ও বিনিয়োগে বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। ফলে ঋণ পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে এসএমই খাতসহ উৎপাদনমুখী উদ্যোক্তারা বিপাকে পড়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ।
শনিবার (২৮ জুন) রাজধানীর ডিসিসিআই অডিটরিয়ামে আয়োজিত ‘বর্তমান ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ: ঋণগ্রহীতাদের দৃষ্টিকোণ’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদায়) ড. আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (মুদ্রানীতি বিভাগ) ড. মো. এজাজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী এবং ডিসিসিআই-এর সাবেক সভাপতি মো. আশরাফ আহমেদ।
তাসকিন আহমেদ জানান, ২০২৫ সালের জুন পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার কোটি টাকা, যা মোট ঋণের ২৪ শতাংশেরও বেশি। এই পরিস্থিতির ফলে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৭.৫৭ শতাংশে নেমে এসেছে। তিনি আরও বলেন, চলমান উচ্চ মূল্যস্ফীতি (১০ শতাংশের বেশি) এবং নীতিসূদ হারের কারণে তারল্য সংকুচিত হয়ে গেছে। এতে মূলধনের খরচ বেড়ে গেছে এবং এর নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে।
এই প্রেক্ষাপটে ডিসিসিআই সভাপতি কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন। তার প্রস্তাবনার মধ্যে রয়েছে:
- ঋণগ্রহীতাদের পুনর্বাসনে উদ্যোগ গ্রহণ
- উৎপাদনমুখী খাতে (এসএমই, কৃষি, সবুজ শিল্প) সহজ শর্তে ঋণ
- সেক্টরভিত্তিক প্রণোদনা ও গ্যারান্টি স্কিম চালু
- ঋণের শর্ত শিথিল করে দীর্ঘমেয়াদি পরিশোধের সুযোগ
- ঋণ শ্রেণিকরণের সময়সীমা ৬ মাস বাড়ানো
- ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত খেলাপি আলাদা করে শনাক্ত করা
তাসকিন আহমেদ বলেন, “ব্যাংক খাত সংস্কারের ক্ষেত্রে শুধু ঝুঁকি নয়, ঋণগ্রহীতাদের কথাও গুরুত্ব দিয়ে ভাবতে হবে। নইলে বিনিয়োগ, উদ্ভাবন ও প্রতিযোগিতার ক্ষেত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।” সেমিনারে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

