২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়া বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার শিকার দেশ। তবুও, দেশটির অর্থনীতি চমকপ্রদভাবে টিকে আছে। রাশিয়ার সরকারি তথ্যমতে, ২০২৪ সালে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৪.৩ শতাংশ, যা কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, ইতালি ও জার্মানির মতো জি-৭ দেশের তুলনায় বেশি।
এই প্রবৃদ্ধির পেছনে প্রধান চালিকাশক্তি ছিল রেকর্ড পরিমাণ সামরিক ব্যয়। যদিও ইউরোপের বাজার হারিয়েছে, রাশিয়া সেই তেলের রপ্তানি ঘুরিয়ে দিয়েছে চীন ও ভারতের দিকে। পাশাপাশি একটি “ছায়া ট্যাংকার বহর” গড়ে তুলে নিষেধাজ্ঞা এড়িয়ে বিশ্ববাজারে তেল বিক্রি অব্যাহত রেখেছে।
এদিকে রুশ রুবলও আবার ঘুরে দাঁড়িয়েছে। ব্যাংক অব আমেরিকার তথ্য বলছে, এটি ২০২৪ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে ভালো পারফর্ম করা মুদ্রায় পরিণত হয়েছে—মূল্য বেড়েছে ৪০ শতাংশের বেশি।
তবে পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে। দেশে মূল্যস্ফীতি বাড়ছে, সুদের হার পৌঁছেছে ২০ শতাংশে, এবং কোম্পানিগুলো শ্রমিক খুঁজে পাচ্ছে না। অর্থনৈতিক মন্ত্রী নিজেই সম্প্রতি স্বীকার করেছেন যে রাশিয়া একটি “অতিরিক্ত উত্তপ্ত” অর্থনীতি থেকে মন্দার কিনারায় এসে দাঁড়িয়েছে।

অর্থনৈতিক মন্দা: আশঙ্কা না বাস্তবতা?
মস্কোভিত্তিক অর্থনীতিবিদ ইয়েভগেনি নাদর্শিন বলছেন, “২০২৬ সালের শেষ পর্যন্ত পরিস্থিতি খুব একটা স্বস্তিকর হবে না। কিছু দেউলিয়া হওয়া এবং ঋণ খেলাপির ঘটনা ঘটবে—তবে এটিকে অর্থনৈতিক ধস বলা একেবারেই ভুল।”
তার মতে, রাশিয়ার ইতিহাসে এর চেয়ে অনেক গভীর মন্দা দেখা গেছে। এখনো দেশটিতে বেকারত্ব ২.৩ শতাংশে রেকর্ড নিম্নস্তরে, যা আগামী বছর ৩.৫ শতাংশের বেশি হবে না বলেই তার ধারণা।
তবে আশঙ্কার জায়গাও আছে। রাশিয়া এক ধরনের স্থবিরতায় ঢুকে পড়েছে। ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৯.৯ শতাংশ। নিষেধাজ্ঞার কারণে আমদানির খরচ বেড়েছে, আর যুদ্ধের জন্য বিপুল সংখ্যক কর্মী বিদেশে পালিয়ে যাওয়ায় ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে মজুরি বেড়েছে এবং বাজারে চাপ তৈরি হয়েছে।

প্রবৃদ্ধির পথ কি রুদ্ধ?
২০২৪ সালের শেষে রাশিয়ার অভ্যন্তরীণ শ্রমবাজারে প্রায় ২৬ লাখ কর্মীর ঘাটতি দেখা গেছে। কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি ঠেকাতে সুদের হার বাড়িয়ে দিয়েছে, ফলে বিনিয়োগ ব্যয় বেড়ে গেছে।
তেলের দাম ও রপ্তানি কমে যাওয়ায় রাশিয়ার আয়ও কমেছে। ২০২৪ সালের মে মাসে তাদের তেল-গ্যাস আয় গত বছরের তুলনায় ৩৫ শতাংশ কম ছিল। এ ঘাটতি পুষিয়ে নিতে রেল, সড়ক এবং অবকাঠামো খাতে বরাদ্দ কেটে সামরিক খাতে ব্যয় বাড়াতে হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষক আন্দ্রাস টোথ-চিফরা বলেন, “সামরিক খাতে বাজেট কাটছাঁট করা যাচ্ছে না, ফলে গুরুত্বপূর্ণ নাগরিক প্রকল্পগুলোর মান খারাপ হচ্ছে।”
ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই রাশিয়ার কয়লা আমদানি বন্ধ করেছে এবং ২০২৭ সালের মধ্যে গ্যাস আমদানিও পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা করছে।
যুদ্ধ চলছেই, ব্যয় বাড়ছেই
যুদ্ধের খরচের কারণে অর্থনীতিতে যে দীর্ঘমেয়াদি চাপ তৈরি হচ্ছে তা এখনই স্পষ্ট। তেল রপ্তানির বিকল্প ব্যবস্থা নিতে পারলেও গ্যাস রপ্তানির দিকটা অনেক জটিল। ইউরোপে ফের রাশিয়ার শক্তি সম্পদ ফিরে যাবে এমন সম্ভাবনা খুবই কম।
রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ অবশ্য দাবি করছেন, অর্থনীতি স্থিতিশীল এবং সরকার সঠিকভাবে দেশকে পরিচালনা করছে। তিনি বলেন, “আমরা অর্থনৈতিকভাবে সফলভাবে এগোচ্ছি।”
তবে বিশ্লেষকরা বলছেন, যতই স্থিতিশীলতা দাবি করুক ক্রেমলিন, যুদ্ধের দীর্ঘমেয়াদি মূল্য দিতে হবে রাশিয়াকে। পশ্চিমা নিষেধাজ্ঞা, প্রযুক্তি আমদানির বাধা, শ্রম ঘাটতি এবং বিনিয়োগে জটিলতা—সব মিলিয়ে রাশিয়ার অর্থনীতি এখন এক কঠিন সঙ্কটময় মোড়ের মুখে।

