বিচারকদের রায় প্রস্তুত বা লেখার ক্ষেত্রে কোনোভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর নির্ভর না করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তবে প্রয়োজনীয় তথ্য ও আইনি সূত্র অনুসন্ধানে এআই ব্যবহারের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁর নির্দেশনা অনুযায়ী, রায়ের কার্যকরী অংশ সংশ্লিষ্ট বিচারককে নিজস্ব বিচারিক বিবেচনা ও আইনগত বিশ্লেষণের ভিত্তিতে লিখতে হবে।
শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া অভিভাষণে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
একই অনুষ্ঠানে অধস্তন আদালতের বিচারকদের এজলাসে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং মোবাইল ফোন বহন থেকে বিরত থাকার নির্দেশনা দেন তিনি। বিচারকদের ব্যক্তিগত আচরণ ও পেশাগত শৃঙ্খলার ওপর গুরুত্ব দিয়ে প্রধান বিচারপতি বলেন, আদালতের বাইরেও তাঁদের আচরণে বিচারকের মর্যাদা, দায়িত্ববোধ ও ব্যক্তিত্বের প্রতিফলন থাকতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারে বিচারকদের সতর্ক ও দায়িত্বশীল থাকার পরামর্শ দেন তিনি।
বিচারিক কার্যক্রমকে আরও বিশেষায়িত ও কার্যকর করতে বিশেষায়িত বিচারিক পদ সৃষ্টির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধান বিচারপতি। তিনি বলেন, বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন সংশোধন সম্পন্ন হলে এসব আদালতে বিচারক পদায়নের উদ্যোগ নেওয়া হবে।
বিচারকদের পেশাগত দক্ষতা বাড়াতে জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ প্রশিক্ষক এনে দেশে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
বিচারিক সিদ্ধান্ত গ্রহণে সামাজিক বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, মামলার আইনগত দিকের পাশাপাশি দেশের সামাজিক অবস্থা ও বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। তবে মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলার ক্ষেত্রে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করতে হবে।
মামলা ব্যবস্থাপনায় সময়ের যথাযথ ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তিনি। বিচারকদের নিজেদের সামর্থ্য অনুযায়ী কার্যতালিকা তৈরি, শুনানি শেষে উন্মুক্ত আদালতে পরবর্তী তারিখ ঘোষণা, মামলার নথির নিরাপত্তা নিশ্চিত এবং দ্রুত সত্যায়িত অনুলিপি সরবরাহের নির্দেশনা দেন।
আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, শুনানিতে অকারণে দীর্ঘ সময় নেওয়ার প্রবণতা পরিহার করতে হবে। শুনানির জন্য প্রয়োজনীয় সময় সীমিত ও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে। সময় মঞ্জুর করাকে নিয়মিত বা রুটিন কার্যক্রমে পরিণত করা যাবে না।
অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের অধস্তন আদালত মনিটরিং কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি আহমেদ সোহেল এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন বক্তব্য দেন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তারা তাঁদের অভিজ্ঞতা ও পেশাগত প্রত্যাশা তুলে ধরেন। বক্তারা দ্রুত ও কার্যকর বিচারসেবা নিশ্চিত করা, মামলা নিষ্পত্তিতে গতি আনা, বিচারকদের পেশাগত দক্ষতা বাড়ানো এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন।

