মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সামাজিক মাধ্যম টিকটকের জন্য তারা এমন একদল ‘অত্যন্ত ধনী’ ক্রেতা পেয়েছেন যারা প্ল্যাটফর্মটি কিনে নিতে ইচ্ছুক। তিনি জানিয়েছেন, দুই সপ্তাহের মধ্যে তাদের নাম প্রকাশ করতে পারবেন।
স্থানীয় সময় গত রবিবার ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিচার্স’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “আমরা ভালো ক্রেতা খুঁজে পেয়েছি। তারা একদল ধনী ব্যক্তি, যারা টিকটক কিনে নেবেন।”
ট্রাম্প আরও জানান, এই বিক্রির প্রক্রিয়ায় এগিয়ে যেতে চীনের অনুমোদন নেয়া প্রয়োজন হবে। তিনি আশা প্রকাশ করেন যে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিষয়টি মেনে নেবেন।
বর্তমানে টিকটকের মালিকানা রয়েছে চীনের ইন্টারনেট খাতের বৃহৎ প্রতিষ্ঠান বাইটড্যান্সের হাতে। টিকটককে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করে বাইডেন প্রশাসন পূর্বে নির্দেশ দিয়েছিল যে, যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা নিরপেক্ষ কোনো পক্ষের কাছে হস্তান্তর করতে হবে। কংগ্রেস এমন একটি আইনও পাস করেছিল, যা পরবর্তীতে মার্কিন সুপ্রিম কোর্টে বহাল থাকে।
২০২৪ সালের ২০ জানুয়ারি টিকটক নিষিদ্ধ হওয়ার কথা থাকলেও ট্রাম্পের ব্যক্তিগত উদ্যোগে এটি স্থগিত থাকে। তিনি টিকটকের প্রতি ব্যক্তিগত সখ্যতা প্রকাশ করে বলেন, প্ল্যাটফর্মটি তার জন্য গুরুত্বপূর্ণ। এর ফলে টিকটক যুক্তরাষ্ট্রে পুনরায় চালু হয় এবং চলতি মাসে আরও ৯০ দিনের জন্য স্থগিতাদেশ বাড়ানো হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, টিকটক সমস্যার মূল কারণ জাতীয় নিরাপত্তা নয়, বরং মার্কিন-চীন প্রযুক্তি প্রতিযোগিতা। তবে টিকটকের মাধ্যমে ট্রাম্প ও তার দল গত নির্বাচনে তরুণ ভোটারদের সমর্থন জিতেছে বলে ধারণা করা হয়।
টিকটকের মার্কিন ব্যবহারকারী ১৭ কোটি ছাড়িয়ে গেছে, যারা মূলত তরুণ সমাজের সদস্য।
গত মে মাসে ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, “আমার হৃদয়ে টিকটকের জন্য একটি বিশেষ জায়গা আছে। যদি তাদের আরও সময় লাগে, আমি সময় বাড়িয়ে দেব।” এবং গত ১৯ জুন স্থগিতাদেশের মেয়াদ শেষ হলেও তিনি সেটি আরও ৯০ দিন বাড়ান।
ট্রাম্পের দাবি, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রমের মালিকানা নিতে একদল সম্ভাব্য ক্রেতা ‘বিপুল পরিমাণ অর্থ’ দিতে প্রস্তুত। তবে চীনের ‘আইন মেনে’ অনুমোদন আসতে হবে।
বাইটড্যান্সও স্বীকার করেছে, মার্কিন সরকারের সঙ্গে আলোচনায় এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, যার সমাধান ছাড়া বিক্রির পথ খুলবে না।

