পোশাক খাতে সংকট ঘনীভূত। ঋণের কিস্তি পরিশোধে সময় সংকোচনের কারণে দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পড়েছে শত শত কারখানা। এমন পরিস্থিতিতে ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা ৬ মাসে উন্নীত করার দাবি জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এতে অন্তত ৫০০ থেকে ৬০০টি কারখানা খেলাপি হওয়ার হাত থেকে রক্ষা পাবে বলে মনে করছেন সংগঠনটির নেতারা।
এছাড়া রপ্তানির বিপরীতে আদায়কৃত এক শতাংশ উৎসে করকে বছর শেষে চূড়ান্ত কর হিসেবে বিবেচনারও সুপারিশ করেছে তারা।
বুধবার (২৬ জুন) পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন বিজিএমইএর একটি প্রতিনিধি দল। নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান। সঙ্গে ছিলেন সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী ও সদস্য কামাল উদ্দিন।
বৈঠকে বিজিএমইএ সভাপতি বলেন, আগে ঋণের কিস্তি পরিশোধে ৯ মাস সময় থাকলেও তা কমিয়ে এখন ৩ মাস করা হয়েছে। অনেক উদ্যোক্তা এই অল্প সময়ের মধ্যে কিস্তি পরিশোধে হিমশিম খাচ্ছেন। ফলে খেলাপি হওয়ার ঝুঁকি বাড়ছে। এই সময়সীমা অন্তত ৬ মাস করা প্রয়োজন বলেও মত দেন তিনি।
তিনি আরও জানান, পোশাক খাতে নগদ সহায়তার হারও কমানো হয়েছে। আগে এই সহায়তা ১ শতাংশ ছিল, যা এখন কমে দাঁড়িয়েছে ০.৩০ শতাংশে। বিকল্প নগদ সহায়তাও ৪ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। যা বর্তমান বাস্তবতায় শিল্প খাতের জন্য সহায়ক নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিজিএমইএ নেতারা রপ্তানির বিপরীতে আদায়কৃত ১ শতাংশ উৎসে করকে চূড়ান্ত করদায় হিসেবে বিবেচনার আহ্বান জানান। এতে ব্যবসায়ী বা শিল্পমালিকদের করজটিলতা কমবে এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষা পাবে বলেও মত দেন তারা।
বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন বিজিএমইএ নেতারা। এর মধ্যে রয়েছে—
- ব্যাংক ও এনবিআর সংশ্লিষ্ট সমস্যাগুলো
- গ্যাস সরবরাহ ঘাটতি
- নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার
- চট্টগ্রাম বন্দরের দক্ষতা
- ট্রেড লাইসেন্স এবং আইআরসি-ইআরসি নবায়নে জটিলতা
- রাজউক এলাকায় নির্মিত কারখানাগুলোর হয়রানি
তারা জানান, গাজীপুর ও আশুলিয়ায় জমি বরাদ্দ দেওয়া হলে সেখানে শ্রমিকদের জন্য ধাপে ধাপে হাসপাতাল, স্কুল, আবাসন গড়ে তুলতে আগ্রহী পোশাক উদ্যোক্তারা।
একই সঙ্গে তারা মুন্সীগঞ্জে বন্ধ হয়ে যাওয়া গার্মেন্ট পল্লী কার্যক্রম পুনরায় চালুর পাশাপাশি চট্টগ্রামের ক্ষুদ্র ও মাঝারি কারখানার জন্য একটি সমন্বিত শিল্পাঞ্চল গড়ে তুলতে সরকারকে জমি বরাদ্দ দেওয়ার আহ্বান জানান।
প্রতিনিয়ত পরিবর্তনশীল বিশ্ববাজারে টিকে থাকতে হলে পোশাক খাতকে আরও প্রতিযোগিতামূলক ও টেকসই করতে হবে। তার জন্য সময়োপযোগী নীতিগত সহায়তা অত্যাবশ্যক। বিজিএমইএর এই প্রস্তাবগুলোর কার্যকর বাস্তবায়ন হলে শিল্পের গতি ফিরে আসবে বলেই আশা করছে সংশ্লিষ্ট মহল।

