বাংলাদেশ থেকে অর্থ পাচার রুখতে ব্যাংকগুলোর প্রতি কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমদানি ও রফতানির নামে আর কোনো ‘গা-ছাড়া’ মনোভাব চলবে না—এই বার্তাই দিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।
গতকাল বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় তিনি এই কঠোর বার্তা দেন। সভায় দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা অংশ নেন।
সভায় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ফোর্স লোন ইস্যু। বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে, মেয়াদোত্তীর্ণ ঋণপত্রের (এলসি) দায় এখন থেকে তাৎক্ষণিকভাবে গ্রাহকের নামে ফোর্স লোনে রূপান্তর করতে হবে।
গভর্নর স্পষ্ট করে বলেন, কোনো ব্যাংক অযৌক্তিক সময়ক্ষেপণ করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
দীর্ঘ দেড় দশক ধরে দেখা গেছে, অনেক ব্যাংক প্রভাবশালী ব্যবসায়ীদের আমদানি-রফতানির সুযোগ দিলেও তার দায় যথাযথভাবে সমন্বয় করেনি।
অনেক সময় আমদানির দায় ব্যাংক নিজে মিটিয়েছে, কিন্তু গ্রাহকের নামে ফোর্স লোন সৃষ্টি করেনি। আবার রফতানি বিল দেশে ফেরত না এলেও তা গ্রাহকের দায় হিসেবে নথিভুক্ত করা হয়নি। এসবই অর্থ পাচারের ছক—এমনটাই বলছে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিদর্শন।
সভায় গভর্নর জানান, দেড় দশকে বহু রফতানি পণ্যের মূল্য দেশে ফিরিয়ে আনা হয়নি।
অনেক রফতানিতে দেখা গেছে, বিদেশে একই পণ্যের দাম বেশি হলেও মধ্যপ্রাচ্যে তা অনেক কমে রফতানি হচ্ছে। পণ্যের এই অস্বাভাবিক দামের পার্থক্য নিয়ে ব্যাংক নির্বাহীদের আরও গভীরে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
রফতানির ক্ষেত্রে পণ্যের প্রকৃত মূল্য নির্ধারণ ও অর্থ ফেরত আনার ক্ষেত্রে কঠোরতা অবলম্বনের নির্দেশও দেন গভর্নর।
সভায় একটি মানবিক উদ্যোগের ঘোষণাও আসে। ছাত্র-জনতার চলমান আন্দোলনে নিহত ও আহতদের জন্য গঠিত হচ্ছে ২৫ কোটি টাকার বিশেষ তহবিল।
এর মধ্যে বাংলাদেশ ব্যাংক নিজস্ব উৎস থেকে দেবে ১৪ কোটি টাকা। বাকি ১১টি ব্যাংক দেবে ১ কোটি টাকা করে।
এই তহবিল থেকে নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসায় অর্থ ব্যয় করা হবে।
সভায় আরও আলোচনায় আসে ডিজিটাল লেনদেন ও বাংলা কিউআর কোডের প্রসার।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান জানান, গভর্নর বাংলা কিউআর কোডকে জনপ্রিয় করার বিষয়ে জোর দিয়েছেন।
ডিজিটাল লেনদেন বাড়াতে ব্যাংকগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

