বাংলাদেশের অর্থনীতিতে স্টার্টআপ খাত এখন আর কেবল ‘উদীয়মান’ নয়—এটি হয়ে উঠছে কর্মসংস্থান, উদ্ভাবন ও প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। এই প্রেক্ষাপটে স্টার্টআপ অর্থায়নের কাঠামো ঢেলে সাজিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন মাস্টার সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক শুধু ঋণসীমা বাড়ায়নি, যুক্ত করেছে ইকুইটি বিনিয়োগ ও ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠনের প্রস্তাবও। নির্দেশনাটি গতকাল দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পাঠানো হয়েছে।
ঋণসীমা বাড়ল, বয়সের বাঁধা কমল
সার্কুলার অনুযায়ী, এখন থেকে ২১ বছর বয়স পূর্ণ যে কেউ এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। আগে বয়সসীমা ছিল ৪৫ বছর। ঋণসীমাও বাড়ানো হয়েছে। স্টার্টআপের কার্যক্রমের পরিধি ও সময়কাল অনুসারে ২ কোটি থেকে ৮ কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ থাকছে। আগে সর্বোচ্চ ঋণসীমা ছিল ১ কোটি টাকা।
বর্তমানে বেসরকারি ব্যাংকগুলো দুইটি উৎস থেকে স্টার্টআপে ঋণ দেয়। একটি তাদের নিজস্ব স্টার্টআপ ফান্ড—যা গঠিত হয় নিট মুনাফার ১ শতাংশ দিয়ে। আরেকটি হলো বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল। দুই ক্ষেত্রেই ঋণ বিতরণে কিছু সীমাবদ্ধতা ছিল। নতুন নীতিমালায় এসব নিয়মে শিথিলতা আনা হয়েছে।
শুধু ঋণ নয়, এবার ইকুইটি বিনিয়োগও
নতুন নির্দেশনায় বলা হয়েছে, তফসিলি ব্যাংকগুলো চাইলে তাদের স্টার্টআপ ফান্ড থেকে ইকুইটি বিনিয়োগ করতে পারবে। বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশ ব্যাংক নিজেই একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগ।
তফসিলি ব্যাংকগুলো এ কোম্পানিতে তাদের ফান্ডের অর্থ ইকুইটি হিসেবে বিনিয়োগ করবে। এসব বিনিয়োগ ব্যাংকের আর্থিক বিবরণীতে ‘স্টার্টআপ ইকুইটি বিনিয়োগ ফান্ড’ হিসেবে বিবেচিত হবে, অন্য দায় হিসেবে নয়।
গ্রাহক পর্যায়ে মেয়াদি ও চলতি মূলধন ঋণের জন্য সর্বোচ্চ ৪ শতাংশ সুদ নির্ধারণ করা হয়েছে। এ হার চক্রবৃদ্ধি পদ্ধতিতে ত্রৈমাসিক ভিত্তিতে গণনা হবে। সুবিধাটি শুধু নতুন নয়, বিদ্যমান স্টার্টআপও পাবে। তবে শর্ত হলো—নিবন্ধনের সময় থেকে সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত প্রতিষ্ঠানগুলো এ সুযোগ নিতে পারবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, নতুন নির্দেশনা কার্যকর হওয়ার পর ব্যাংকগুলো তাদের স্টার্টআপ ফান্ড থেকে নতুন করে আর কোনো ঋণ বিতরণ করতে পারবে না। তবে পূর্বে অনুমোদিত প্রকল্পগুলোর অর্থ ছাড় অব্যাহত থাকবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই নীতিমালা স্টার্টআপ খাতের অর্থায়নে বৈচিত্র্য ও স্থিতিশীলতা আনবে। তরুণ উদ্যোক্তারা আরও বেশি উৎসাহিত হবেন। ফলে একদিকে যেমন বাড়বে কর্মসংস্থান, অন্যদিকে অর্থনীতিও পাবে নতুন গতি।

