চলতি বছরের প্রথম তিন মাসে বাংলাদেশে নিট বিদেশি বিনিয়োগ এসেছে ৮৬ কোটি ৪৬ লাখ ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১৪ দশমিক ৩১ শতাংশ বেশি। আগের প্রান্তিকের তুলনায় এ বৃদ্ধির হার ৭৬ দশমিক ৩১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে দেশে মোট ১৫৭ কোটি ৬১ লাখ ডলার বিনিয়োগ এসেছে। মুনাফা, আন্তঃকোম্পানি ঋণ পরিশোধসহ বিভিন্ন পথে বিদেশে চলে গেছে ৭১ কোটি ১৫ লাখ ডলার। বাকি অংশ নিট বিনিয়োগ হিসেবে রয়ে গেছে বাংলাদেশে।
গত বছরের একই সময়ে নিট বিনিয়োগ ছিল ৪০ কোটি ৩৪ লাখ ডলার। আর গত অক্টোবর থেকে ডিসেম্বর সময়ে এসেছিল ৪৯ কোটি ডলার। সে তুলনায় এ বছর প্রথম প্রান্তিকের বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বিশেষজ্ঞদের মতে, সরকারের নানা উদ্যোগ ও নীতিগত সহায়তার ফলে এ ধারা তৈরি হয়েছে। জমি বরাদ্দ, সেবাপ্রাপ্তি ও নীতিগত প্রণোদনায় গতি এসেছে। তবে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হলে বিনিয়োগ আরও বাড়তে পারত বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
সরকারি ও বেসরকারি মিলিয়ে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ মার্চ শেষে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৭৬ কোটি ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ ৮৮ হাজার ৫৮০ কোটি টাকা (বর্তমান বিনিময় হার অনুযায়ী)। ডিসেম্বর শেষে এই ঋণ ছিল ১০ হাজার ৩৭৪ কোটি ডলার, আর গত বছরের জুনে ছিল ১০ হাজার ৩৪১ কোটি ডলার।
২০২৩ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো বিদেশি ঋণ ১০ হাজার কোটি ডলার ছাড়িয়েছিল। তবে বিশ্লেষণে দেখা গেছে, বিগত সরকারের সময়ে নেওয়া উচ্চ সুদের বাণিজ্যিক ঋণের প্রভাব রয়েছে এখানে। বর্তমান সরকার এখন বাণিজ্যিক ঋণের পরিবর্তে আন্তর্জাতিক সংস্থা থেকে তুলনামূলক কম সুদের ঋণ নিতে আগ্রহী।
বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, সরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণ মার্চ শেষে ছিল ৮ হাজার ৪৮৯ কোটি ডলার। ডিসেম্বর শেষে তা ছিল ৮ হাজার ৪৩১ কোটি ডলার এবং গত বছরের জুনে ছিল ৮ হাজার ২৮১ কোটি ডলার।
বেসরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণও সামান্য বেড়েছে। মার্চ শেষে এ খাতে ঋণের স্থিতি ১ হাজার ৯৮৭ কোটি ডলারে পৌঁছেছে। যা ডিসেম্বরে ছিল ১ হাজার ৯৪২ কোটি ডলার এবং গত জুনে ছিল ২০ হাজার ৬০ কোটি ডলার।
জুন মাসের শেষ দিকে আইএমএফের কাছ থেকে ঋণের দুটি কিস্তি মিলিয়ে ১৩৪ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। এরপর বিশ্বব্যাংক, এডিবি, জাইকা ও এআইআইবির মতো সংস্থাগুলো থেকেও এসেছে আরও ৪ বিলিয়ন ডলারের বেশি ঋণ—সবই অপেক্ষাকৃত কম সুদের।
রেমিট্যান্স প্রবাহেও দেখা যাচ্ছে ইতিবাচক গতি। সব মিলিয়ে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা গ্রস রিজার্ভ জুন শেষে বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলারে। আইএমএফ অনুমোদিত হিসাব (বিপিএম৬) অনুযায়ী, তা ২৬ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। যা গত ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ।
তবে চলতি সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ২০২ কোটি ডলার পরিশোধের পর গ্রস রিজার্ভ কিছুটা কমে এসেছে। বর্তমানে তা দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে। বিপিএম৬ অনুযায়ী এই অঙ্ক ২৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলার।
তুলনামূলকভাবে, ২০২৩ সালের ৫ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের সময় রিজার্ভ ছিল মাত্র ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। আর ২০২১ সালের আগস্টে এটি সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল।

