পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াটের আলট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি এখন পুরোপুরি প্রস্তুত। দুইটি ইউনিট পরীক্ষামূলকভাবে বিদ্যুৎও উৎপাদন করেছে। কিন্তু কয়লা সরবরাহ নিয়ে দীর্ঘসূত্রতায় এই মেগা প্রকল্পটি এখনো জাতীয় গ্রিডে বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি।
২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত তিনবার দরপত্র আহ্বান করেও দীর্ঘমেয়াদি কয়লা সরবরাহকারী ঠিক করা যায়নি। প্রতিবারই যোগ্য দরদাতা হিসেবে উঠে এসেছে কেবল একটি প্রতিষ্ঠান—সিঙ্গাপুরভিত্তিক ইয়ংতাই এনার্জি। কিন্তু তারা যে দাম প্রস্তাব করছে, তা অত্যন্ত বেশি বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (RNPL)।
তিন দফার প্রতিটি টেন্ডারে শুধুই ইয়ংতাই নির্বাচিত হয়েছে। এমনকি পরীক্ষামূলক চালানোর জন্য ১০ লাখ টন কয়লা কেনার সময়ও তারাই দরদাতা ছিল এবং বর্তমানে ইন্দোনেশিয়ার বুকিত আসাম খনি থেকে কয়লা সরবরাহ করছে।
বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, দরপত্রের কঠিন শর্ত, অস্পষ্ট নকশা এবং একচেটিয়া সুবিধা নিশ্চিত করার চেষ্টায় প্রকৃত প্রতিযোগিতা বাধাগ্রস্ত হয়েছে।
প্রকল্পটির নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৫৪ কোটি ডলার। এটি নির্মাণ করেছে চীনা কনসোর্টিয়াম—TEPC, CHEC, CWEC। RNPL পরিকল্পনা করেছিল ২০২৫ সালের মে-জুন থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করার কিন্তু কয়লা চুক্তি ছাড়া তা সম্ভব নয়।
RNPL সূত্র জানায়, তৃতীয় দফায় ১০টি কোম্পানি দরপত্র কিনলেও মাত্র ৪টি আবেদন করে। এর মধ্যে ইয়ংতাই ছাড়া কেউই টেকনিক্যালভাবে নির্বাচিত হয়নি। এতে টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিষয়টি নিয়ে একে অন্যকে দোষারোপ করছেন সংশ্লিষ্টরা। RPCL ও RNPL-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম ভূঁইয়া বলেন, “আমরা শুধু টেন্ডার প্রক্রিয়া দেখেছি কিন্তু ডকুমেন্ট প্রস্তুত করেছে বিউবো। আমি কমিটিতেও ছিলাম না।”
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (BPDB) চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, “আমরা কয়লার দাম কম রাখতে চাই, যাতে বিদ্যুতের দাম না বাড়ে। কিন্তু টেন্ডারের সব শর্ত ঠিক করে RNPL বোর্ড।”
তিনি আরও জানান, আগের দরপত্রে সাড়া কম পাওয়ার পর টেন্ডার শর্ত সহজ করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু “নরিনকো বরং কঠিন শর্তের পক্ষে ছিল।”
বিদ্যুৎ বিভাগ জানায়, RNPL যে ‘সিঙ্গেল-স্টেজ টু-এনভেলাপ’ পদ্ধতি ব্যবহার করেছে, তা বিরল এবং প্রতিযোগিতায় বাধা হয়ে দাঁড়িয়েছে। অন্য মেগা প্রকল্প যেমন রামপাল বা মাতারবাড়ীতে ‘টু-স্টেজ টু-এনভেলাপ’ পদ্ধতি ব্যবহৃত হয়েছিল।
এ ছাড়া দরদাতাদের জন্য অন্যতম চ্যালেঞ্জ ছিল—‘মাইন মালিকের সরাসরি কয়লা সরবরাহ প্রতিশ্রুতি’ চিঠি দিতে হবে। যা সাধারণত দ্বিতীয় ধাপে দেওয়া হয়। কিন্তু এখানে প্রথমেই তা চাওয়া হয়, যা অনেককে পিছিয়ে দেয়।
এক্ষেত্রে কেবল ইয়ংতাই বুকিত আসাম খনি থেকে ‘অবিচল প্রতিশ্রুতি চিঠি’ দিতে পেরেছে, যা প্রকল্পটির টেস্ট রানে তাদের অগ্রাধিকার তুলে ধরে।
দরপত্রের ১৮৬ পাতার নথি বিশ্লেষণে দেখা যায়, এমন সব শর্ত রাখা হয়েছে যা ইয়ংতাই-এর বিদ্যমান সক্ষমতার সঙ্গে দারুণভাবে মিলে যায়। যেমন—খনির উৎপাদনক্ষমতা গত ৫ বছরে ৭০ লাখ টন হতে হবে, যদিও প্রকল্পের বার্ষিক প্রয়োজন ১৩ থেকে ৪০ লাখ টনের মধ্যে।
তাছাড়া খনির পুনরুদ্ধারযোগ্য মজুত থাকতে হবে ১.৮ কোটি টন এবং বিগত ৫ বছরে অন্তত ৮০ লাখ টন কয়লা সরবরাহের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কমপক্ষে ৫০ লাখ টন বিদ্যুৎকেন্দ্রে সরবরাহের প্রমাণ দিতে হবে।
বিদ্যুৎ বিভাগের মতে, এ ধরনের শর্ত ‘ইচ্ছাকৃতভাবে’ ছোট বা মাঝারি খনির যোগ্যতাকে অগ্রাহ্য করেছে। ৩৫০-৫০০ মেগাওয়াট প্ল্যান্টে কয়লা সরবরাহের অভিজ্ঞতা থাকলেই এই প্ল্যান্টে দেওয়া সম্ভব।
দরপত্রে ছিল না কোনো প্রি-বিড সভা, যা সাধারণত দরদাতাদের কারিগরি বিষয় পরিষ্কার করার সুযোগ দেয়।
এছাড়া হঠাৎ করে কয়লার মূল্য নির্ধারণের সূচক বদলে দেওয়া হয়—ICI3 থেকে বদলে HBA2 করা হয়, যা বেশিরভাগ ইন্দোনেশীয় মাইন মালিকদের অজানা। মাত্র ১৪ দিনের মধ্যে দরপত্র সংশোধনের সময় দেওয়া হয়। অথচ ইয়ংতাই এই পরিবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল।
একজন RNPL কর্মকর্তা জানান, কিছু কোম্পানি হয়তো ‘ডামি বিডার’ ছিল, যারা ইচ্ছাকৃতভাবে অসম্পূর্ণ কাগজ জমা দিয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে ইয়ংতাই-এর পথ সুগম করে।
প্রতিটি চালানের জন্য এলসি খুলতে হবে নির্ধারিত সময়ের মাত্র সাত কার্যদিবস আগে। ব্যবসায় সংশ্লিষ্টরা বলছেন, এ শর্তে কেবল তারাই আগাবে যাদের আগের অভিজ্ঞতা আছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার।
RPCL-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৯ জানুয়ারি প্রথম ইউনিট এবং ৯ জুন দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হয়। উৎপাদনও হয়েছে ১২৪৪ মেগাওয়াট পর্যন্ত।
তবুও কয়লা সরবরাহ নিশ্চিত না হওয়ায়, পুরো প্ল্যান্টটি এখন অচল। এই বিলম্বে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, যেটা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।
সাধারণ কয়লাভিত্তিক বিদ্যুতের দাম যেখানে ৬-৭ টাকা, পটুয়াখালীর এই প্ল্যান্টের সম্ভাব্য ইউনিট মূল্য হবে প্রায় ১২ টাকা। যার পেছনে রয়েছে উচ্চ মূলধন ব্যয় ও সীমিত প্রতিযোগিতার কারণে কয়লার উচ্চ মূল্য।
BPDB চেয়ারম্যান রেজাউল করিম বলেন, “আমরা RNPL-কে বলেছি শর্ত সহজ করে পুনরায় টেন্ডার দিতে। এমনকি ৫ বছরের বদলে ১ বছরের চুক্তির দিকেও যেতে বলেছি।”
তিনি আরও বলেন, “এই ২.৫ বিলিয়ন ডলারের প্রকল্প বসিয়ে রাখা যায় না। যন্ত্রপাতি চলবে না তো নষ্ট হয়ে যাবে।”

