কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রথমবারের মতো ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ২০২৫ সালের ১ আগস্ট থেকে এ কাঠামো কার্যকর হবে। নতুন শ্রমিক ভিসার ক্ষেত্রে নিয়োগদাতাদের জন্য এই নিয়ম মানা বাধ্যতামূলক করা হয়েছে।
প্রতি বছর হাজারো বাংলাদেশি শ্রমিক কুয়েতে পাড়ি জমায়। এতদিন তাদের জন্য কোনো নির্দিষ্ট বেতন কাঠামো ছিল না। এবার সেই অভাব পূরণে এগিয়ে এসেছে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। দূতাবাস স্পষ্ট করে দিয়েছে—নির্ধারিত কাঠামো না মানলে কোনো শ্রমিকের ভিসা সত্যায়ন করা হবে না।
কোন পেশায় কত বেতন?
নতুন কাঠামো অনুযায়ী, ৮ ঘণ্টা কাজের ভিত্তিতে প্রতিটি পেশায় ন্যূনতম বেতন ধার্য করা হয়েছে এভাবে:
- গৃহকর্মী: ১২০ দিনার
- বাসার ড্রাইভার ও রাঁধুনি: ১৫০ দিনার
- সরকারি চুক্তিভিত্তিক (আকুদ হুকমি) অদক্ষ শ্রমিক: ৯০ দিনার
- বেসরকারি চুক্তিভিত্তিক (আকুদ আহলি) অদক্ষ শ্রমিক: ১২০ দিনার
- দক্ষ ড্রাইভার: ১২০ দিনার
- দক্ষ শ্রমিক: ১৫০ দিনার
দূতাবাস জানিয়েছে, এই কাঠামো শুধু ন্যায্যতা নিশ্চিত করবে না, বরং বিদেশগামী নতুন শ্রমিকদের জন্য একটি সুরক্ষিত পথ খুলে দেবে।
বিদেশে অবস্থানরত অনেক বাংলাদেশি প্রবাসী এই উদ্যোগকে সময়োপযোগী ও শ্রমিকবান্ধব হিসেবে দেখছেন। তারা বলছেন, দীর্ঘদিন পর বাংলাদেশি শ্রমিকদের সম্মানজনক বেতন নির্ধারণে এটি একটি বড় অগ্রগতি।
তবে তারা জোর দিয়ে বলেন, এই কাঠামো বাস্তবায়নে দূতাবাসকে সক্রিয় নজরদারি বজায় রাখতে হবে, যাতে মাঠপর্যায়ে কোনো অনিয়ম না হয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শুধু শ্রমিকদের অর্থনৈতিক নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং বৈদেশিক শ্রমবাজারে বাংলাদেশের ভাবমূর্তি আরও শক্তিশালী করবে।

