বাংলাদেশের বঙ্গোপসাগরে এক দশক ধরে গ্যাস অনুসন্ধান করে কোনো হাইড্রোকার্বন মজুতের খোঁজ না পেয়ে চুক্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ওএনজিসি বিদেশ লিমিটেড (OVL)। প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের মালিকানাধীন পেট্রোবাংলার সঙ্গে বঙ্গোপসাগরের দুটি অগভীর জলরাশি ব্লক—এসএস-০৪ ও এসএস-০৯—এ অনুসন্ধানের জন্য চুক্তিবদ্ধ ছিল।
ওএনজিসির সরে যাওয়ায়, বঙ্গোপসাগরের এই দুটি অফশোর ব্লক ফের অনুসন্ধানহীন পড়ে থাকছে।
বৃহস্পতিবার পেট্রোবাংলা চেয়ারম্যান মো. রেজানুর রহমান “দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস”কে বলেন,
“ওএনজিসি আমাদের জানিয়েছে তারা আর অনুসন্ধান চালাতে আগ্রহী নয়।”
চুক্তির মেয়াদ তৃতীয়বারের মতো বাড়ানোর পরও ভারতীয় এই তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি নিজ দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার পসকো ইন্টারন্যাশনাল ও অস্ট্রেলিয়ার স্যান্টোস যথাক্রমে গভীর সমুদ্রের ডিএস-১২ এবং অগভীর জলরাশি ব্লক এসএস-১১ থেকে সরে গিয়েছিল।
চুক্তি ভঙ্গ করায় ওএনজিসির ৬৬.২০ মিলিয়ন ডলার সমমূল্যের ব্যাংক গ্যারান্টি বাজেয়াপ্ত করতে যাচ্ছে পেট্রোবাংলা। উৎপাদন শেয়ার চুক্তি (PSC) অনুযায়ী তারা যে ন্যূনতম অনুসন্ধান কাজ করার কথা ছিল, তা পূরণ না করায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গত দশ বছরে ওএনজিসি বাংলাদেশে প্রায় ৬৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করে। তাদের দাবি ছিল, ব্লকগুলোর অবস্থান পরিবর্তন করে আরও সম্ভাবনাময় এলাকায় নেওয়া হোক এবং চুক্তি চলাকালে গ্যাসের দাম বাড়ানো হোক। তবে পেট্রোবাংলা দুই প্রস্তাবই নাকচ করে।
২০১৪ সালের ফেব্রুয়ারিতে ওএনজিসি এসএস-০৪ ও এসএস-০৯ ব্লকে অনুসন্ধানের জন্য পিএসসি সই করে। চুক্তির মেয়াদ ছিল ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। পরে মেয়াদ বাড়ানো হলেও কার্যত তেমন কোনো অগ্রগতি হয়নি।
এসএস-০৪ ব্লকের মহেশখালী উপকূলীয় অঞ্চলে ‘কাঞ্চন’ নামে একটি অনুসন্ধান কূপ খনন করে ওএনজিসি। সেখানে প্রস্তাবিত ৪,২২৮ মিটার গভীরতা পর্যন্ত খনন চালিয়েও কোনো বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য গ্যাস মজুত খুঁজে পায়নি। কেবল কাদামাটি আর শেল-স্টোনের স্তর পাওয়া গেছে, কিন্তু গ্যাসবাহী বালুস্তর (sandstone) পাওয়া যায়নি।
চুক্তি অনুযায়ী ওএনজিসিকে ব্লক এসএস-০৪-এ ‘তিতলি’ ও এসএস-০৯-এ ‘মৈত্রী’ নামে আরও দুটি অনুসন্ধান কূপ খনন করতে হতো। কিন্তু সেসবের জন্য কোনো কন্ট্রাক্টর নিয়োগই দেওয়া হয়নি।
ওএনজিসি অবশ্য দুই ব্লক মিলিয়ে ৩,১০০ লাইন-কিমি ২ডি সিসমিক জরিপ করেছে, যেখানে মোট ৫,৪০০ লাইন-কিমি জরিপ ও তিনটি কূপ খননের বাধ্যবাধকতা ছিল।
ব্লক এসএস-০৪ ও এসএস-০৯ যথাক্রমে ৭,২৬৯ ও ৭,০২৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। পানি গভীরতা ২০ থেকে ২০০ মিটার পর্যন্ত।
বাংলাদেশে বর্তমানে কোনো অফশোর গ্যাস উৎপাদন কূপ নেই। সম্পূর্ণ গ্যাস সরবরাহ আসে অনশোর গ্যাসক্ষেত্র ও ব্যয়বহুল এলএনজি আমদানি থেকে।
এই প্রেক্ষাপটে, ওএনজিসির সরে যাওয়াকে দেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার জন্য নেতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞ এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এম তামিম।
তিনি বলেন,
“ওএনজিসি কার্যত নিষ্ক্রিয় ছিল। দেশীয় অগভীর সমুদ্র এলাকায় তারা উৎসাহব্যঞ্জক কিছুই খুঁজে পায়নি।”
“এর ফলে shallow water prospect বা সম্ভাবনাকে ঘিরে অনিশ্চয়তা আরও বাড়ল।”

