এআই প্রযুক্তি দখলের প্রতিযোগিতায় সবচেয়ে আলোচিত নাম এখন এনভিডিয়া। বৃহস্পতিবার প্রথমবারের মতো কোম্পানিটির বাজারমূল্য ৪ ট্রিলিয়ন ডলারের গণ্ডি পেরিয়ে গেছে, যা প্রতিষ্ঠানটিকে ওয়াল স্ট্রিটের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
বৃহস্পতিবার দিনশেষে এনভিডিয়ার প্রতি শেয়ারের দাম দাঁড়ায় ১৬৪.১০ ডলার। এতে করে কোম্পানিটির মোট বাজারমূল্য দাঁড়ায় ৪.০০৪ ট্রিলিয়ন ডলার। এর ফলে অ্যাপল ও মাইক্রোসফটকে ছাড়িয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করেছে এনভিডিয়া। এই উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির চাহিদা বৃদ্ধি।
এর আগের দিন, অর্থাৎ বুধবার, এনভিডিয়ার বাজারমূল্য কিছু সময়ের জন্য ৪ ট্রিলিয়ন ডলারের ওপরে গেলেও দিনশেষে সেটি নেমে আসে প্রায় ৩.৯৭ ট্রিলিয়নে। বর্তমান বাজারমূল্যে এনভিডিয়া যুক্তরাজ্যের সব পাবলিক কোম্পানির সম্মিলিত বাজারমূল্যের চেয়েও বেশি মূল্যবান।
এনভিডিয়ার উচ্চক্ষমতাসম্পন্ন প্রসেসরগুলো এখন মাইক্রোসফট, অ্যামাজন, অ্যালফাবেট ও মেটার মতো টেক জায়ান্টদের এআই ডেটা সেন্টার নির্মাণে মূল চালিকা শক্তি। এই কারণে কোম্পানিটি দ্রুতই প্রযুক্তি জগতের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
তবে সফলতার সঙ্গে সঙ্গে কিছু ঝুঁকিও থাকছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য দ্বন্দ্বের কারণে কোম্পানির সবচেয়ে শক্তিশালী চিপগুলোর রপ্তানিতে নিষেধাজ্ঞা রয়েছে। এ নিয়ে উদ্বেগও রয়েছে বাজারে।
এই প্রসঙ্গে সুইসকোট ব্যাংকের জ্যেষ্ঠ বিশ্লেষক ইপেক ওজকারদেস্কায়া ক্লায়েন্টদের উদ্দেশে বলেন, “বাণিজ্য উত্তেজনা ও শুল্ক ঝুঁকি তৈরি করছে। এছাড়া বাড়তে থাকা এআই ব্যবহার ভবিষ্যতে অপেক্ষাকৃত সস্তা বিকল্পের দিকে চাহিদা সরিয়ে নিতে পারে।”
২০২৩ সালের জুনে এনভিডিয়া প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছায়। মাত্র এক বছরের মধ্যেই সেটি তিনগুণ বেড়ে ৪ ট্রিলিয়নে পৌঁছায়—যা অ্যাপল ও মাইক্রোসফটের চেয়েও দ্রুততম প্রবৃদ্ধি।
বর্তমানে মাইক্রোসফট যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি, যার বাজারমূল্য ৩.৭৩ ট্রিলিয়ন ডলার। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারমূল্য ০.৪ শতাংশ কমেছে।
অন্যদিকে, ২০২৫ সালের শুরু থেকে অ্যাপলের শেয়ারমূল্য ১৫ শতাংশ পড়ে গেছে। বর্তমানে এর বাজারমূল্য ৩.১৭ ট্রিলিয়ন ডলার। বাজার বিশ্লেষকরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে পণ্যে দ্রুত অন্তর্ভুক্ত করতে না পারায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এমনকি এই বিশাল মূল্যায়নের পরও এনভিডিয়ার শেয়ার এখনো প্রত্যাশিত আয় থেকে মাত্র ৩৩ গুণ বেশি দামে লেনদেন হচ্ছে। এটি গত পাঁচ বছরের গড় ৪১ গুণের তুলনায় অনেকটাই নিচে—এ তথ্য দিয়েছে এলএসইজি।

