বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দক্ষ জনগোষ্ঠী একটি দেশের অমূল্য সম্পদ। বাংলাদেশের প্রায় ৩০ শতাংশ মানুষ কিশোর ও তরুণ। এই বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, জীবনমান ও ক্ষমতায়নের ওপর নির্ভর করছে দেশের সামগ্রিক উন্নয়ন।
তিনি বলেন, “উন্নত ভবিষ্যৎ গড়তে হলে আমাদের তরুণদের দক্ষ, সুশিক্ষিত ও সুস্বাস্থ্যসম্পন্ন করে গড়ে তুলতে হবে।”
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ বছর জনসংখ্যা দিবস পালিত হচ্ছে জানিয়ে ড. ইউনূস বলেন, এ বছর দিবসটির প্রতিপাদ্য—‘ন্যায়সঙ্গত ও আশাব্যঞ্জক এক বিশ্বে তরুণদের নিজেদের কাঙ্ক্ষিত পরিবার গঠনের ক্ষমতায়ন করা’—অত্যন্ত সময়োপযোগী।
তিনি আরও বলেন, “শুধু নিজের মতো করে বেঁচে থাকা বা পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়াই যথেষ্ট নয়। টেকসই উন্নয়ন, শান্তিপূর্ণ সমাজ এবং উন্নত জীবনব্যবস্থা নিশ্চিত করতে হলে প্রজন্ম থেকে প্রজন্মে ন্যায়বিচার ও নীতি-নৈতিকতার চর্চা ধরে রাখা জরুরি।”
ড. ইউনূস জোর দিয়ে বলেন, “ছেলে-মেয়ে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কোনো ধরনের বৈষম্য থাকলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়।”
তিনি জানান, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। জুলাই মাসের গণঅভ্যুত্থানের চেতনায় সরকার পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্যসেবা কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
ড. ইউনূস বলেন, এই কর্মযজ্ঞে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, গণমাধ্যম এবং সুশীল সমাজকেও সক্রিয়ভাবে যুক্ত হতে হবে।
“সকলের সম্মিলিত চেষ্টায় আমরা বাংলাদেশকে উন্নয়নের পথে আরও এগিয়ে নিতে পারি,”—বলেন তিনি।
বাণীর শেষে ড. ইউনূস বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

