সম্প্রতি ইরান-ইসরায়েল সংঘাতের সময় ইরান হুমকি দেয়, তারা বিশ্বের অন্যতম ব্যস্ত সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। প্রশ্ন উঠেছে, ইরানের পক্ষে কি সেটি সম্ভব? আর এমনটি হলে বৈশ্বিক বাণিজ্যে এর প্রভাব কী হতে পারে?
হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগরের প্রবেশমুখে অবস্থিত একটি সংকীর্ণ জলপথ। বিশ্বের দৈনিক তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন হয় এই পথ দিয়ে। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালী ঘিরে রেখেছে ইরান। এর উপকূলবর্তী অবস্থানের কারণে প্রণালীর বেশিরভাগ জলসীমাই ইরানের নিয়ন্ত্রণাধীন, যা এ অঞ্চলে অন্যান্য দেশের নৌযান চলাচলে জটিলতা সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে প্রশ্ন দেখা দেয়, ইরান কি সত্যিই এই প্রণালী বন্ধ করতে পারে? আর করলে, আন্তর্জাতিক আইন অনুযায়ী অন্যান্য দেশের প্রতিক্রিয়া কী হতে পারে?
আন্তর্জাতিক বাণিজ্যিক আইন এবং সামুদ্রিক আইন এই দুটি প্রথাগত আইনি কাঠামোর মধ্য দিয়ে গড়ে উঠেছে আধুনিক সামুদ্রিক বাণিজ্যের ভিত্তি। ১৬০৯ সালে ডাচ আইনজ্ঞ হুগো গ্রোটিয়াস ‘মারে লিবারাম’ বা ‘উন্মুক্ত সাগরের অধিকার’ ধারণা দেন। তিনি বলেন, সমুদ্রপথ হবে সবার জন্য উন্মুক্ত, যাতে শান্তিপূর্ণভাবে বাণিজ্য ও যাতায়াত সম্ভব হয়। এই ধারণা একসময় ইউরোপীয় উপনিবেশবাদী শক্তিগুলোর সমুদ্র বাণিজ্য দখলে সহায়ক হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, জাতিসংঘের ‘আইন অফ দ্য সি কনভেনশন’ (UNCLOS) সামুদ্রিক সীমানা নির্ধারণে এক নতুন ধারা প্রবর্তন করে। ঐতিহ্যগত তিন নটিক্যাল মাইলের সীমানা বাড়িয়ে এটি ১২ নটিক্যাল মাইলে উন্নীত হয়। যদিও ইরান তখনও UNCLOS-এ স্বাক্ষর করেনি, ১৯৫৯ সালে একতরফাভাবে তারা তাদের জলসীমা ১২ নটিক্যাল মাইল ঘোষণা করে।
১৯৭৯ সালে ইসলামি বিপ্লব ও মার্কিন দূতাবাস জিম্মি সংকটের পর পারস্য উপসাগর থেকে জ্বালানি নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ বাড়ে। ইরান-ইরাক যুদ্ধের সময় হরমুজ প্রণালীর ছোট দ্বীপগুলোতে সামরিক তৎপরতা চালিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি তৈরি করে ইরান।
UNCLOS-এর আওতায় প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে “innocent passage” ধারণার বদলে এসেছে “transit passage”, যা স্থল, জল ও আকাশপথে অবাধ চলাচল নিশ্চিত করে। তবে ইরান ও যুক্তরাষ্ট্র—দুই দেশই এখনো UNCLOS অনুস্বাক্ষরকারী নয়। ফলে তারা এর সুবিধা বা সুরক্ষা কোনোটি-ই দাবি করতে পারে না।
বাণিজ্যিক চুক্তিগুলো আজকের বৈশ্বিক বাণিজ্যের মেরুদণ্ড, যা পক্ষগুলোর ব্যক্তিগত বিশ্বাসের চেয়ে আইনি কাঠামোর ওপর নির্ভর করে। যদিও হরমুজ প্রণালীকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বেশি, চুক্তির আইনগত ভিত্তি এখনো কার্যকর রয়েছে।
ইরান যতই হুমকি দিক, এখন পর্যন্ত তারা কখনো হরমুজ প্রণালী বন্ধ করেনি। অপরদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এ অঞ্চলে তাদের উপস্থিতি বজায় রেখেছে। ফলে এখন পর্যন্ত এক ধরনের ভঙ্গুর অথচ স্থায়ী ভারসাম্য বজায় রয়েছে।

