যুক্তরাষ্ট্রের বাজেটে রেকর্ড পরিমাণ শুল্ক আয় হয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসেই শুল্ক থেকে রাজস্ব আদায় ছাড়িয়েছে ১০০ বিলিয়ন ডলার। শুধু জুন মাসেই এই খাত থেকে আয় হয়েছে প্রায় ২৭ বিলিয়ন ডলার। ফলে বাজেটে চমকপ্রদভাবে ২৭ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। খবর রয়টার্সের।
বিভাগটির মতে, মাত্র চার মাসে শুল্ক রাজস্ব দ্বিগুণ হয়ে এখন এটি দেশের চতুর্থ বৃহত্তম আয়ের উৎসে পরিণত হয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে শুল্ক বাবদ মোট আদায় হয়েছে ১১৩.৩ বিলিয়ন ডলার। তবে রিফান্ড ও ভাতা ফেরতের পর প্রকৃত আয় দাঁড়িয়েছে ১০৮ বিলিয়নে, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এখন এই আয় যুক্তরাষ্ট্রের মোট বাজেট রাজস্বের প্রায় ৫ শতাংশ—যেখানে ঐতিহাসিকভাবে এই হার ছিল মাত্র ২ শতাংশ।
জুন মাসে বাজেট আয়ের নতুন রেকর্ড হয়েছে ৫২৬ বিলিয়ন ডলার। গত বছর এই সময়ে যেখানে বাজেট ঘাটতি ছিল ৭১ বিলিয়ন ডলার, এবার সেখানে উদ্বৃত্ত এসেছে ২৭ বিলিয়ন। ব্যয় কমেছে ৩৮ বিলিয়ন ডলার। তবে ট্রেজারি বিভাগ জানিয়েছে, কিছু রাজস্ব ও ভাতা পরিশোধের সময়সীমা পেছানোর কারণে প্রকৃত ঘাটতি হতে পারত প্রায় ৭০ বিলিয়ন ডলার।
এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আগামী ১ আগস্ট থেকে তাঁর প্রস্তাবিত নতুন ‘পাল্টাপাল্টি শুল্ক’ কার্যকর হলে যুক্তরাষ্ট্রে “বড় অঙ্কের অর্থ” প্রবাহিত হবে। ইতোমধ্যে তাঁর প্রশাসন ঘোষণা দিয়েছে, ব্রাজিল ও তামার পণ্যের ওপর ৫০ শতাংশ এবং কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক বসানো হবে। পাশাপাশি চিপ ও ওষুধ খাতেও নতুন করে শুল্ক আরোপের কথা জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক পোস্টে লিখেছেন, “ট্রাম্প যখন দেশের অর্থনৈতিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় কাজ করছেন, তখন ট্রেজারির বিবরণীতে দেখা যাচ্ছে রেকর্ড কাস্টমস আয়—তাও আবার কোনো মুদ্রাস্ফীতি ছাড়াই!”
ট্রেজারির হিসাব বলছে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে বাজেট আয় বেড়ে দাঁড়িয়েছে ৪ ট্রিলিয়ন ডলারের বেশি। ব্যয় পৌঁছেছে ৫.৩৪৬ ট্রিলিয়ন ডলারে। এই সময়ে কেবল ঋণের সুদ পরিশোধেই ব্যয় হয়েছে ৯২১ বিলিয়ন ডলার।
অর্থনীতিবিদদের মতে, ব্যবসা ও ভোক্তারা আগেভাগে পণ্য কিনে শুল্ক এড়ানোর চেষ্টা করায় রাজস্বের বাস্তব চিত্র পেতে আরও সময় লাগতে পারে। তবে নতুন শুল্ক হার পুরোপুরি কার্যকর হলে মাসিক আয় আরও ১০ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে বলে মনে করছেন তারা। তবে তারা সতর্ক করেছেন, সরকার অতিরিক্তভাবে শুল্ক আয়ের ওপর নির্ভরশীল হয়ে উঠলে তা ভবিষ্যতের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
তবু ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, আগামী মাসগুলোতে তারা শুল্ক বৃদ্ধির উদ্যোগ চালিয়ে যাবে।

