বিশ্বের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় ডিজিটাল মুদ্রা বিটকয়েন আবারও ইতিহাস গড়েছে। সোমবার (১৪ জুলাই) প্রথমবারের মতো এই ক্রিপ্টোকারেন্সির দাম ১ লাখ ২০ হাজার ডলার ছাড়িয়ে গেছে, যা বিনিয়োগকারীদের মাঝে নতুন করে আস্থার জোয়ার বইয়ে দিয়েছে।
মূলত যুক্তরাষ্ট্রে ডিজিটাল অ্যাসেট খাতের জন্য কাঙ্ক্ষিত নীতিমালার সম্ভাবনা ঘিরে এই দাম বৃদ্ধির বড় কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই এই খাতের জন্য একটি স্পষ্ট ও স্থিতিশীল নীতিমালা চেয়ে আসছেন বিনিয়োগকারীরা।
সোমবার থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এই বিষয়ক একাধিক বিল নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর আগে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘ক্রিপ্টো প্রেসিডেন্ট’ হিসেবে উল্লেখ করে বলেছেন, তিনি চান ক্রিপ্টোখাত যেন আরও মুক্তভাবে বিকশিত হতে পারে।
এই রাজনৈতিক সহানুভূতি ও নীতিগত আশ্বাসের জোড়েই সোমবার এশিয়া অঞ্চলের লেনদেনে বিটকয়েনের দাম পৌঁছে যায় ১ লাখ ২১ হাজার ২০৭.৫৫ ডলারে, যা এই মুদ্রার সর্বকালের সর্বোচ্চ। পরে কিছুটা কমে তা দাঁড়ায় ১ লাখ ২০ হাজার ৮৫৬.৩৪ ডলারে, তবে তবুও এটি একটি বিশাল মাইলফলক।
চলতি বছর এখন পর্যন্ত বিটকয়েনের মূল্য ২৯ শতাংশ বেড়েছে। এমনকি ট্রাম্প প্রশাসনের বিভিন্ন বাণিজ্যিক শুল্ক ও ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বিটকয়েনের এমন ঊর্ধ্বমুখী ধারা অনেককে চমকে দিয়েছে। এর প্রভাব পড়েছে অন্যান্য ডিজিটাল মুদ্রার ওপরেও।
উদাহরণস্বরূপ, ইথার—বিটকয়েনের পরে দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি—সোমবার পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৪৮.২৩ ডলার ছুঁয়েছে। পরে তা কিছুটা কমে ৩ হাজার ৩৬.২৪ ডলারে লেনদেন হয়।
ক্রিপ্টো বিশ্লেষকরা বলছেন, এই ধারাবাহিক বৃদ্ধি দেখাচ্ছে যে, বিশ্বের বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার, বিনিয়োগ এবং গ্রহণযোগ্যতা ধীরে ধীরে মূলধারার অর্থনৈতিক কাঠামোর অংশ হয়ে উঠছে।
অন্যদিকে, কয়েনমার্কেটক্যাপের সর্বশেষ তথ্য বলছে, পুরো ক্রিপ্টো খাতের মোট বাজারমূল্য এখন দাঁড়িয়েছে প্রায় ৩.৭৮ ট্রিলিয়ন ডলারে, যা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

