দেশের ডলার বাজারে এখন দেখা যাচ্ছে নতুন এক প্রবণতা। চাহিদা কমতে থাকলেও বাংলাদেশ ব্যাংক বিপরীত কৌশল নিচ্ছে। বাজারে দাম পড়ে যাওয়া ঠেকাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিয়মিত ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। এতে রিজার্ভ বাড়ার পাশাপাশি বাজারে আসছে স্থিতিশীলতার বার্তা।
সপ্তাহের প্রথম দুই কর্মদিবসে বাংলাদেশ ব্যাংক মোট ৪৮৪ মিলিয়ন ডলার (৪৮ কোটি ৪০ লাখ) কিনেছে। এর মধ্যে রোববার ১৭১ মিলিয়ন এবং মঙ্গলবার এক দিনেই ৩১৩ মিলিয়ন ডলার কেনা হয়।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ডলারের দর যখন ‘মধ্যবর্তী’ দরের নিচে নামে, তখনই হস্তক্ষেপ করা হয়। এতে একদিকে যেমন দর অতিরিক্ত পড়ে যায় না, অন্যদিকে ব্যাংকগুলোও ক্ষতির মুখ থেকে রক্ষা পায়। এই কৌশলেই বাজারে তৈরি হয়েছে স্থিতিশীলতা। বাংলাদেশ ব্যাংক সরাসরি নজর রাখছে বাজারে।
গতকাল ডলারের দাম এক দিনে বেড়ে দাঁড়িয়েছে ১২১ টাকা ১১ পয়সা, যা এর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বেশি। গতকাল বাজারে সর্বোচ্চ দর ছিল ১২১ দশমিক ৫০ টাকা, আর সর্বনিম্ন ১২০ দশমিক ৮০ টাকা। তার আগের দিন এই সীমা ছিল যথাক্রমে ১২০ দশমিক ১০ ও ১১৯ দশমিক ৫০ টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন—
“বাজার এখনো কিছুটা নিম্নমুখী; তবে সহনীয়। দর যাতে পড়ে না যায়, সে জন্য আমরা ডলার কিনছি। কত কিনব তা নির্দিষ্ট নয়, প্রয়োজনে নিলামের মাধ্যমে আরও কিনব।”
বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন,
“বড় অর্থ পাচারকারীরা এখন আর সক্রিয় নয়। কেউ জেলে, কেউ দেশ ছেড়েছে। ফলে ব্যাংকিং চ্যানেলে ডলারের প্রবাহ বেড়েছে। বাজারে বড় কোনো অস্থিরতা নেই।”
বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের কাছ থেকে ভিন্ন দামে ডলার কিনছে। কেউ ১২০ টাকায়, কেউ ১২১ টাকায় বিক্রি করেছে।
ফলে রেমিট্যান্স রেটেও একক দর নেই—একেক ব্যাংকে একেক রেট কার্যকর হচ্ছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন—
“কেন্দ্রীয় ব্যাংক বেশি দামে ডলার কিনলে বাজারে দর বাড়ে। তবে এবার চাহিদা কম থাকায় ১২১ টাকার ওপরে ওঠেনি।”
এদিকে, গত বছর যেসব ব্যাংকে ডলারের সংকট ছিল, এখন তারা উদ্বৃত্ত ডলারে পরিপূর্ণ।
বর্তমানে ব্যাংকিং খাতে ৫০ কোটি ডলারের বেশি উদ্বৃত্ত রয়েছে।
বাংলাদেশ ব্যাংক সুপারিশ করেছে—যেসব ব্যাংকের ডলার বেশি, তারা যেন সংকটে থাকা ব্যাংককে সরবরাহ করে।

