বিশ্বের আর্ন্তজাতিক জলাভূমি ক্ষয়ক্ষতির কারণে ২০৫০ সাল পর্যন্ত ৩৯ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হতে পারে। গতকাল মঙ্গলবার কনভেনশন অন ওয়েটল্যান্ডসের প্রকাশিত প্রতিবেদনে এ আশঙ্কা জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৯৭০ সাল থেকে বিশ্বব্যাপী জলাভূমির ২২ শতাংশ নিঃশেষ হয়েছে। এ জলাভূমিগুলোতে ফ্রেশ ওয়াটার যেমন পিটল্যান্ড, নদী ও হ্রদ, এবং উপকূলীয় সমুদ্রতীরবর্তী ম্যানগ্রোভ ও প্রবালপ্রাচীর অন্তর্ভুক্ত। এটি কোনো একক পরিবেশ ব্যবস্থার মধ্যে সর্বোচ্চ ক্ষতির হার।
জমির ব্যবহার পরিবর্তন, দূষণ, কৃষি সম্প্রসারণ, আক্রমণকারী প্রজাতি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব—যেমন সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধি ও খরার কারণে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়ছে। প্রতিবেদনটির প্রধান লেখক হিউ রবার্টসন বলেন, “ক্ষতি ও অবনতি এত বেশি যে আমরা অবহেলা করতে পারব না।” জলাভূমির নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য বছরে ২৭৫ থেকে ৫৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রয়োজন। তবে এখনকার ব্যয় এই চাহিদার থেকে অনেক কম, যা যথেষ্ট নয়।
বিশ্বব্যাপী ৪১১ মিলিয়ন হেক্টর জলাভূমি হারানো হয়েছে, যা প্রায় ৫০ কোটি ফুটবল মাঠের সমান। বাকি জলাভূমির এক-চতুর্থাংশই ক্ষয়প্রাপ্ত বলে শনাক্ত হয়েছে। জলাভূমির অর্থনৈতিক গুরুত্ব ব্যাপক। এটি বন্যা নিয়ন্ত্রণ, জল পরিশোধন ও কার্বন সঞ্চয়ে ভূমিকা রাখে। এছাড়াও, মাছ ধরার ও কৃষি খাতকে সহায়তা দেয় এবং সাংস্কৃতিক দিক থেকেও মূল্যবান।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে কনভেনশন অন ওয়েটল্যান্ডসের পক্ষগুলোর বৈঠকের এক সপ্তাহ আগে। এটি একটি আন্তর্জাতিক চুক্তি, যা ১৭২টি দেশ স্বাক্ষরিত, ১৯৭১ সালে প্রবর্তিত। এর লক্ষ্য জলাভূমির সংরক্ষণ। বৈঠকে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ অংশ নেয়, তবে সব দেশের প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত নয়। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ানে জলাভূমির অবনতি বিশেষভাবে গুরুতর। ইউরোপ ও উত্তর আমেরিকাতেও এই অবস্থা ক্রমশ বাড়ছে। জলাভূমির পুনর্বাসন প্রকল্প ইতিমধ্যে জাম্বিয়া, কম্বোডিয়া ও চীনসহ কয়েকটি দেশে শুরু হয়েছে।

