বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্যিক ভারসাম্যে বড় ঘাটতি থাকা সত্ত্বেও ২০২৩ সালে রুপিতে বাণিজ্য চালু করে তৎকালীন সরকার। উদ্দেশ্য ছিল ডলার নির্ভরতা কমিয়ে চাপ হ্রাস করা। তবে বাস্তবে এই উদ্যোগ খুব একটা সাড়া ফেলতে পারেনি।
বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি হয় প্রায় দুই বিলিয়ন ডলারের, অথচ আমদানি হয় আট বিলিয়নের মতো। ফলে ছয় বিলিয়ন ডলারের ঘাটতি থেকেই যায়। রুপিতে বাণিজ্য চালু হলে বাংলাদেশকে এই পরিমাণ রুপি কিনেই পরিশোধ করতে হতো।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রুপির একমাত্র উৎস ভারত, তাই সংকটের সময় রুপির জোগান নিশ্চিত করা কঠিন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ডলার সহজলভ্য হলেও রুপির ক্ষেত্রে এ সুযোগ নেই। এ কারণে রুপিতে লেনদেন করলে বরং ভারতের ওপর নির্ভরতা আরও বাড়ে।
প্রাপ্ত তথ্যমতে, রুপিতে সর্বশেষ বাণিজ্য হয় ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর। সেদিন হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড ৫০ লাখ রুপির পণ্য আমদানি করে। এ পর্যন্ত বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ৩ কোটি ৪১ লাখ রুপির পণ্য, আর আমদানি হয়েছে ২ কোটি ৮৮ লাখ রুপির পণ্য। দুই দেশের বার্ষিক বাণিজ্য যেখানে ১০ বিলিয়ন ডলার, সেখানে রুপিতে লেনদেন একেবারেই অল্প।
অর্থনীতিবিদ আবু আহমেদ বলেন- “ভারত রুপি গ্রহণ করলেও তারা টাকায় লেনদেন করতে চায় না, তারা ডলারই চায়। ফলে এ ব্যবস্থায় খুব বেশি কার্যকারিতা দেখা যায়নি।”
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ বলেন, “রুপিতে বাণিজ্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত। ডলারের বিকল্প হিসেবে রুপিকে গ্রহণ করার চেষ্টা ছিল মূলত ভারতকে খুশি করার অংশ।” তার মতে, ডলারকে চ্যালেঞ্জ জানাতে এবং ভারতের সঙ্গে রাজনৈতিক সুসম্পর্কের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ডলার সংকট মোকাবিলায় রুপির প্রচলন হয়। ২০২২ সালের ডিসেম্বরে দুই দেশের বাণিজ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারত রুপিতে লেনদেনের প্রস্তাব দেয়। দেশে ফিরে তৎকালীন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও তা সমর্থন করেন।
ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন এ খান তখন বলেছিলেন- “রুপিতে লেনদেন শুরু হলে অন্তত ২০০ কোটি ডলার সাশ্রয় হবে।” যদিও পরে তার মন্তব্য জানতে চাওয়া হলে তিনি সাড়া দেননি।
বারভিডার সভাপতি আবদুল হক বলেন, রুপির ব্যবহার যুক্তিযুক্ত হলেও বাণিজ্য ঘাটতির কারণে সেটি কার্যকর হয়নি। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “রুপিতে লেনদেনে ডলার সংকট কমবে না, বরং বাড়বে। কারণ ভারত রুপি পরিশোধ করলেও বাংলাদেশ সেই রুপিকে ডলারে রূপান্তর করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে।”
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মুদ্রা হিসেবে রুপি এখনো গ্রহণযোগ্যতা পায়নি। ভারত বহুদিন ধরেই তাদের মুদ্রাকে বৈশ্বিক পর্যায়ে নিতে চায়। শেখ হাসিনার শাসনামলে এ উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তা করা হয়।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ভারতের সঙ্গে ২০টি চুক্তি ও ৬৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে, যেখানে ভারতের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
শেষ পর্যন্ত, ডলারের সংকট, বৈদেশিক ঋণের বোঝা এবং রিজার্ভের পতনের সময় ভারতীয় রুপির প্রচলন করা হলেও তাতে দীর্ঘমেয়াদি কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। বরং সরকারের পতনের পর অর্থনীতির অবস্থা ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে। বর্তমানে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, ডলারের জোগান বেড়েছে ও আমদানি খাতে স্বস্তি ফিরেছে।

