রাশিয়ার জ্বালানি খাতকে চাপ দিতে এবার ভারতের একটি বড় তেল শোধনাগারকে নিষেধাজ্ঞার আওতায় আনলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গুজরাটের ভাদিনারে অবস্থিত এই শোধনাগার পরিচালনা করে নায়ারা এনার্জি লিমিটেড, যার ৪৯.১৩ শতাংশ মালিকানা রয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রসনেফট-এর হাতে।
ইউরোপীয় কমিশনের বিবৃতিতে জানানো হয়, এটি ইইউর ১৮তম নিষেধাজ্ঞা প্যাকেজের অংশ। এ প্যাকেজে আরও ১৪ ব্যক্তি ও ৪১টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে এখন মোট নিষিদ্ধ ব্যক্তি-প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ২৫০০-এর বেশি।
নতুন নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার তেল পরিবহনে ব্যবহৃত জি-৭ জাহাজ ও বিমা সুবিধার ক্ষেত্রে মূল্যসীমা কমিয়ে আনা হয়েছে। আগে যা ছিল ৬০ ডলার, তা এখন নামিয়ে করা হয়েছে ৪৭.৬ ডলার—যা রাশিয়ার তেলের গড় বাজারমূল্যের ১৫ শতাংশ কম।
যদিও জি-৭ দেশগুলোর সবাই এই সীমা নেয়নি, তবে যুক্তরাজ্য ইতোমধ্যে এই সীমা কার্যকর করেছে, নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
ইইউ ঘোষণা দিয়েছে, রাশিয়ান তেল থেকে উৎপাদিত পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি থাকবে। একই সঙ্গে নর্ড স্ট্রিম ১ ও ২ গ্যাস পাইপলাইনের সব ধরনের লেনদেনও নিষিদ্ধ করা হয়েছে।
এই নিষেধাজ্ঞা শুধু পণ্য নয়, ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপরও প্রযোজ্য হবে। নায়ারা এনার্জির বিরুদ্ধে থাকবে সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা ও আর্থিক লেনদেন বন্ধের মতো কঠোর পদক্ষেপ।
নিষেধাজ্ঞার আওতায় এসেছে রাশিয়ার তথাকথিত ছায়া জাহাজবহরের (Shadow Fleet) ১০৫টি জাহাজ। এসব জাহাজ এখন থেকে ইইউ বন্দর ও নৌসেবা গ্রহণ করতে পারবে না। ফলে নিষিদ্ধ জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৪-এ।
একটি অজ্ঞাত পতাকার অধীন নিবন্ধিত জাহাজের অপারেটর এবং একটি জাহাজের ক্যাপ্টেনকেও নিষিদ্ধ তালিকায় রাখা হয়েছে।
রুশ ব্যাংক খাতে নিষেধাজ্ঞা আরও বিস্তৃত করা হয়েছে। এখন ৪৫টি ব্যাংকের ওপর সম্পূর্ণ লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ২৬টি নতুন প্রতিষ্ঠানকেও নিষিদ্ধ তালিকায় যোগ করা হয়েছে, যারা রাশিয়াকে দ্বৈত-ব্যবহারযোগ্য (সামরিক ও বেসামরিক) পণ্য সরবরাহ করছিল।
একই দিনে যুক্তরাজ্যও নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ (GRU)-র ওপর। নিষেধাজ্ঞার আওতায় এসেছে সংস্থার ৩টি ইউনিট ও ১৮ জন গোয়েন্দা কর্মকর্তা।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, “জিআরইউ ইউরোপকে অস্থিতিশীল করতে এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে সাইবার হামলা চালিয়ে আসছে।”
যুক্তরাজ্যের তথ্যমতে, ২০২২ সালে মারিউপোল থিয়েটারে বিমান হামলা, যেখানে শতাধিক মানুষ নিহত হয়েছিল, তাতে এই ইউনিটগুলোর ভূমিকা ছিল। সের্গেই স্ক্রিপাল ও তাঁর মেয়ে ইউলিয়ার ওপর হামলার জন্যও এই সংস্থার কয়েকজন সদস্যকে দায়ী করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে ব্রিটেনের সালিসবারিতে ‘নভিচক’ নার্ভ এজেন্ট দিয়ে তাঁদের হত্যাচেষ্টা চালানো হয়েছিল।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে নায়ারার অংশীদারিত্ব বিক্রি নিয়ে আলোচনা চলছে। এটি ভবিষ্যতে নিষেধাজ্ঞার প্রভাব এড়ানোর কৌশল হিসেবে দেখা হচ্ছে।
ইইউর শীর্ষ কূটনীতিক কায়া কাল্লাস বলেন, “এই প্রথমবার আমরা পতাকাবাহী নিবন্ধন সংস্থা ও ভারতের একটি রসনেফট-সম্পৃক্ত শোধনাগারকে নিষেধাজ্ঞার আওতায় আনলাম।”
এই পদক্ষেপ শুধু রাশিয়ার জ্বালানি অর্থনীতিকেই নয়, বিশ্ববাজারেও প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে, যেসব দেশ এখনো রাশিয়ার তেলের ওপর নির্ভরশীল—তাদের বিকল্প উৎস খুঁজতে হবে শিগগিরই।

