বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের আর্থিক সেবার আওতায় আসার হার কমেছে। বিশ্বব্যাংকের সর্বশেষ ফিনডেক্স রিপোর্ট বলছে, ২০২৪ সালে দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে মাত্র ৪৩ শতাংশের একটি বৈধ অ্যাকাউন্ট রয়েছে—যেটি হতে পারে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা অন্য কোনো বৈধ আর্থিক প্রতিষ্ঠানে। ২০২১ সালে এই হার ছিল ৫৩ শতাংশ।
এদিকে বিশ্বব্যাপী আর্থিক অন্তর্ভুক্তির হার বেড়েছে। ২০২১ সালে যেখানে বৈশ্বিক হিসাবধারীর হার ছিল ৭৪ শতাংশ, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ শতাংশে। অর্থাৎ, বিশ্বব্যাপী মানুষ আরও বেশি আর্থিক সেবার আওতায় আসছে কিন্তু বাংলাদেশে চিত্রটি তার বিপরীত।
বাংলাদেশের চেয়ে দক্ষিণ এশিয়ায় শুধু পাকিস্তানের অবস্থান খারাপ। অন্যদিকে ভারতে হিসাবধারীর হার দাঁড়িয়েছে ৮৯ শতাংশ, যা অঞ্চলটির মধ্যে সর্বোচ্চ।
বাংলাদেশে শুধু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হিসাব রয়েছে ২৩ শতাংশ প্রাপ্তবয়স্কের, যা ২০২১ সালের ২৪ শতাংশ থেকে কমে এসেছে।
ব্যাংক ও এমএফএস মিলিয়ে অ্যাকাউন্ট আছে মাত্র ১০ শতাংশের। আর শুধু মোবাইল লেনদেনভিত্তিক অ্যাকাউন্ট রয়েছে ২০ শতাংশের, যেখানে ২০২১ সালে এই হার ছিল ২৯ শতাংশ।
২০২৪ সালে আর্থিক সেবায় নারী ও পুরুষের মধ্যে ব্যবধান আরও বেড়েছে। নারীদের অ্যাকাউন্ট থাকার হার ৩৩ শতাংশ, যেখানে পুরুষদের ক্ষেত্রে এই হার ৫৪ শতাংশ।
২০২১ সালে নারীদের হার ছিল ৪৪ শতাংশ, পুরুষের ৬৩ শতাংশ।
ডিজিটাল পেমেন্ট ব্যবহারের হারেও পার্থক্য রয়েছে—নারীদের ২৭ শতাংশ, পুরুষদের ৪৫ শতাংশ।
ফলে ‘জেন্ডার গ্যাপ’ বা লিঙ্গভিত্তিক ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ২১ শতাংশ পয়েন্ট। ২০২১ সালে এই ব্যবধান ছিল ১৯ শতাংশ পয়েন্ট।
বিশ্বব্যাংকের রিপোর্টে সরাসরি কোনো ব্যাখ্যা দেওয়া না হলেও ধারণা করা হচ্ছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) অ্যাকাউন্টের সংখ্যা কমে যাওয়াই মূল কারণ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বরে এমএফএসে নিবন্ধিত অ্যাকাউন্ট ছিল ১৬ কোটি ৯৭ লাখ।
বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১৪ কোটি ৫০ লাখে।
ফিনডেক্স রিপোর্ট ২০২৫ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। এতে ১৪১টি দেশের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এই প্রতিবেদনে মূলত দেখা হয়—প্রাপ্তবয়স্করা কিভাবে অর্থ সঞ্চয় করেন, ঋণ গ্রহণ করেন, পেমেন্ট করেন এবং আর্থিক ঝুঁকি মোকাবিলা করেন।
বাংলাদেশের সামগ্রিক চিত্র বলছে, আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে দেশ পিছিয়ে পড়ছে, যা অর্থনীতির দীর্ঘমেয়াদি ভিত্তিকে দুর্বল করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

