‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’ সিনেমায় ব্যবহৃত একটি চাবুক নিলামে বিক্রি হয়েছে ৫ লাখ ২৫ হাজার ডলারে। যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনসের আয়োজনে বৃহস্পতিবার এ নিলাম অনুষ্ঠিত হয়।
নিলামঘর জানিয়েছে, চলমান ‘সামার এন্টারটেইনমেন্ট অকশন’ এ বিনোদন সম্পর্কিত আইটেম বিক্রিতে এটি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ মূল্য। চাবুকটি হ্যারিসন ফোর্ড অভিনীত সিনেমার শেষ দৃশ্যে ‘হলি গ্রেইল ট্রায়াল’ অংশে ব্যবহার করা হয়েছিল। পরে এটি যুক্তরাজ্যের প্রিমিয়ারে প্রিন্স চার্লসকে উপহার হিসেবে দেওয়া হয়। পরে এটি প্রিন্সেস ডায়ানার হাতে পৌঁছায়। তিনি বর্তমান মালিককে উপহার দেন। তবে নতুন মালিকের পরিচয় গোপন রাখা হয়েছে।
হেরিটেজ অকশনসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জো ম্যাডালেনা বলেন, “চাবুকটি সিনেমার ইতিহাসে আইকনিক চরিত্রের প্রতীক হিসেবে বিবেচিত। এটি এবারের নিলামের বড় আকর্ষণ ছিল।” তবে নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছে ‘সিটিজেন কেইন’ সিনেমার রোজবাড স্লেজ। এটি বিক্রি হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ডলারে।
‘গ্রিমলিনস’ সিনেমার পরিচালক জো দান্তে ১৯৮৪ সালে আরকেও পিকচারসের একটি সেটে কাজ করার সময় এই স্লেজটি (তুষার অঞ্চলে চলার যান) খুঁজে পান। পরে চারটি সিনেমায় এটি ব্যবহার করেন। এটি ‘সিটিজেন কেইন’ সিনেমার তিনটি স্লেজের একটি। অন্য দুটি কিনেছিলেন স্টিভেন স্পিলবার্গ ও এক অজ্ঞাতনামা ব্যক্তি। এছাড়া নিলামে এখনও অবিক্রীত রয়েছে ‘হোম অ্যালোন’ সিনেমার বিখ্যাত টুপি, ‘কিল বিল’ সিনেমার তলোয়ার এবং জে কে রাওলিংয়ের স্বাক্ষরিত ‘হ্যারি পটার’ বইয়ের প্রথম সংস্করণ।

