তুরস্ক ও যুক্তরাজ্য একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। এর মাধ্যমে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানের ব্যবহারকারী রাষ্ট্র হিসেবে তুরস্কের অন্তর্ভুক্তি নিশ্চিত হয়েছে। দীর্ঘ আলোচনার পর স্বাক্ষরিত এই চুক্তিকে আঙ্কারার জন্য যুদ্ধবিমান সংগ্রহে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
তুরস্ক ৪০টি ইউরোফাইটার টাইফুন বিমান কেনার বিষয়ে অনেকদিন ধরে আলোচনা চালিয়ে আসছিল। এই যুদ্ধবিমান তৈরি করে একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম, যার সদস্য দেশ হলো জার্মানি, যুক্তরাজ্য, ইতালি ও স্পেন। কনসোর্টিয়ামটির পক্ষে প্রতিনিধিত্ব করছে এয়ারবাস, বিএইই সিস্টেমস ও লিওনার্দো।
এর আগে জার্মানির প্রভাবশালী ম্যাগাজিন ডার স্পিগেল এক প্রতিবেদনে জানায়, দেশটির ফেডারেল সিকিউরিটি কাউন্সিল তুরস্কে ৪০টি টাইফুন রপ্তানির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে। এর ফলে এসব বিমান হস্তান্তরে আর কোনো বড় বাধা থাকছে না। বিশ্লেষকদের মতে, এই চুক্তি শুধু তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে না, বরং ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পের সঙ্গে আঙ্কারার সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে। এতে দুই পক্ষের কৌশলগত অংশীদারত্বের একটি নতুন অধ্যায় শুরু হলো।

