বাংলাদেশ ব্যাংকে এবার প্রথমবারের মতো সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত পোশাকের নির্দেশনা জারি করা হয়েছে। পুরুষদের জন্য ফরমাল শার্ট এবং প্যান্ট পরার নিয়ম থাকলেও নারী কর্মীদের ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক, লেগিংস না পরার পরামর্শ দেওয়া হয়েছে।
২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে এ নির্দেশনা জারি করা হয় বলে বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্র জানিয়েছে।
নির্দেশনায় বলা হয়, সামাজিক প্রেক্ষাপট ও পেশাদার পরিবেশ বিবেচনায় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের মার্জিত ও শালীন পোশাক পরিধান করতে হবে।
পুরুষ কর্মীদের জন্য নির্ধারিত হয়েছে ফরমাল লম্বা বা হাফ হাতার শার্ট, ফরমাল প্যান্ট ও জুতা। জিন্স ও গ্যাবার্ডিন প্যান্ট নিষিদ্ধ।
নারীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ, ওড়না ও অন্যান্য শালীন পেশাদার পোশাক নির্ধারণ করা হয়েছে। পোশাকের রং হতে হবে সাদামাটা ও পেশাদার। ফরমাল স্যান্ডেল, হিজাব বা হেডস্কার্ফ পরার কথা বলা হয়েছে। তবে শর্ট স্লিভ পোশাক, ছোট দৈর্ঘ্যের ড্রেস ও লেগিংস পরা যাবে না।
এই নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, নারী কর্মীদের প্রতি আচরণের ক্ষেত্রে ‘বাংলাদেশ ব্যাংক স্টাফ রেগুলেশন ২০০৩’-এর ৩৯ নম্বর ধারা মেনে চলতে হবে। যৌন হয়রানির অভিযোগ ঘটনার ৩০ কর্মদিবসের মধ্যে গঠিত কমিটির কাছে পাঠাতে হবে। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘একই প্রতিষ্ঠানে কাজ করলে সবার পোশাক যদি একই ধাঁচের হয়, তাহলে অফিসের পরিবেশ আরও পেশাদার হয়। এ কারণেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।’
তবে নারীদের পোশাক নিয়ে এমন নির্দেশনায় সমালোচনা করেছেন নারী নেত্রীরা। তাদের বক্তব্য, স্কুল-কলেজে নিয়ম শেখানোর জন্য ইউনিফর্ম থাকলেও, বাংলাদেশ ব্যাংকের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পোশাকের বাধ্যবাধকতা অপ্রাসঙ্গিক। তারা প্রশ্ন তুলেছেন—এটা কি বাংলাদেশ ব্যাংকের মূল দায়িত্বের মধ্যে পড়ে?
এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, ব্যাংকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ কর্মীদের মধ্যে পোশাকের ধরনে পার্থক্য রয়েছে। এতে মানসিক দূরত্ব তৈরি হয়। সেই ব্যবধান কমিয়ে বোঝাপড়া বাড়াতেই এই পরামর্শমূলক নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আশ্বস্ত করেন, এতে কেউ হিজাব বা বোরকা পরতে বাধ্য হবে না, আবার কেউ চাইলে সেটিও পরতে পারবেন। মূলত অতিরিক্ত কারুকার্যপূর্ণ বা অপ্রাসঙ্গিক পোশাক নিরুৎসাহিত করতেই এই উদ্যোগ।

