বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ আবারো ১০৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ২০২৪ সালের মার্চ শেষে ঋণের পরিমাণ দাঁড়ায় ১০৪.৭৬ বিলিয়ন ডলারে, যা চলতি সরকারের ৯ মাসের শাসনকালে বেড়েছে ১.৩৫ বিলিয়ন ডলার।
এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে ঋণের অঙ্ক প্রথমবারের মতো ১০৪ বিলিয়ন ডলার ছাড়ায়। পরে ডিসেম্বরে কিছুটা কমলেও আবার মার্চে তা আগের অবস্থানে ফিরে যায়।
অর্থনীতি বিশ্লেষকরা বলছেন- আগের সরকারের সময়ে প্রতিশ্রুত অনেক বিদেশি ঋণ এখন বাস্তবায়নের পর্যায়ে আসছে। তবে শুধু ঋণ গ্রহণ নয়—এই অর্থ সঠিক খাতে ব্যয় হচ্ছে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।
প্রতি বছর অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ নিয়ে বাজেট ঘাটতি মেটানোর চেষ্টা করে সরকার। কিন্তু গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের সময় উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়নের জন্য ব্যাপক ঋণ নেওয়া হয়। বড় বড় অবকাঠামো প্রকল্প হাতে নেওয়া হয় কিন্তু রাজস্ব আদায়ের কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।
এই পরিস্থিতিতে বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা বেড়েছে। সঙ্গে যোগ হয়েছে দুর্নীতি, অর্থপাচার এবং প্রশাসনিক ব্যর্থতা। অর্থনীতিবিদরা মনে করেন, এসব কারণে দেশের আর্থিক স্থিতিশীলতা এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান- ২০২৫ সালের মার্চে মাত্র ১ বিলিয়ন ডলার নতুন ঋণ যোগ হয়েছে। এটি পুরোনো প্রতিশ্রুত ঋণ, যেগুলো নির্ধারিত খাতে হস্তান্তর করা হয়েছে এবং ব্যবহারও শুরু হয়েছে।
সদ্যসমাপ্ত অর্থবছরে সরকার প্রায় ৬ বিলিয়ন ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে। এর মধ্যে ৪.৫ বিলিয়ন ডলার ছিল সরকারের সরাসরি দায়। বাকি ১.৫ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে আদানি বিদ্যুৎ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং পায়রা বন্দরের কয়লা আমদানির বিপরীতে।
এই বিপুল ঋণ পরিশোধের পরও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে কোনো চাপ পড়েনি। বর্তমানে রিজার্ভ থেকে সরাসরি ডলার বিক্রি বন্ধ রয়েছে। এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডলার সরবরাহ করে ঋণ পরিশোধ করা হচ্ছে। ফলে রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ার সুফল মিলছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে- গত অর্থবছরে কেন্দ্রীয় রিজার্ভে ৬.৯২ বিলিয়ন ডলার যোগ হয়েছে। ঋণ পরিশোধের পর নিট রিজার্ভে জমা হয় ২.৪৮ বিলিয়ন ডলার। একই সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে পরিশোধ করা হয় প্রায় ১.৫০ বিলিয়ন ডলার।
২০০৮ সালের শেষে সরকারের বৈদেশিক ঋণ ছিল ২২.৭৯ বিলিয়ন ডলার। ২০০৯ সালের শুরুতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর ঋণ বৃদ্ধি পেতে থাকে।
- ২০১৩ সালের শেষে ঋণের পরিমাণ দাঁড়ায় ৩১.৭৯ বিলিয়ন ডলার।
- ২০১৮ সালের শেষে তা হয় ৫৭.০৭ বিলিয়ন ডলার।
- ২০২৩ সালের ডিসেম্বরে ঋণ দাঁড়ায় ১০০.৬৪ বিলিয়ন ডলার।
পতনের সময় শেখ হাসিনা বিদেশি ঋণ রেখে যান ১০৩.৪১ বিলিয়ন ডলার। বর্তমান সরকার ৯ মাসে নতুন ঋণ নিয়েছে মাত্র ১.৩৫ বিলিয়ন ডলার।
অর্থনীতিবিদরা মনে করেন, আগের সরকার সময়কালে ঋণের পরিমাণ যে হারে বেড়েছে, তা এখনকার সরকারকে চাপে ফেলছে। বড় প্রকল্পের গ্রেস পিরিয়ড শেষ হয়ে যাওয়ায় এখন পরিশোধের চাপ বেড়েছে।
বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “১০৪ বিলিয়ন হোক বা তার বেশি—মূল প্রশ্ন হলো এই ঋণের অর্থ কতটা উৎপাদনশীল খাতে ব্যবহৃত হচ্ছে।”
তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদাহরণ দিয়ে বলেন, প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা ছিল ২০২৪ সালের ডিসেম্বরে। এখন সময়সীমা পিছিয়ে ২০২৬ এবং ২০২৭ পর্যন্ত গড়াচ্ছে। অথচ ঋণ পরিশোধ শুরু হয়ে গেছে।
তিনি আরও বলেন, আগের সরকারের সময় ঋণ নেওয়া হলেও বর্তমান সরকার দায় এড়াতে পারে না। কারণ, প্রশাসনের যে যন্ত্র সেই আগেরই আছে। সেখানে সংস্কার না হলে সিস্টেমিক ব্যর্থতা কাটবে না।

