যুক্তরাজ্যের কর্নওয়ালের এক ভাসকুলার সার্জনের বিরুদ্ধে নিজের দুই পা কেটে ফেলে প্রায় পাঁচ লাখ পাউন্ডের (বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি ২৭ লাখ) বীমা দাবি করার অভিযোগ উঠেছে। এনডিটিভির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
৪৯ বছর বয়সী ওই চিকিৎসকের নাম নীল হপার। তিনি দাবি করেছেন, সেপসিসের কারণে তার উভয় পা কেটে ফেলতে হয়। তবে আদালতে অভিযোগ উঠেছে, এটি তিনি পরিকল্পিতভাবে করেছিলেন বীমা অর্থ পাওয়ার জন্য।
আদালতের তথ্য অনুযায়ী, হপার দুটি বীমা প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের অর্থ পাওয়ার পরিকল্পনা করেছিলেন। এর মধ্যে অ্যারিভা গ্রুপ থেকে ২ লাখ ৩৫ হাজার ৬২২ পাউন্ড এবং ওল্ড মিউচুয়াল থেকে ২ লাখ ৩১ হাজার ৩১ পাউন্ড দাবি করেন।
তবে আরও ভয়াবহ তথ্যও সামনে এসেছে। অভিযোগে বলা হয়, হপার ইন্টারনেট থেকে ‘দ্য ইউনাচ মেকার’ নামের এক ওয়েবসাইটে ভয়ংকর অঙ্গচ্ছেদের ভিডিও কিনেছেন। পাশাপাশি, মারিয়ুস গুস্টাভসন নামে এক ব্যক্তি, যিনি এক চরম দেহরূপান্তর চক্রের নেতৃত্ব দেন, তাকে তৃতীয় ব্যক্তির দেহ থেকে অঙ্গ কেটে ফেলার জন্য উৎসাহ দিয়েছেন।
হপারের বিরুদ্ধে গুরুতর শারীরিক ক্ষতির উদ্দেশ্যে অন্যকে উৎসাহ ও সহায়তা করার অভিযোগ আনা হয়েছে। এসব ঘটনা ঘটেছে ২০১৮ সালের ২১ আগস্ট থেকে ২০২০ সালের ৪ ডিসেম্বরের মধ্যে।
তিনি ২০১৩ সাল থেকে রয়্যাল কর্নওয়াল হসপিটালস এনএইচএস ট্রাস্ট-এ চিকিৎসক হিসেবে কাজ করতেন। তবে ২০২৩ সালের মার্চে গ্রেপ্তার হওয়ার পর তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
হাসপাতাল ট্রাস্টের একজন মুখপাত্র জানিয়েছেন, “অভিযোগগুলো হপারের পেশাগত দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং রোগীদের জন্য কোনো ধরনের ঝুঁকির প্রমাণ মেলেনি।”
২০২৩ সালের ডিসেম্বর থেকে হপারকে মেডিকেল রেজিস্টার থেকেও বরখাস্ত করা হয়।

