ঘরে-বাইরে নানা চাপের মধ্যেও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে অটল রয়েছেন লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। গত বৃহস্পতিবার তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘এক টনও কয়লা’ ইসরায়েলে রপ্তানি হবে না।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর-এর খবরে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে এবার সরাসরি অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথ বেছে নিয়েছেন পেত্রো। তিনি দেশটির নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন—কলম্বিয়ার বন্দর থেকে ইসরায়েলগামী সব কয়লাবাহী জাহাজ আটকে দিতে।
এই সিদ্ধান্ত এমন সময় এল, যখন আগেই ইসরায়েলে কয়লা রপ্তানি নিষিদ্ধ করে আনুষ্ঠানিক এক সরকারি আদেশ জারি করেছিল পেত্রো সরকার। ওই সিদ্ধান্ত ছিল গাজায় মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে কলম্বিয়ার কূটনৈতিক অবস্থানের প্রতীক। তবে প্রেসিডেন্ট পেত্রোর অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও সরকারের ভেতরের কিছু কর্মকর্তা ইসরায়েলে কয়লা রপ্তানির অনুমোদন দিয়ে সরকারি নীতি দুর্বল করছেন। গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, “আজও ইসরায়েলের উদ্দেশে একটি সম্পূর্ণ কয়লাবাহী জাহাজ ছেড়ে দেওয়া হয়েছে। এটি আমার সরকারের জন্য একটি চ্যালেঞ্জ।”
তিনি আরও জানান, নৌবাহিনীকে ইসরায়েলগামী জাহাজ আটকে দেওয়ার লিখিত নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “এক টন কয়লাও ইসরায়েলে যাবে না।” পেত্রোর এই ঘোষণায় নতুন করে চাপে পড়েছে গ্লেনকোর ও ড্রামন্ডের মতো বহুজাতিক খনিজ কোম্পানিগুলো। তারা কলম্বিয়ার বৃহত্তম উন্মুক্ত কয়লা খনি সেরেজোন পরিচালনা করে। এসব কোম্পানির দাবি, তারা আগের রপ্তানি নিষেধাজ্ঞার আইনি ব্যতিক্রম মেনেই ব্যবসা চালাচ্ছে। তবে পেত্রোর অভিযোগ, করপোরেট চাপে ও অভ্যন্তরীণ দুর্নীতিতে বেআইনিভাবে রপ্তানি হচ্ছে কয়লা। তার ভাষায়, “যদি তারা আমাদের কথা না শোনে, তাহলে এই সরকার মিথ্যাবাদী বলে বিবেচিত হবে।”
এতেই থেমে থাকেননি পেত্রো। তিনি শ্রমমন্ত্রী গ্লোরিয়া ইনেস রামিরেজকে কয়লা খাতের শ্রমিক ইউনিয়নগুলোর সঙ্গে জরুরি বৈঠকের নির্দেশ দেন। একই সঙ্গে সেরেজোন খনির আশপাশের ওয়াইউ আদিবাসীসহ ক্ষতিগ্রস্ত আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে পরামর্শ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। ইসরায়েলের সঙ্গে কলম্বিয়ার দূরত্ব নতুন নয়। ২০২৪ সালেই পেত্রো সরকার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং ইসরায়েলি সামরিক সরঞ্জাম কেনাও বন্ধ করে দেয়। গাজার বিষয়ে নেতানিয়াহু সরকারের অন্যতম কড়া সমালোচক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান পেত্রো।
গাজাবিষয়ক আঞ্চলিক উদ্যোগ হিসেবেই কলম্বিয়া গত ১৫ জুলাই রাজধানী বোগোটায় জরুরি মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করে। সেখানে ৩০টির বেশি দেশের প্রতিনিধি গাজার পক্ষে সমন্বিত প্রতিক্রিয়া গঠনে অংশ নেন। একই সপ্তাহে প্রেসিডেন্ট প্রাসাদ কাসা দে নারিও ফিলিস্তিনি পতাকায় সাজানো হয়। এমন কঠোর অবস্থান যখন নেওয়া হয়েছে, তখন কলম্বিয়ার কয়লা খাত নিজেই বড় চাপে। চলতি অর্থবছরে টানা পাঁচ ত্রৈমাসিক ধরে খনিজ খাত সংকুচিত হয়েছে। সেরেজোন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালের মার্চে উৎপাদন ৫০ শতাংশের বেশি কমানো হবে। এর পেছনে রয়েছে রপ্তানি ব্যয় বৃদ্ধি ও নিয়ন্ত্রক অনিশ্চয়তা।
বিশ্বজুড়ে যখন অনেক দেশ গাজার মানবিক সংকট নিয়ে নিন্দা জানাতে ব্যস্ত, তখন কলম্বিয়া ব্যতিক্রমী ভূমিকা নিয়েছে। প্রেসিডেন্ট পেত্রো এক ধাক্কায় শুধু নীতিগত প্রতিবাদেই থেমে থাকেননি, বরং অর্থনৈতিকভাবে স্পষ্ট বার্তা দিয়েছেন—গাজায় নিরীহ মানুষের বিপক্ষে দাঁড়ানো দেশকে কলম্বিয়ার কয়লা দেবে না।

