চীনের দালিয়ান শহরের ঝোংশান জেলার পার্কল্যান্ড মলে অবস্থিত অ্যাপলের একটি স্টোর আগামী ৯ আগস্ট বন্ধ করে দেওয়া হবে। শপিং মলের পরিবেশ ও পরিস্থিতির পরিবর্তনের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
চীনে এটিই প্রথমবারের মতো কোনো রিটেইল স্টোর বন্ধ করছে অ্যাপল। এমন সময়ে এই পদক্ষেপ এলো, যখন প্রতিষ্ঠানটি দেশটিতে বিক্রি বাড়াতে নানা কৌশল গ্রহণ করছে। ফলে অনেকেই একে চাপে পড়ে ‘পিছু হটা’র ইঙ্গিত হিসেবে দেখছেন। তথ্যটি জানিয়েছে ফ্রি মালয়েশিয়া টুডে।
অ্যাপলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সব সময় অনলাইনে এবং বৃহত্তর চীনের ৫০টিরও বেশি অ্যাপল স্টোরে গ্রাহকদের সর্বোত্তম অভিজ্ঞতা দিতে চেষ্টা করি।’ প্রতিষ্ঠানটি জানায়, পার্কল্যান্ড মল থেকে অনেক প্রতিষ্ঠান তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ায় তারাও ওই স্টোরটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে দালিয়ানে অ্যাপলের দুটি স্টোর রয়েছে। এর একটি—অলিম্পিয়া ৬৬ শপিং কমপ্লেক্সে অবস্থিত—চালু থাকবে। তবে বন্ধ হতে যাওয়া স্টোরের কর্মীদের অন্য স্টোরে বদলি করে কাজের সুযোগ দেওয়া হবে।
উল্লেখ্য, চীনে অ্যাপলের মোট ৫৬টি স্টোর রয়েছে, যা প্রতিষ্ঠানটির বিশ্বব্যাপী ৫৩০টির বেশি আউটলেটের প্রায় ১০ শতাংশ। চীনের বাজারে আবারও অবস্থান সুসংহত করতে কাজ করছে অ্যাপল। চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটিতে তাদের বিক্রি ২ দশমিক ৩ শতাংশ কমে ১৬ বিলিয়ন ডলারে দাঁড়ায়। বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী এই সময়ে আয়ের পরিমাণ ১৬ দশমিক ৮ বিলিয়ন ডলার হওয়ার কথা ছিল।
তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৬ আগস্ট শেনজেনের একটি বড় শপিং মলে তারা নতুন স্টোর চালু করতে যাচ্ছে। পাশাপাশি আগামী এক বছরে বেইজিং ও সাংহাইয়েও নতুন স্টোর খোলার পরিকল্পনা রয়েছে।

