যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত শুল্ক থেকে রেহাই পেতে দেশটিকে একটি ‘প্যাকেজ প্রস্তাব’ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, “বাণিজ্য উপদেষ্টা গিয়েছেন প্যাকেজ নিয়ে। আরও কী কী কেনা যেতে পারে- তা নিয়ে আলোচনা হবে।”
সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। জানা গেছে, মঙ্গলবার ও বুধবার ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তারা বৈঠকে বসবেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত ৩৫ শতাংশ শুল্কের বোঝা থেকে মুক্তি পেতে বাংলাদেশ এরই মধ্যে দেশটির ৬২৬টি পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে। পাশাপাশি, মার্কিন বাণিজ্য ঘাটতি কমানোর কৌশলের অংশ হিসেবে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারিভাবে টিসিবির মাধ্যমে গম ও সয়াবিন তেল আমদানি শুরু করছে।
এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং মার্কিন উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার ঘোষণাও দেওয়া হয়েছে।
এ ধরনের আরও কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, “আরো আছে, কী কী আছে- সেটা এখন আমি বলব না। তিনি (বাণিজ্য উপদেষ্টা) ফিরে এলে তারপর বলব।”

