বিদ্যুৎ সংকট নিয়ে দেশের দীর্ঘদিনের উদ্বেগ কাটতে যাচ্ছে। আশার আলো দেখাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। দেশের প্রথম এ পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ এখন শেষ পর্যায়ে। এরই মধ্যে আটটি সঞ্চালন লাইনের মধ্যে তিনটি চালু হয়েছে। আশা করা হচ্ছে, চলতি বছরেই আরও দুটি চালু হবে। অবশিষ্ট তিনটি লাইনও চালু হবে আগামী বছরের মধ্যে।
তবে এর আগেই রূপপুর প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছে প্রকল্পসংশ্লিষ্ট সূত্র। বাস্তবে তা হলে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করবে।
বিশেষজ্ঞদের মতে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বাংলাদেশ বিদ্যুৎ ঘাটতির দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে। বিদ্যুৎ আমদানির ওপর নির্ভরতা কমে আসবে। দেশ হয়ে উঠবে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। এমনকি এখনই চাইলেই বিদ্যুৎ সরবরাহ সম্ভব বলে জানা গেছে, তবে তা নির্ভর করছে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর।
রাশিয়ার অর্থায়নে পাবনার রূপপুরে নির্মিত হচ্ছে ১ লাখ ১৪ হাজার কোটি টাকার এই বিদ্যুৎ প্রকল্প। দুই ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রকল্পটি। প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সঞ্চালনের লক্ষ্যে চলছে চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা। সঙ্গে চারটি সঞ্চালন লাইনের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ সূত্র জানায়, রূপপুর থেকে গোপালগঞ্জ পর্যন্ত ৪০০ কেভির ১৫৮ কিলোমিটার দীর্ঘ সঞ্চালন লাইনটি ২০২৫ সালের ২ জুন চালু করা হয়। এটি প্রকল্পের প্রথম ইউনিটের বিদ্যুৎ সঞ্চালনের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর আগে ২০২২ সালের ৩০ জুন চালু হয় রূপপুর-বাঘাবাড়ী ২৩০ কেভি সঞ্চালন লাইন। এরপর ২০২৪ সালের ৩০ এপ্রিল চালু হয় রূপপুর-বগুড়া ৪০০ কেভি লাইন। প্রতিটি লাইনের বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা ২ হাজার মেগাওয়াট।
গত ১৫ জুন এই লাইনের মাধ্যমে ‘এনার্জাইজ’ করে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহও চালানো হয়। কোনো ত্রুটি ধরা পড়েনি। এনায়েত করিম, পিজিসিবির ঈশ্বরদী জয়নগরের প্রধান প্রকৌশলী, জানান, প্রথম ইউনিট চালু হলেই জাতীয় গ্রিডে সরাসরি বিদ্যুৎ সঞ্চালন সম্ভব হবে।
রূপপুর প্রকল্পের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের জন্য মোট আটটি সঞ্চালন লাইন রয়েছে। এর মধ্যে চারটি ৪০০ কেভি এবং চারটি ২৩০ কেভি ক্ষমতার। ৪০০ কেভির লাইনগুলো হলো:
- রূপপুর-বগুড়া
- রূপপুর-গোপালগঞ্জ
- রূপপুর-আমিনবাজার-কালিয়াকৈর (ডাবল সার্কিট)
আর ২৩০ কেভির লাইনগুলো হলো:
- রূপপুর-বাঘাবাড়ী (ডাবল সার্কিট)
- রূপপুর-ধামরাই
- রূপপুর-আমিনবাজার-কালিয়াকৈর, ২০২৬ সালের মধ্যে অবশিষ্ট লাইনগুলোর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

