Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের শুল্কনীতির ১২১ দিনে কী শিখল বিশ্ব: অর্থনীতি নাকি রাজনীতি?
    অর্থনীতি

    ট্রাম্পের শুল্কনীতির ১২১ দিনে কী শিখল বিশ্ব: অর্থনীতি নাকি রাজনীতি?

    মনিরুজ্জামানআগস্ট 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আবারও বাণিজ্যযুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। আগের মতো এবারও তাঁর অন্যতম প্রধান অস্ত্র—শুল্ক। এই শুল্ক আরোপের মাধ্যমে তিনি একযোগে কয়েকটি লক্ষ্য পূরণ করতে চাইছেন সরকারি রাজস্ব বাড়ানো, বাণিজ্য ঘাটতি কমানো এবং বিদেশি কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রেই পণ্য উৎপাদনে বাধ্য করা। তবে প্রশ্ন উঠছে—এই শুল্ক আসলে দেয় কে? এ অর্থ কোথায় যায়? আর এর প্রভাবই বা কাদের ওপর পড়ে?

    শুল্ক হলো একটি সরকারি কর, যা বিদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর বসানো হয়। যুক্তরাষ্ট্রে এই শুল্ক পরিশোধ করে দেশি আমদানিকারক প্রতিষ্ঠানগুলো, বিদেশি রপ্তানিকারকেরা নয়। অর্থাৎ পণ্য আমদানি করলে আমদানিকারককেই এ অতিরিক্ত খরচ দিতে হয়। এই অর্থ জমা পড়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টে (অর্থ মন্ত্রণালয়)।

    ওয়ালমার্ট ভিয়েতনাম থেকে ১০০ ডলারে একটি জুতা আমদানি করল। ট্রাম্পের নতুন শুল্ক অনুযায়ী, যদি এ পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক বসানো হয়, তবে ওয়ালমার্টকে অতিরিক্ত ২০ ডলার দিতে হবে সরকারকে। এই বাড়তি খরচ সামাল দিতে ওয়ালমার্টের হাতে কয়েকটি পথ খোলা। যেমন, ভিয়েতনামি প্রস্তুতকারককে কম দামে পণ্য দিতে চাপ দিতে পারে, নিজের লাভ কমাতে পারে, কিংবা পণ্যের দাম বাড়িয়ে এই খরচ চাপিয়ে দিতে পারে ভোক্তার ওপর। অনেক সময় প্রতিষ্ঠানগুলো একাধিক উপায় একসঙ্গে নেয়।

    ওয়ালমার্টের জন্য বাংলাদেশের কারখানায় তৈরি পোশাক উৎপাদন হয়।

    ট্রাম্পের লক্ষ্য:

    হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী, শুল্ক বসানোর মূল উদ্দেশ্য হলো বিদেশি কোম্পানির জন্য আমদানি ব্যয় বাড়ানো, যাতে তারা যুক্তরাষ্ট্রেই কারখানা স্থাপন করে। এতে দেশে কর্মসংস্থান বাড়বে, বাড়বে মজুরি। ট্রাম্পের দাবি, শুল্ক থেকে যে রাজস্ব আসবে, তা ব্যবহার করা হবে দেশের অভ্যন্তরীণ খাতে, যেমন কর কমানো ও অবকাঠামো উন্নয়নে।

    তবে অর্থনীতিবিদদের মতে, ট্রাম্পের এসব লক্ষ্য একসঙ্গে বাস্তবায়ন প্রায় অসম্ভব। অনেক সময় এগুলো পরস্পরবিরোধীও হয়। উদাহরণস্বরূপ, শুল্ক বাড়ালে আমদানিনির্ভর মার্কিন কোম্পানির উৎপাদন ব্যয় বেড়ে যায়। এতে তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। এ ছাড়া, কাঁচামালের দাম বাড়ায় দেশীয় উৎপাদকরাও ক্ষতিগ্রস্ত হন। ফলে সাধারণ ভোক্তার ওপর চাপ পড়ে। অর্থাৎ, যে শুল্ক বিদেশিদের ওপর চাপানোর কথা, তা শেষ পর্যন্ত দেশি ব্যবসা ও ভোক্তাদের ঘাড়েই গিয়ে পড়ে।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ট্রাম্পের শুল্কের সময়রেখা:

    প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার বলেছেন, তাঁর কাছে ‘শুল্ক’ শব্দটি অভিধানে সবচেয়ে সুন্দর শব্দ। প্রথম মেয়াদে যেমন ব্যাপক হারে শুল্ক আরোপ করেছিলেন, এবার দ্বিতীয় মেয়াদেও তেমন উদ্যোগ নিয়েছেন। ২০ জানুয়ারি ২০২৫ শপথ নেওয়ার পরপরই তিনি নতুন শুল্ক ঘোষণার আদেশ দেন।

    সময়রেখায় দেখা যাক, ১২১ দিনে কী কী হলো:

    ২০ জানুয়ারি ২০২৫: শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প ঘোষণা দেন—কানাডা ও মেক্সিকো থেকে আমদানি হওয়া সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসবে ১ ফেব্রুয়ারি থেকে। তাঁর অভিযোগ, এই দুই দেশ যুক্তরাষ্ট্রে মাদক ও অভিবাসী প্রবেশ ঠেকাতে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।

    ২৬ জানুয়ারি: এদিন ট্রাম্প সামাজিক মাধ্যমে ঘোষণা দেন—কলম্বিয়া থেকে আমদানি হওয়া সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ২৫ শতাংশ শুল্ক বসানো হবে এবং এক সপ্তাহের মধ্যে তা বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে। কারণ হিসেবে বলা হয়, কলম্বিয়া যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো অভিবাসীদের বহনকারী বিমান ফিরিয়ে দিয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো পাল্টা হুমকি দেন যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক বসানোর। পরে দুই দেশের মধ্যে উত্তেজনা কমে। হোয়াইট হাউস জানায়, কলম্বিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের সব শর্ত মেনে নিয়েছে, তাই শুল্ক আপাতত স্থগিত থাকবে।

    ১ ফেব্রুয়ারি ২০২৫: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে সই করেন। এতে কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত প্রায় সব পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়। ট্রাম্প জানান, তাঁর উদ্বেগের মূল কারণ হলো মাদক পাচার—বিশেষ করে ফেন্টানিল—ও অবৈধ অভিবাসন। এই ঘোষণার জবাবে কানাডা ও মেক্সিকো পাল্টা শুল্কের ঘোষণা দেয়। চীন জানায়, তারা ‘প্রতিশোধমূলক ব্যবস্থা’ নেবে।

    একটি নির্বাহী আদেশে সই করার পর সেটি দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ২ ফেব্রুয়ারি: শুল্ক আরোপের সিদ্ধান্তে প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনায় মুখর হন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের দাবি, এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় ক্ষতির কারণ হতে পারে। ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে লেখেন, “কিছুটা কষ্ট হবে? হ্যাঁ, হতে পারে (আবার না–ও হতে পারে!)”—এতে তিনি শুল্কের নেতিবাচক প্রভাবের বিষয়টি আংশিক স্বীকার করেন।

    ৩ ফেব্রুয়ারি: ট্রাম্প জানিয়ে দেন, কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক ৩০ দিনের জন্য স্থগিত থাকবে। তবে একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দেন।

    ৪ ফেব্রুয়ারি: চীনের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হয়। জবাবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্কসহ নানা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করে।

    ৭ ফেব্রুয়ারি: ট্রাম্প ঘোষণা দেন, তিনি বাণিজ্যযুদ্ধ আরও বাড়াবেন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার দেশগুলোর ওপর পাল্টা শুল্ক চাপাবেন। তবে কোন কোন দেশের ওপর তা কার্যকর হবে, তা স্পষ্ট করেননি।

    ১০ ফেব্রুয়ারি: বিদেশি স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আবার চালু করেন ট্রাম্প। এটি তাঁর প্রথম মেয়াদের একটি পুরোনো নীতির পুনরাবৃত্তি।

    ১৩ ফেব্রুয়ারি: ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের ওপর ব্যাপক পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা আছে তাঁর। তিনি দাবি করেন, এই পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে। লক্ষ্য হলো, বিদেশি কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রেই উৎপাদনে বাধ্য করা।

    ১৪ ফেব্রুয়ারি: ট্রাম্প জানান, বিদেশি গাড়ির ওপর শুল্ক ২ এপ্রিল থেকে কার্যকর হবে। রসিকতা করে বলেন, তিনি প্রথমে ১ এপ্রিল ঘোষণা দিতে চেয়েছিলেন, তবে কুসংস্কার থেকে একদিন পিছিয়ে দিয়েছেন।

    ২৫ ফেব্রুয়ারি: নতুন এক নির্বাহী আদেশে ট্রাম্প বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিককে নির্দেশ দেন, বিদেশি তামা (কপার) উৎপাদন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কি না তা খতিয়ে দেখতে। এতে কপারে শুল্ক বসার সম্ভাবনা তৈরি হয়। তবে হোয়াইট হাউস থেকে শুল্ক হার বা তদন্তের সময়সীমা জানানো হয়নি।

    ২৭ ফেব্রুয়ারি: ট্রাম্প ঘোষণা দেন, ৪ মার্চ থেকে কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক এবং চীনের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। তিনি লেখেন, “মেক্সিকো ও কানাডা থেকে এখনো প্রচুর পরিমাণে মাদক ঢুকছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়।” তবে মার্কিন সরকারের বিভিন্ন রিপোর্টে এই দাবি সব সময় মিলেনি।

    ১ মার্চ: ট্রাম্প বাণিজ্যমন্ত্রীকে নির্দেশ দেন, কানাডা থেকে কাঠ আমদানি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কি না, তা খতিয়ে দেখতে। কারণ, কানাডা যুক্তরাষ্ট্রে কাঠ রপ্তানিতে সবচেয়ে বড় উৎস।

    ৪ মার্চ: ট্রাম্পের ঘোষণামতো কানাডা, মেক্সিকো ও চীন থেকে আমদানি হওয়া পণ্যের ওপর শুল্ক কার্যকর হয়। জবাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ১৫৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্কের ঘোষণা দেন।
    চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কেও তীব্র উত্তেজনা তৈরি হয়।

    চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

    ৫ মার্চ: ট্রাম্প জানিয়ে দেন, কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত গাড়ির ওপর শুল্ক এক মাসের জন্য স্থগিত থাকবে। এ সিদ্ধান্ত তিনি জেনারেল মোটরস, ফোর্ড ও স্টেলান্টিসের প্রতিনিধিদের সঙ্গে ফোনালাপের পর নেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলেন, ৯ মার্চের মধ্যে শুল্ক প্রত্যাহার না হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

    ৬ মার্চ: ট্রাম্পের প্রথম মেয়াদের মতোই আবারও অনেক শুল্ক স্থগিত করা হয়। তবে তিনি বলেন, ১২ মার্চ থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে এবং ২ এপ্রিল থেকে সব বাণিজ্য অংশীদারের ওপর পাল্টা শুল্ক চালু করা হবে।

    ১০ মার্চ: চীন যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের ওপর পাল্টা শুল্ক বসায়। মুরগি ও ভুট্টার ওপর ১৫ শতাংশ, সয়াবিন ও ফলের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে। কানাডার অন্টারিও প্রদেশও নিজস্ব শুল্ক আরোপ করে। তারা জানায়, মিশিগান, মিনেসোটা ও নিউইয়র্কে রপ্তানিকৃত বিদ্যুতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত কর আরোপ করা হবে।

    ১১ মার্চ: ট্রাম্প প্রতিক্রিয়ায় বলেন, কানাডার এ বিদ্যুৎ শুল্ক ‘অপমানজনক হুমকি’। তিনি হুমকি দেন, কানাডা থেকে আমদানিকৃত ধাতব পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করবেন। তবে কয়েক ঘণ্টার মধ্যেই উভয় পক্ষই পিছু হটে। অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড জানান, বিদ্যুৎ শুল্ক স্থগিত থাকবে। ট্রাম্পও বলেন, ধাতব পণ্যের শুল্ক কমানো হতে পারে।

    ১২ মার্চ: ইইউ ও কানাডা পাল্টা শুল্কের ঘোষণা দেয়। তারা জানায়, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শত শত কোটি ডলারের শুল্ক আরোপ করা হবে। তবে ইউরোপীয় নেতারা বলেন, ১ এপ্রিল পর্যন্ত শুল্ক কার্যকর না করে আলোচনা চালিয়ে যাবেন।

    ১৩ মার্চ: ইইউ জানায়, ১ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের হুইস্কি ও অন্যান্য পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসানো হবে। জবাবে ট্রাম্প পাল্টা হুমকি দিয়ে বলেন, ইউরোপীয় দেশের ওয়াইন, শ্যাম্পেইন ও সব অ্যালকোহলজাত পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক বসানো হবে। এটিই ছিল তাঁর অন্যতম বড় শুল্ক হুমকি।

    ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র।

    ২৪ মার্চ: যেসব দেশ সরাসরি কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে ভেনেজুয়েলা থেকে তেল কেনে, তাদের যুক্তরাষ্ট্রে রপ্তানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দেওয়া হয়। এই শুল্ক ২ এপ্রিল বা পরে কার্যকর হবে।

    ২৬ মার্চ: ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সব ধরনের গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানো হবে। এমনকি বিদেশে তৈরি হলেও যদি তা আমেরিকান ব্র্যান্ড হয়, তাহলেও শুল্ক প্রযোজ্য হবে।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেন।

    ২ এপ্রিল ২০২৫: যেসব পণ্যের ওপর আগে থেকে আলাদা করে শুল্ক ছিল না, সেসবসহ সব দেশের আমদানিপণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১০ শতাংশ সাধারণ শুল্ক আরোপ করে। তবে কিছু দেশের ক্ষেত্রে এর সঙ্গে ‘পাল্টা শুল্ক’ও যোগ হয়। ফলে অনেক দেশ, এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলোকেও স্বাভাবিকের চেয়ে বেশি শুল্কের বোঝা বইতে হয়।

    এদিন বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে ৩৭ শতাংশ পাল্টা শুল্ক (রিসিপ্রোকাল ট্যারিফ) আরোপের ঘোষণা আসে। আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের গড় শুল্ক ছিল ১৫ শতাংশ। নতুন সিদ্ধান্তে তৈরি পোশাকসহ প্রধান রপ্তানি পণ্যের বড় বাজারে বাংলাদেশের প্রবেশ ব্যয় বাড়বে বলে আশঙ্কা করছেন রপ্তানিকারকেরা। বর্তমানে বাংলাদেশের মোট রপ্তানির ১৮ শতাংশই যুক্তরাষ্ট্রে যায়।

    ৪ এপ্রিল ২০২৫: চীনের অর্থ মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র থেকে আমদানির ওপর ৩৪ শতাংশ শুল্ক বসানো হবে। ট্রাম্প প্রশাসনের চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্কের জবাব হিসেবেই এ পদক্ষেপ। একই সঙ্গে চীনের বাণিজ্য মন্ত্রণালয় ১১টি মার্কিন কোম্পানিকে দেশটিতে ব্যবসা করতে নিষেধাজ্ঞা দেয়।

    ৫ এপ্রিল ২০২৫: ভিয়েতনাম সরকার ট্রাম্পকে অনুরোধ জানায়, অন্তত ৪৫ দিনের সময় দেওয়া হোক, যাতে তারা প্রস্তুতি নিতে পারে। ওই সময় ভিয়েতনামের ওপর ৪৬ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছিল, যা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শুল্কের কাছাকাছি।

    ৭ এপ্রিল ২০২৫: বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রকে তিন মাস সময় দেওয়ার অনুরোধ করে, যাতে নতুন শুল্ক আরোপ স্থগিত রাখা হয়। এদিন ট্রাম্প চীনের পাল্টা শুল্কের জবাবে আরও ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেন।

    ৯ এপ্রিল ২০২৫: ট্রাম্পের কঠোর শুল্কনীতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। নতুন হারে শুল্কের বিবরণ:

    • চীনের ওপর ১০৪%
    • ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০%
    • জাপানের ওপর ২৪%
    • ভিয়েতনামের ওপর ৪৬%

    চীন পাল্টা জবাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে, ফলে তাদের মোট শুল্ক দাঁড়ায় ৮৪ শতাংশ। চীনের শুল্ক কার্যকর হয় ট্রাম্পের সিদ্ধান্তের ১২ ঘণ্টা পর। ইউরোপীয় ইউনিয়নও পাল্টা শুল্ক অনুমোদন করে, যা এক সপ্তাহ পর কার্যকর হবে। বিকেলে ট্রাম্প আকস্মিকভাবে বলেন, তিন মাসের জন্য পাল্টা শুল্ক স্থগিত রাখা হবে, তবে চীনের জন্য নয়। চীনের ক্ষেত্রে বরং শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করা হবে বলে জানান তিনি। কারণ, চীন আবারও প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছে।

    ১০ এপ্রিল ২০২৫: হোয়াইট হাউস জানায়, চীনের ওপর ১২৫ শতাংশ নতুন শুল্ক ছাড়াও পূর্বের ২০ শতাংশ শুল্ক বহাল থাকবে। ফলে চীনা পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়ায় ১৪৫ শতাংশ। ইউরোপীয় ইউনিয়ন জানায়, পাল্টা শুল্ক আপাতত স্থগিত থাকবে।

    ১১ এপ্রিল ২০২৫: ট্রাম্প বলেন, কিছু ইলেকট্রনিক পণ্যের ওপর শুল্ক থেকে ছাড় দেওয়া হবে। এর মধ্যে আছে—স্মার্টফোন, কম্পিউটার, সেমিকন্ডাক্টর, রাউটার ও মডেম। এসব চীনা পণ্য হলেও এ তালিকায় শুল্ক প্রযোজ্য হবে না।

    ১৩ এপ্রিল ২০২৫: ট্রাম্প বলেন, ইলেকট্রনিক পণ্যে শুল্কছাড় অস্থায়ী। কম্পিউটার চিপের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনাও রয়েছে।

    ২৯ এপ্রিল ২০২৫: দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। গাড়ি নির্মাতা কোম্পানির ওপর ২৫ শতাংশ শুল্ক বহাল থাকলেও তা যেন ইস্পাত ও অ্যালুমিনিয়ামের আগের শুল্কের সঙ্গে যোগ না হয়—এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    এদিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নতুন ‘বাণিজ্য কাঠামো চুক্তি’ ঘোষণা করে। প্রেসিডেন্ট ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একত্রে ফোনে এই ঘোষণা দেন। ট্রাম্প বলেন, “ব্রিটেনের প্রতিনিধিরা পেশাদার ছিলেন। প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে কাজ করা ছিল গর্বের।” স্টারমার বলেন, “এই চুক্তি আমাদের দীর্ঘ বন্ধুত্ব ও সহযোগিতারই ফসল। প্রেসিডেন্ট ট্রাম্প, ধন্যবাদ।”

    ৮ মে ২০২৫: যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তি অনুযায়ী কিছু আমদানির ওপর শুল্ক কমানো হয়। যুক্তরাষ্ট্র ব্রিটিশ গাড়ি ও স্টিলের শুল্ক কমায়। তবে ব্রিটেনের সব রপ্তানির ওপর ১০ শতাংশ শুল্ক বহাল থাকে।

    হোয়াইট হাউস।

    ১২ মে ২০২৫: হোয়াইট হাউস জানায়, চীনের ওপর সর্বোচ্চ শুল্ক ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হবে। চীনও পাল্টা শুল্ক ১২৫ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনবে।

    ২৩ মে ২০২৫: ট্রাম্প সামাজিক মাধ্যমে হুমকি দেন, ইইউর ওপর ৫০ শতাংশ শুল্ক বসানো হবে, যদি আলোচনা অগ্রগতি না পায়।

    ২৫ মে ২০২৫: ইইউ প্রধান উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে ফোনালাপ শেষে ট্রাম্প জানান, ৫০ শতাংশ শুল্ক ৯ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে।

    ৩০ মে ২০২৫: পিটসবার্গে শ্রমিকদের উদ্দেশে ট্রাম্প ঘোষণা দেন, ইস্পাতের ওপর শুল্ক ২৫ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে। তিনি ইউএস স্টিল ও জাপানের নিপ্পন স্টিলের একটি পরিকল্পিত অংশীদারত্বের কথা বলেন। তবে স্বীকার করেন, তিনি চুক্তির বিস্তারিত দেখেননি কিংবা অনুমোদনও দেননি।

    ৪ জুন ২০২৫: ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়। হোয়াইট হাউস জানায়, জাতীয় নিরাপত্তা রক্ষায় এই শুল্ক বাড়ানো হয়েছে।

    ১৬ জুন ২০২৫: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য চূড়ান্ত বাণিজ্য চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী, ব্রিটিশ গাড়ি, স্টিল, অ্যালুমিনিয়াম ও বিমানযন্ত্রাংশের ওপর যুক্তরাষ্ট্রে শুল্ক কমানো হবে।

    ২৭ জুন ২০২৫; ট্রাম্প জানান, চীনের সঙ্গে ‘বাণিজ্য কাঠামো চুক্তি’ সই হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় পরে জানায়, চীন রেয়ার আর্থ মিনারেল রপ্তানির ক্ষেত্রে শিথিলতা দেবে এবং যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর কিছু বিধিনিষেধ তুলে নেওয়া হবে।

    ২ জুলাই: যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়, যার প্রভাব সরাসরি না হলেও চীনের ওপর পড়ে। কারণ, ভিয়েতনাম চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সব ধরনের আমদানির ওপর ২০ শতাংশ এবং ট্রান্সশিপমেন্ট (তৃতীয় দেশের মাধ্যমে ঘুরিয়ে আনা পণ্য) পণ্যের ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করবে বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, নতুন শুল্ক হবে ১০ থেকে ৭০ শতাংশের মধ্যে। তাঁর ভাষায়, ‘অনেক অর্থ আসবে, কিন্তু আমরা একটা সস্তা অফার দিচ্ছি।’

    একজন সাংবাদিক প্রশ্ন করেন, যেসব দেশ এখনই চিঠি পাবে না, তাদের কী হবে? জবাবে ট্রাম্প জানান, ‘আগামীকাল ১০ থেকে ১২টি দেশকে চিঠি পাঠানো হবে। ৯ তারিখের মধ্যে সব দেশ শুল্ক তালিকায় থাকবে। কোনো কোনো দেশে শুল্ক হবে ৬০ বা ৭০ শতাংশ পর্যন্ত, আর কিছু দেশে ১০ থেকে ২০ শতাংশ।’ তিনি বলেন, ‘এটা আমাদের দেশের জন্য অনেক অর্থ। তবে এখনো এটা সাশ্রয়ী। প্রকৃত ঘাটতি অনুযায়ী দিলে আরও বেশি হতো। আমরা ভারসাম্য রাখতে চাই, বাড়াব না।’

    ৯ জুলাই: ট্রাম্প জানান, অন্তত ২১টি দেশকে জানানো হয়েছে—তারা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি না করে, তাহলে ১ আগস্ট থেকে তাদের ওপর কমপক্ষে ২০ শতাংশ শুল্ক বসানো হবে। তিনি হুঁশিয়ারি দেন, কেউ যদি যুক্তরাষ্ট্রের শুল্ক এড়িয়ে যেতে চায় কিংবা পাল্টা শুল্ক দেয়, তাহলে সেই দেশের ওপর আরও বেশি হারে শুল্ক বসানো হবে। একই সঙ্গে ঘোষণা দেন, ১ আগস্ট থেকে তামার ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে। এর ফলে যুক্তরাষ্ট্রে তামার দাম বাড়ে এবং কিছু শিল্পক্ষেত্রে উদ্বেগ দেখা দেয়। ট্রাম্প আরও বলেন, ব্রাজিল থেকে আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক বসানো হবে। জবাবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা পাল্টা শুল্কের ঘোষণা দেন।

    ১১ জুলাই: ট্রাম্প ঘোষণা দেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকোর পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হবে ১ আগস্ট থেকে। এ ঘোষণা তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পৃথক পোস্টে প্রকাশ করেন। তিনি হুঁশিয়ার করে বলেন, পাল্টা শুল্ক দিলে হার আরও বাড়ানো হবে।

    ১৪ জুলাই: ইইউর প্রধান আলোচক মারোস শেফচোভিচ বলেন, ট্রাম্পের এই হঠাৎ সিদ্ধান্ত হতাশাজনক। তাঁর মতে, দুই পক্ষ একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছিল। তিনি জানান, গত সপ্তাহে তিনি প্রতিদিনই আমেরিকান পক্ষের সঙ্গে কথা বলেছেন, কিন্তু ট্রাম্পের চিঠি পরিস্থিতি পুরো পাল্টে দিয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলেন, ‘আমরা আমাদের কাজ করছি, ওদেরও উচিত তাদের দায়িত্ব পালন করা। আমরা ১ আগস্টের আগেই সমঝোতায় পৌঁছাতে চাই।’

    ১৬ জুলাই: ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছায়। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ইন্দোনেশিয়ার পণ্যের ওপর ১৯ শতাংশ শুল্ক বসবে। তবে যুক্তরাষ্ট্রের পণ্যে ইন্দোনেশিয়া কোনো শুল্ক আরোপ করবে না। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ানতো বলেন, ‘তারা আমাদের স্বার্থ বোঝে, আমরাও তাদেরটা বুঝি।’

    ২২ জুলাই: ট্রাম্প সামাজিক মাধ্যমে ঘোষণা দেন, জাপানের সঙ্গে সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি হয়েছে। এতে জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং এর মোট লাভের ৯০ শতাংশ পাবে যুক্তরাষ্ট্র সরকার। জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক বসবে। আগে ট্রাম্প ২৫ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলেন।

    ২৭ জুলাই: যুক্তরাষ্ট্র ও ইইউ একটি চুক্তিতে পৌঁছায়। এতে ইইউ পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়, যার মধ্যে গাড়িও রয়েছে। ট্রাম্প জানান, ইইউ যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে এবং ৭৫০ বিলিয়ন ডলারের মার্কিন জ্বালানি কিনবে। ইইউর প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, বিমান, কিছু রাসায়নিক, জেনেরিক ওষুধ ও কিছু কৃষিপণ্যের ওপর শুল্ক শূন্য করা হবে। তিনি বলেন, এই চুক্তি ভারসাম্য আনবে এবং উভয় পক্ষের বাণিজ্য অব্যাহত থাকবে।

    ৩০ জুলাই: ট্রাম্প ঘোষণা দেন, ভারত থেকে আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক বসবে ১ আগস্ট থেকে। ভারতের বাণিজ্যিক বাধা এবং রাশিয়া থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কেনার সমালোচনা করেন তিনি। ব্রাজিলের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক ইতোমধ্যে কার্যকর হয়েছে। সেই সঙ্গে ব্রাজিলের সেই বিচারকের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, যিনি সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর (ট্রাম্পের মিত্র) বিরুদ্ধে মামলার বিচার করছেন।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, বাণিজ্যঘাটতি কমাতে ভারতের ওপর নতুন শুল্ক দেওয়া হয়েছে।

    এদিন দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি হয়। এতে তারা ১৫ শতাংশ শুল্কে পণ্য রপ্তানির সুযোগ পাবে। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং ১০০ বিলিয়ন ডলারের তরল প্রাকৃতিক গ্যাস কিনবে। ট্রাম্প বলেন, আরও ঘোষণা আসবে, যখন কোরীয় প্রেসিডেন্ট লি জে মিয়াং দুই সপ্তাহের মধ্যে ওয়াশিংটন সফরে আসবেন। কম্বোডিয়া ও থাইল্যান্ডও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। এর আগে দুই দেশই ৩৬ শতাংশ শুল্কের হুমকির মুখে ছিল।

    ৩১ জুলাই: মেক্সিকোকে আরও ৯০ দিন সময় দেওয়া হয়েছে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে। এই ঘোষণা আসে ১ আগস্টের শুল্ক কার্যকরের ঠিক আগের দিন, ট্রাম্প ও প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের ফোনালাপের পর।

    ১ আগস্ট: যুক্তরাষ্ট্র শুল্ক কার্যকরের কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউস থেকে নতুন করে ৬৭টি দেশের জন্য শুল্কহার ঘোষণা করা হয়। এর মধ্যে তাইওয়ান ও ইউরোপীয় ইউনিয়নও রয়েছে। নতুন আদেশ অনুযায়ী, শুল্কহার ১০ থেকে সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এসব শুল্ক কার্যকর হবে ৭ আগস্ট, রাত ১২টা ১ মিনিট থেকে।

    এই ঘোষণা অনেকের জন্য অপ্রত্যাশিত ছিল। কারণ, ট্রাম্প আগেই জানিয়েছিলেন যে ১ আগস্ট থেকেই শুল্ক কার্যকর হবে। সর্বোচ্চ ৪০ থেকে ৪১ শতাংশ শুল্ক বসানো হয়েছে সিরিয়া, লাওস ও মিয়ানমারের ওপর। যেসব দেশের জন্য নির্দিষ্ট হারে শুল্ক ঘোষণা করা হয়নি, তাদের ওপর ভিত্তিগতভাবে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

    যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে বিশ্ববাণিজ্যে নতুন চাপ: নতুন আদেশে যুক্তরাষ্ট্র জানিয়েছে, যে কোনো পণ্য ট্রান্সশিপমেন্টের মাধ্যমে মার্কিন শুল্ক এড়িয়ে আনা হলে, তার ওপর ৪০ শতাংশ শুল্ক বসবে। অর্থাৎ চীনে তৈরি পণ্য অন্য কোনো দেশে পাঠিয়ে সেখান থেকে লেবেল বা প্যাকেট বদলে যুক্তরাষ্ট্রে পাঠানো হলে, সেই পণ্য এই শুল্কের আওতায় পড়বে।

    চীন-যুক্তরাষ্ট্র ‘চুক্তির যুদ্ধবিরতি: এই সপ্তাহেই ট্রাম্প প্রশাসন ও চীন একটি সমঝোতায় পৌঁছেছে। তারা বাণিজ্যযুদ্ধ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে চূড়ান্ত চুক্তির সম্ভাবনা গড়িয়ে শরৎকাল পর্যন্ত চলে গেছে।

    কানাডার ওপর বাড়তি শুল্ক: একটি আলাদা নির্বাহী আদেশে কানাডার ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়েছে, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে। হোয়াইট হাউস জানিয়েছে, কানাডা পাল্টা শুল্ক আরোপ করেছে এবং মাদক ‘ফেন্টানিল’ দমনেও সহযোগিতা করেনি। তবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তি অনুযায়ী ‘নর্থ আমেরিকান পণ্য’ হিসেবে বিবেচিত রপ্তানি এই শুল্কের বাইরে থাকবে।

    বাংলাদেশসহ একাধিক দেশের ওপর নতুন শুল্ক:

    বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর আগে বাংলাদেশকে পাঠানো এক চিঠিতে ৩৫ শতাংশ শুল্কের কথা জানানো হয়েছিল। সেই হিসেবে নতুন হারে ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ ধার্য করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে:

    • পাকিস্তান: ১৯%
    • আফগানিস্তান: ১৫%
    • ভারত: ২৫%
    • ব্রাজিল: ১০%
    • ইন্দোনেশিয়া: ১৯%
    • মালয়েশিয়া: ১৯%
    • মিয়ানমার: ৪০%
    • ফিলিপাইন: ১৯%
    • শ্রীলঙ্কা: ২০%
    • ভিয়েতনাম: ২০%

      চট্টগ্রাম বন্দর।

    ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক: ভারতের ওপর বসানো হয়েছে ২৫ শতাংশ শুল্ক। ট্রাম্প প্রশাসনের সঙ্গে মোদি সরকারের সম্পর্ক কিছুটা খারাপ হওয়ায় এই সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প সম্প্রতি ভারতের উচ্চ শুল্ক নীতি এবং রাশিয়ার কাছ থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কেনার বিষয়টি সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রে ভারতের প্রধান রপ্তানি পণ্য ইলেকট্রনিকস ও ওষুধ।

    বাণিজ্য অংশীদারদের উদ্বেগ: যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপে তার বাণিজ্য অংশীদার দেশগুলো চাপে পড়েছে। তাদের হাতে রয়েছে মাত্র এক সপ্তাহ—নতুন শুল্ক কার্যকর হওয়ার আগেই আলোচনার মাধ্যমে হার কমানোর সুযোগ রয়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়া আগেই চুক্তি করায়, তাদের ওপর ১৫ শতাংশ হারে শুল্ক ধার্য হয়েছে।

    হোয়াইট হাউস জানিয়েছে, আরও কিছু দেশ ‘চুক্তির দ্বারপ্রান্তে’ রয়েছে। তাইওয়ান প্রতিনিধিরা গত দুই সপ্তাহ ধরে ওয়াশিংটনে আলোচনা চালিয়ে যাচ্ছে। তাদের প্রেসিডেন্ট লাই চিং-টে জানিয়েছেন, তাইওয়ানের ওপর ২০ শতাংশ শুল্ক আপাতত ‘অস্থায়ী’।

    বিশ্ব অর্থনীতিতে শুল্কনীতির প্রভাব: বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, শুল্ক যুদ্ধের কিছু ইতিবাচক দিক থাকলেও নেতিবাচক দিকগুলোও স্পষ্ট।

    • ইতিবাচক দিক:
      ব্যবসায়ীরা এখন নিশ্চিতভাবে জানেন তাদের পণ্যে কত শুল্ক বসবে। ফলে বিনিয়োগ ও নিয়োগের স্থবিরতা কাটছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও স্বস্তি ফিরেছে।
    • নেতিবাচক দিক:
      গড় শুল্কহার বেড়ে গেছে, যা বাজারে পণ্যের দাম বাড়িয়ে তুলছে। ইইউর সঙ্গে চুক্তি সত্ত্বেও, এগুলো পূর্ণাঙ্গ শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি নয়।

    অক্সফোর্ড ইকোনমিকসের বেন মে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র কম পণ্য আমদানি করলে, বিশ্ববাজারেও চাহিদা কমে যাবে। এতে ক্ষতিগ্রস্ত হবে অনেক দেশের রপ্তানিকারক এবং ভোক্তার আয় সংকুচিত হবে।

    শুল্কে আয় বাড়লেও ভোগান্তিতে ভোক্তা: ২০২৫ সালের শুরুতে যুক্তরাষ্ট্রের গড় শুল্কহার ছিল ২ শতাংশ, এখন তা দাঁড়িয়েছে ১৭ শতাংশে। এতে করে আমদানি শুল্ক থেকে এখন পর্যন্ত আয় হয়েছে ১০০ বিলিয়ন ডলার, যা ফেডারেল আয়ের প্রায় ৫ শতাংশ। এ বছর পুরো আয় ৩০০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে জানাচ্ছে ট্রেজারি বিভাগ।

    তবে এর নেতিবাচক প্রভাব পড়ছে সরাসরি ভোক্তাদের ওপর। ইউনিলিভার ও অ্যাডিডাসের মতো প্রতিষ্ঠানগুলো পণ্যের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এতে সাধারণ মানুষের ব্যয় বাড়ছে এবং ভোক্তা মূল্যস্ফীতিও ঊর্ধ্বমুখী। জুন মাসে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার বেড়েছে, যা শুল্ক বৃদ্ধির প্রভাব বলে মনে করছেন বিশ্লেষকেরা। হোয়াইট হাউস জানিয়েছে, নিম্ন আয়ের মানুষদের জন্য ‘রিবেট চেক’ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে তাদের ওপর চাপ কিছুটা কমে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদন লাগবে।

    রাজনৈতিক ঝুঁকিও বাড়ছে: ট্রাম্পের এই শুল্কনীতি রাজনৈতিকভাবে তাঁকে চাপে ফেলতে পারে। কারণ, কর কমানো বা ব্যয় বাড়িয়ে আগের মতো রাজস্ব ঘাটতি পূরণ করা এখন আর সহজ নয়। তার ওপর আগামী বছর নির্বাচন। এই অবস্থায় শুল্কের চাপ যদি ভোক্তার ওপর গিয়ে পড়ে, তাহলে তার নেতিবাচক প্রতিক্রিয়া ট্রাম্পের ভোট ব্যাংকেও পড়তে পারে।

    বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি যুক্তরাষ্ট্র যখন একের পর এক শুল্কের ঘোষণা দেয়, তখন তার প্রভাব শুধু নির্দিষ্ট দেশেই সীমাবদ্ধ থাকে না—ছড়িয়ে পড়ে গোটা বৈশ্বিক বাণিজ্যে। ট্রাম্পের শুল্কনীতি নিয়ে কেউ বলছেন আত্মরক্ষামূলক পদক্ষেপ, কেউ দেখছেন একচেটিয়া চাপের কৌশল। কিন্তু দিনের শেষে প্রশ্ন একটাই—এই বাণিজ্যযুদ্ধের খেসারত কে দিচ্ছে? রাষ্ট্র, নাকি সাধারণ মানুষ?

    অগাস্টের শুরুতেই কার্যকর হওয়া এই শুল্ক হারগুলো বিশ্ববাজারে অস্থিরতা বাড়াবে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। আর এখনো যেসব দেশ তালিকার বাইরে, তারা হয়তো জানে না—পরবর্তী চিঠি তাদের দিকেই ছুটে আসছে! বাণিজ্য এখন আর শুধু পণ্যের লেনদেন নয়, হয়ে উঠেছে কূটনৈতিক শক্তিমত্তার মঞ্চ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মাত্র ৬ শতাংশ সুদে সৌরবিদ্যুতের ঋণ দেবে পিকেএসএফ

    নভেম্বর 21, 2026
    কর্পোরেট

    চট্টগ্রামে করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.