ভারতের প্রতি কঠোর সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক শীর্ষ সহযোগী বলেছেন, রাশিয়া থেকে তেল কিনে দেশটি কার্যত ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অর্থ জোগাচ্ছে।
গতকাল রোববার ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ও ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার এ মন্তব্য করেন।
তিনি বলেন, “প্রেসিডেন্ট খুব স্পষ্টভাবে জানিয়েছেন, ভারতের এমন আচরণ গ্রহণযোগ্য নয়। রাশিয়ার কাছ থেকে তেল কিনে তারা এই যুদ্ধকে অর্থায়ন করছে।”
মিলারের এই বক্তব্যকে বিশ্লেষকেরা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নয়াদিল্লির প্রতি অন্যতম কড়া সমালোচনা হিসেবে দেখছেন। যদিও ভারত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র।
মিলার আরও বলেন, “অনেকেই শুনে অবাক হবেন, রাশিয়ার তেল আমদানির ক্ষেত্রে ভারত এখন প্রায় চীনের সমকক্ষ হয়ে উঠেছে। এটি একটি বিস্ময়কর তথ্য।”
এ বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস এখনো কোনো মন্তব্য দেয়নি।
তবে ভারতের একাধিক সরকারি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও নয়াদিল্লি রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে।
এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্প গত শুক্রবার ঘোষণা দিয়েছেন, রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হবে।
এছাড়া তিনি আরও হুমকি দিয়েছেন, যদি রাশিয়া ইউক্রেনের সঙ্গে বড় ধরনের কোনো শান্তিচুক্তিতে না আসে, তাহলে রাশিয়ার তেল আমদানিকারক দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারে।
তবে মিলার জানিয়েছেন, ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সম্পর্ক ‘চমৎকার’। সেই কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়ে আরও কঠোর না হয়ে কিছুটা নমনীয় অবস্থান নিয়েছেন।

