ইরান বহু বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, তেলের ওপর নির্ভরতা এবং অভ্যন্তরীণ দুর্নীতির কারণে অর্থনৈতিক সংকটে রয়েছে। বিশেষ করে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরানের ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা দেশটির বৈদেশিক বাণিজ্যকে ভেঙে ফেলে। এর ফলে রিয়ালের দাম পড়তে থাকে আশঙ্কাজনক হারে। বর্তমানে কালোবাজারে ১ ডলারের বিপরীতে রিয়ালের মূল্য প্রায় ৯ লাখ ২০ হাজার— যা এক দশক আগেও কল্পনা করা যেত না।
মুদ্রা সংস্কারের মূল পরিকল্পনা কী?
সরকার ১০,০০০ রিয়ালকে ১ রিয়ালে রূপান্তরের পরিকল্পনা করছে। অর্থাৎ ১০,০০০ রিয়ালের একটি নোট এখন এক রিয়াল বলে গণ্য হবে। এই পদক্ষেপে চারটি শূন্য বাদ দেওয়া হবে। মুদ্রার নাম ‘রিয়াল’ অপরিবর্তিত থাকবে, তবে গণনায় তা আরো সহজ হবে। নতুন এই রিয়াল চালু হলে দৈনন্দিন লেনদেন যেমন সুপারমার্কেট, ব্যাংকিং, হিসাবরক্ষণ—সব ক্ষেত্রে বড় অঙ্কের হিসাব অনেকটা সহজতর হবে।
বর্তমানে সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে ‘তোমান’ ব্যবহার করে, যেখানে ১ তোমান = ১০ রিয়াল। নতুন ব্যবস্থায় এই অভ্যাস আরো কার্যকর হবে। বাজারে যখন একটি পণ্য ১,০০০,০০০ রিয়াল বলা হয়, তখন সেটি হবে ১০০ নতুন রিয়াল। এই সরলীকরণ মানুষের মনস্তাত্ত্বিক চাপ কমাবে এবং অর্থমূল্য সম্পর্কে বাস্তব বোধ ফিরিয়ে আনবে।
বিশ্বজুড়ে গবেষণা বলছে- উচ্চমূল্যের মুদ্রায় জনগণের ক্রয়ক্ষমতা সম্পর্কে বিভ্রান্তি তৈরি হয়। যখন রুটি কিনতে ৫০,০০০ রিয়াল দিতে হয়, তখন ক্রেতা বুঝতে পারেন না এর প্রকৃত অর্থমূল্য কতটা। শূন্য বাদ দিলে মানুষ সহজেই মূল্যমান বুঝতে পারবেন এবং বাজারে স্বচ্ছতা বাড়বে। এটি মূলত জনমানসে অর্থনৈতিক আস্থার পুনর্গঠনের কৌশল।
একটি দেশের অর্থনীতি চলতে গেলে বড় অংশে ডিজিটাল ব্যাংকিং ও সরকারি আর্থিক হিসাব গুরুত্বপূর্ণ। বর্তমানে বড় বড় সংখ্যার কারণে রাষ্ট্রীয় হিসাবরক্ষণ ও বাজেট প্রস্তুতিতে জটিলতা তৈরি হয়। মুদ্রার রিডেনোমিনেশন হলে এই হিসাব অনেক সহজ হবে, হিসাবরক্ষকদের দক্ষতা বাড়বে এবং অডিট প্রক্রিয়া স্বচ্ছ হবে।
বাস্তবায়ন প্রক্রিয়ায় যেসব চ্যালেঞ্জ
রেডেনোমিনেশন একটি দীর্ঘ প্রক্রিয়া। শুধু পার্লামেন্টের অর্থনৈতিক কমিটির অনুমোদন যথেষ্ট নয়, পূর্ণ সংসদীয় ভোট এবং গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন লাগবে। এরপর নতুন নোট-মুদ্রা ছাপাতে হবে, ব্যাংকিং সিস্টেম আপডেট করতে হবে, সাধারণ জনগণকে সচেতন করতে হবে। এসব কাজে সময়, দক্ষতা ও রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।
অনেক দেশ ইতিপূর্বে মুদ্রা রিডেনোমিনেশন করেছে— যেমন, তুরস্ক ২০০৫ সালে ছয়টি শূন্য কেটে ‘নিউ লিরা’ চালু করেছিল। রাশিয়া ১৯৯৮ সালে তিনটি শূন্য বাদ দেয়। এসব দেশ মিশ্র ফল পেয়েছে। ইরানের ক্ষেত্রেও এই সংস্কার একটি দ্বিমুখী ফল বয়ে আনতে পারে— একদিকে মানুষের আস্থা বাড়বে, অন্যদিকে যদি অর্থনীতির মূল সমস্যা ঠিক না হয়, তাহলে এটি কেবল কসমেটিক পরিবর্তন হয়ে থাকবে।
মুদ্রাস্ফীতি কি কমবে?
এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, শুধু রিডেনোমিনেশন করে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। এটি শুধুই একটি লেনদেন সহজীকরণ প্রক্রিয়া। যদি সরকারের খরচ, ব্যাংকিং দুর্নীতি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অব্যবস্থাপনা একইভাবে চলে, তবে নতুন রিয়ালও পুরনো রিয়ালের মতোই অকার্যকর হয়ে উঠবে।
ব্যবসায়ী ও সাধারণ মানুষদের নতুন মূল্যের সাথে মানিয়ে নিতে হবে। সরকারকে প্রচারণা চালাতে হবে এবং জনগণকে এই পরিবর্তন সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে, যাতে কোনো বিভ্রান্তি না হয়। ইতিহাস বলে, ভুল বা তড়িঘড়ি সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
নির্বাচনের আগে বা রাজনৈতিক সংকটকালীন সময় সরকার অনেক সময় অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দেয় জনসমর্থন আদায়ের জন্য। ইরানের এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন রাজনৈতিক কৌশল হিসেবে— বিশেষ করে যখন দেশের অর্থনীতি চরম দুর্বলতায় ভুগছে, তখন এমন একটি বড় ঘোষণা অভ্যন্তরীণ ক্ষোভ প্রশমনে কার্যকর হতে পারে।
ইরানের রিডেনোমিনেশন পরিকল্পনা নিঃসন্দেহে সাহসী ও প্রয়োজনীয় একটি পদক্ষেপ। তবে এটি কেবল একা কাজ করবে না। দরকার একটি সার্বিক অর্থনৈতিক সংস্কার— যাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং স্বচ্ছতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন হয়। তা না হলে এই চার শূন্য কেটে নতুন রিয়ালও কেবল হিসাবের বইয়ে স্থান পাবে, বাস্তব জীবন বদলাবে না।

