বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু নির্মাণে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইতালি। ১৩৫০ কোটি ইউরো (প্রায় ১৫৬০ কোটি ডলার) ব্যয়ে সেতুটি নির্মিত হবে সিসিলি দ্বীপ ও মূলভূখণ্ড কালাব্রিয়াকে সংযুক্ত করে।
মেসিনা প্রণালীর ওপর নির্মিতব্য এই সেতু হবে ৩.৩ কিলোমিটার (২.০৫ মাইল) দীর্ঘ। এটি দুটি ৪০০ মিটার (১৩০০ ফুট) উঁচু টাওয়ারের ওপর নির্ভরশীল থাকবে। মাঝখানে থাকবে দুটি রেললাইন এবং দুই পাশে তিনটি করে মোট ছয়টি যান চলাচলের লেন। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়া সত্ত্বেও সেতুটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা শক্তিশালী ভূমিকম্পও সহ্য করতে পারবে।
মেসিনা সেতু নির্মাণের উদ্যোগ নতুন নয়। গত কয়েক দশকে একাধিকবার এ প্রকল্প শুরুর উদ্যোগ নেওয়া হলেও ব্যয়, পরিবেশগত ঝুঁকি, নিরাপত্তা এবং ইতালির দক্ষিণাঞ্চলে সক্রিয় মাফিয়া চক্রের প্রভাবসহ নানা কারণে তা বাতিল হয়েছে। তবে এবার প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলছেন, এই প্রকল্প বর্তমান ও ভবিষ্যতের ইতালির জন্য একটি ‘গুরুত্বপূর্ণ বিনিয়োগ’। তিনি বলেন, “আমরা কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করি, যখন তার একটি যুক্তিসঙ্গত মানে থাকে।”
পরিবহনমন্ত্রী এবং ডানপন্থী লিগা দলের নেতা মাত্তেও সালভিনি জানিয়েছেন, ২০৩২ থেকে ২০৩৩ সালের মধ্যে সেতুর নির্মাণ শেষ করার লক্ষ্যে কাজ চলছে। তার দাবি, এই প্রকল্প বছরে প্রায় ১ লাখ ২০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে এবং সিসিলি ও কালাব্রিয়া অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আনবে। উল্লেখ্য, এই দুটি অঞ্চল ইউরোপের অন্যতম দরিদ্র এলাকা হিসেবে পরিচিত।
সরকার চাইছে, এই প্রকল্পের ব্যয়কে সামরিক ব্যয় হিসেবে দেখিয়ে নেটোর মোট দেশজ উৎপাদনের ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রার আওতায় আনতে। সেতু নির্মাণের আগে প্রয়োজন ইতালির ‘কোর্ট অব অডিটরস’ এবং জাতীয় ও ইউরোপীয় পরিবেশ সংস্থাগুলোর চূড়ান্ত অনুমোদন। প্রণালীর দুই পাশের বাসিন্দাদের অনেকে এই প্রকল্পের বিরোধিতা করছেন, কারণ তাদের জমি অধিগ্রহণ হতে পারে। অনেকেই আইনি চ্যালেঞ্জের পথে যেতে পারেন, যা প্রকল্পে বিলম্ব ঘটাতে পারে।
এর আগে পাঁচ দশকের বেশি সময় ধরে এই প্রকল্পের নকশা ও পরিকল্পনা নিয়ে আলোচনা হলেও, শেষ পর্যন্ত নানা কারণে তা স্থগিত হয়েছে। অন্যতম বড় আশঙ্কা ছিল, বিপুল পরিমাণ অর্থ কালো হাতের মাফিয়া চক্রের কবলে পড়বে।
সরকারি অনুমোদনের পর স্থানীয় রাজনীতিবিদ ও নাগরিক সমাজ থেকে বিরূপ প্রতিক্রিয়া এসেছে। ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর নিকোলা ইরতো একে “বিতর্কিত ও বিভাজনমূলক” প্রকল্প বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “এটি স্থানীয় পরিবহন, আধুনিক অবকাঠামো, নিরাপদ স্কুল এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবার জন্য বরাদ্দ হতে পারে এমন গুরুত্বপূর্ণ অর্থ কেড়ে নিচ্ছে।”
কালাব্রিয়ার ভিল্লা সান জিওভান্নির মেয়র জিউসি কামিনিতি বলেন, তার শহরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি আরও সময় নিয়ে জনপরামর্শের আহ্বান জানিয়েছেন। “নো টু দ্য ব্রিজ” নামে স্থানীয় একটি সংগঠন একে একটি রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছে। তারা বলছে, এটি কোনো প্রযুক্তিগত মূল্যায়নের ফল নয়।
পরিবেশবাদীদের দাবি, সেতু নির্মাণে প্রতিদিন কয়েক মিলিয়ন লিটার পানি ব্যবহার হবে। অথচ সিসিলি ও কালাব্রিয়া অঞ্চল নিয়মিত খরার সম্মুখীন হয়। বর্তমানে ট্রেনগুলোকে ফেরির মাধ্যমে সিসিলি থেকে মূলভূখণ্ডে আনা-নেওয়া করতে হয়। পুরো যাত্রায় সময় লাগে প্রায় ৩০ মিনিট।

