যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্কনীতি বিশ্বব্যাপী কার্যকর হয়েছে। ৯০টিরও বেশি দেশের ওপর এই শুল্ক আরোপের মাধ্যমে ট্রাম্প প্রশাসন বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় এক বড় ধাক্কা দিয়েছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ বলেছেন, এই শুল্কের ফলে যুক্তরাষ্ট্রে এখন “বিলিয়ন বিলিয়ন ডলার প্রবাহিত হচ্ছে”।
ভারত, ব্রাজিল, সুইজারল্যান্ডসহ বহু দেশের ওপর চড়া শুল্ক:
- ভারতের ওপর ৫০% শুল্ক কার্যকর হচ্ছে ২৭ আগস্ট থেকে। তবে যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে, তাহলে এই শুল্ক এড়াতে পারে। দিল্লি এই পদক্ষেপকে “অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য” বলে আখ্যা দিয়েছে।
- ব্রাজিলের রফতানির ওপরও ৫০% শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্প ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার বিরুদ্ধে প্রযুক্তি খাতের প্রতি বৈষম্যের অভিযোগ এনেছেন।
- সুইজারল্যান্ডের ওপর ৩৯% শুল্ক বসানো হয়েছে, যা দেশটির অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেনি দেশটি। এ নিয়ে বৃহস্পতিবার জরুরি বৈঠক ডেকেছে সুইস সরকার।
ট্রাম্প ঘোষণা দিয়েছেন, বিদেশি উৎপাদিত চিপসেটের ওপর ১০০% শুল্ক বসানো হবে। তবে TSMC, SK Hynix ও Samsung-এর মতো যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী কোম্পানিগুলো নতুন শুল্ক থেকে আপাতত অব্যাহতি পেয়েছে। এদিকে অ্যাপল হোয়াইট হাউসের চাপের মুখে যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ ঘোষণা করেছে।
কানাডা, মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অবস্থান:
- কানাডার ওপর শুল্ক ২৫% থেকে বাড়িয়ে ৩৫% করা হয়েছে। ট্রাম্প অভিযোগ করেছেন, দেশটি ফেন্টানিলসহ মাদক পাচার রোধে সহায়তা করছে না। তবে USMCA চুক্তির কারণে বেশিরভাগ কানাডীয় পণ্য শুল্কমুক্ত থাকবে।
- মেক্সিকোর ওপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত ৯০ দিন স্থগিত রাখা হয়েছে।
- ইউরোপীয় ইউনিয়ন ১৫% হারে শুল্ক মেনে একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছেছে।
বিশেষজ্ঞরা বলছেন, চীনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যসম্পর্ক থাকা দেশগুলোর ওপর শুল্কের বোঝা বেশি পড়েছে। লাওস ও মিয়ানমারের পণ্যের ওপর ৪০% শুল্ক বসানো হয়েছে। ফলে এই অঞ্চল বিশেষ করে রপ্তানি নির্ভর অর্থনীতি গুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে। তবে বৃহস্পতিবার জাপান, হংকং, দক্ষিণ কোরিয়া ও মূল চীনের বাজারে সূচক কিছুটা বেড়েছে। অন্যদিকে ভারত ও অস্ট্রেলিয়ার বাজারে পতন দেখা গেছে।
যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে নতুন চুক্তির মাধ্যমে পূর্বঘোষিত উচ্চ শুল্ক এড়াতে পেরেছে। ফলে এসব দেশের রফতানি খাত তুলনামূলকভাবে স্বস্তিতে রয়েছে। যুক্তরাষ্ট্রের মিত্র তাইওয়ানের ওপর ২০% শুল্ক আরোপ করা হয়েছে। প্রেসিডেন্ট লাই ছিং-তে জানিয়েছেন, এটি ‘অস্থায়ী ব্যবস্থা’, এবং ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলছে।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতিবিদ বার্ট হফম্যান বলেছেন, “এই শুল্কের ফলে অন্তত বিশ্ববাজার কিছুটা স্থিতিশীলতার সুযোগ পাবে। এখন বোঝা যাবে এর প্রকৃত প্রভাব। eToro-এর বাজার বিশ্লেষক ফারহান বাদামি মনে করছেন, ভারতের ক্ষেত্রে ট্রাম্পের আচরণ ভবিষ্যতে অন্যান্য দেশের জন্যও সংকেত হতে পারে। ট্রাম্প এখন স্পষ্টভাবে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করছেন।

