রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম হঠাৎ বেড়ে গেছে। খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম কেজিতে ১৫–২০ টাকা বৃদ্ধি পেয়ে ৮০–৮৫ টাকায় পৌঁছেছে। একইভাবে ফার্মের মুরগির ডিমের ডজনের দাম এক সপ্তাহে ১০ টাকা বেড়ে ১৩৫–১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কারওয়ান বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। বিক্রেতারা জানান, পেঁয়াজের সরবরাহ কিছুটা কমে গেছে। অন্যদিকে ডিমের চাহিদা বেড়েছে কিন্তু সরবরাহ বাড়েনি। ফলে দাম বেড়েছে। তারা আশা করছেন, সরবরাহ স্বাভাবিক হলে দাম কিছুটা কমে আসবে।
পাঁচ দিন আগে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম মানভেদে ছিল ৬০–৬৫ টাকা কেজি। ব্যবসায়ীদের মতে, এ বছর কৃষকের ঘরে রাখা অনেক পেঁয়াজ পচে গেছে। সঙ্গে বৃষ্টিতে সরবরাহ বিঘ্নিত হয়েছে। এ দুই কারণে এখন বাজারে চাপ পড়েছে।
সবজির বাজারও চড়া। করলা, কাঁকরোল, বরবটি—বেশির ভাগ সবজির কেজি এখন প্রায় ৮০ টাকা। আমদানি করা টমেটো বিক্রি হচ্ছে ১৪০–১৫০ টাকায়। বেগুনের দাম কেজিতে ২০–৩০ টাকা বেড়ে ১০০–১২০ টাকায় পৌঁছেছে। কাঁচা মরিচের দাম মাসখানেক আগে ৮০–১২০ টাকা থাকলেও এখন ১৮০–২০০ টাকা কেজি। মৌসুমি বৃষ্টির প্রভাবে গত দুই–তিন সপ্তাহ ধরেই সবজির দাম বাড়তি।
ডিমের বাজারেও চাপ বেড়েছে। রাজধানীর খুচরা বাজারে গতকাল এক ডজন বাদামি ডিম বিক্রি হয়েছে ১৩৫–১৪০ টাকায়। পাড়ামহল্লায় দাম আরও বেশি। গত সপ্তাহে ডিমের ডজন ছিল ১২০–১২৫ টাকা। তিন সপ্তাহ ধরেই মুরগির দামও বাড়তি। ব্রয়লার মুরগি কেজিতে বিক্রি হচ্ছে ১৭০–১৮০ টাকায়, সোনালি মুরগি ৩০০–৩৩০ টাকায়—যা আগে ছিল ২০–৩০ টাকা কম।
এদিকে টানা চার মাস ধরে কমার পর জুলাই মাসে আবারও সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, জুলাইয়ে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ, যা জুনে ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ৯ দশমিক ৩৮ শতাংশে পৌঁছেছে—দুই ক্ষেত্রেই আগের মাসের তুলনায় বৃদ্ধি।
বিবিএস জানায়, জুলাইয়ে চালের দাম কেজিতে ৫–৬ টাকা বেড়েছে। সবজির দামও ছিল চড়া। অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, বর্ষা ও বন্যার মৌসুমে নিত্যপণ্যের ঘাটতি দেখা দিতে পারে, যা মূল্যস্ফীতি আরও বাড়াবে।
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক সেলিম রায়হান মনে করেন, বাজারের মৌলিক কাঠামো এখন ঠিকভাবে কাজ করছে না। সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ায় চাল ও অন্যান্য পণ্যের দাম বেড়েছে। তাঁর মতে, শুধু সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়; বরং এখনই পণ্যের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য আনার জন্য সরকারের উদ্যোগ নেওয়া জরুরি।

