দেশের ইতিহাসের এক কঠিন অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক রূপান্তরের মাঝামাঝি গড়ে উঠা অন্তর্বর্তীকালীন সরকার আজ ৮ আগস্ট এক বছরের পূর্ণতা লাভ করলো।
এ সরকার গঠিত হয় শেখ হাসিনার দীর্ঘকালীন শাসনের শেষ হওয়ার পর। আর্থিক খাতে লাগামছাড়া দুর্নীতি, অনিয়ন্ত্রিত অর্থ পাচার ও পক্ষপাতমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে জনরোষের তীব্র আবহে। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার সৃজন হলো।
সরকার গঠনের পরই শুরু হলো আর্থিক খাতের ব্যাপক সংস্কার। লক্ষ্য ছিল ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনা, দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি আনা, খেলাপি ঋণ পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মুদ্রানীতির ভারসাম্য রক্ষা এবং রেমিট্যান্স প্রবাহ বাড়ানো। এক বছরের মধ্যে এসব ক্ষেত্রে অনবদ্য অগ্রগতি দেখা দিয়েছে।
অন্তর্বর্তী সরকার প্রথম বছরে ৪ দশমিক ০৮৭ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। এর মধ্যে ছিল ২ দশমিক ৫৯৫ বিলিয়ন ডলার মূলধন ও ১ দশমিক ৪৯১ বিলিয়ন ডলার সুদ। আগের অর্থবছরের তুলনায় ঋণ পরিশোধ বেড়েছে প্রায় ২১ শতাংশ। মূলত মেগা প্রকল্প ও মহামারির সময় নেওয়া জরুরি ঋণের গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় চাপ বাড়লেও, দেশ ঋণ পরিশোধের সক্ষমতা ও বিশ্বস্ততা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। হুন্ডি প্রতিরোধে ব্যাপক প্রচার, প্রণোদনা বৃদ্ধি ও কঠোর আইন কার্যকরী হওয়ায় বৈধ পথে রেমিট্যান্স বেড়েছে। শুধু মার্চ মাসে এসেছে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার, যা এক মাসে সর্বোচ্চ। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছে ২ দশমিক ৪৮ বিলিয়ন ডলার, আগের বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি।
রেমিট্যান্স ও বৈদেশিক ঋণ প্রবাহ বৃদ্ধির কারণে ডলার বাজারে স্থিতিশীলতা ফিরেছে। ২০২৫ সালের জুলাইয়ে আন্তঃব্যাংক বাজারে ডলারের দাম ছিল ১২১ টাকা ৫০ পয়সা থেকে ১২১ টাকা ৬০ পয়সার মধ্যে। জুনে ৫ বিলিয়ন ডলারের ঋণ আগমনের ফলে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে, যা গত ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ।
গত এক বছরে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের যৌথ তৎপরতায় ওভার ইনভয়েসিং উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রায় ১০০টি এলসি স্থগিত করা হয়েছে। মসলা, প্রযুক্তিপণ্যসহ বিভিন্ন ক্ষেত্রে মূল্য যাচাই করে তদন্ত চলছে। দামি যন্ত্রাংশে অতিমূল্যায়ন করে অর্থ পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক এখন নিয়মিত পূর্ণাঙ্গ খেলাপি ঋণের তথ্য প্রকাশ করছে। ২০২৫ সালের মার্চে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের ২৪ দশমিক ১৩ শতাংশ। এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
৩৫টি ব্যাংকে ১ হাজার ৮০০ জন ইচ্ছাকৃত খেলাপিকে চিহ্নিত করা হয়েছে, যাদের দায় ৭০ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সব ব্যাংককে আন্তর্জাতিক মানের অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) অনুসরণে বাধ্য করেছে। এর ফলে গোপন ক্ষতগুলো প্রকাশ পাচ্ছে।
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ নতুন বৈদেশিক ঋণ চুক্তি করেছে ৮ দশমিক ৩২৩ বিলিয়ন ডলারের। আগের অর্থবছরের তুলনায় এটি প্রায় ২২ শতাংশ কম। অর্থনীতিবিদরা বলছেন, সরকারী এই সংযত মনোভাব দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০২৫ সালের জানুয়ারিতে সরকার ১০টি আলোচিত শিল্পগোষ্ঠীর ঋণ অনিয়ম তদন্তে যৌথ অনুসন্ধান কমিটি গঠন করে। এতে দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ব্যাংক, সিআইডি, এনবিআর ও বিএফআইইউ অংশগ্রহণ করে। অভিযুক্তদের তালিকায় রয়েছে এস আলম, বেক্সিমকো, সামিট, জেমকন, নাসা, আরামিটসহ কয়েকটি প্রতিষ্ঠান। এসব গোষ্ঠীর খেলাপি ঋণ ছাড়িয়েছে ৫১ হাজার ৬৬৩ কোটি টাকা, যার মধ্যে বেক্সিমকোর দায় ২০ হাজার কোটি টাকার বেশি।
এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠন করা হয়েছে। এতে কর আদায়ে স্বচ্ছতা ও দক্ষতা বেড়েছে। যদিও শুরুতে কিছু কর্মচারীর বিরূপ প্রতিক্রিয়া এবং আন্দোলন দেখা দেয়। পরে সরকারের কঠোর অবস্থানের কারণে তা নিয়ন্ত্রণে আসে।

