যুক্তরাষ্ট্রের পর্যটন ও ব্যবসায়িক ভিসার অপব্যবহার রোধে কঠোর হলো মার্কিন প্রশাসন। নতুন একটি পরীক্ষামূলক কর্মসূচির আওতায় আফ্রিকার দুই দেশ জাম্বিয়া ও মালাউইর ভিসা আবেদনকারীদের ১৫,০০০ ডলার (প্রায় ১৮ লাখ টাকা) পর্যন্ত বন্ড জমা দিতে হবে।
এই নির্দেশনা পাইলট প্রোগ্রাম হিসেবে শুরু হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেখানে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থানের হার বেশি কিংবা নথিপত্রের জটিলতা বেশি, সেসব দেশের আবেদনকারীদের জন্য এই বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।
২০২৫ সালের ৫ আগস্ট ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ডের পরিমাণ ৫,০০০ থেকে সর্বোচ্চ ১৫,০০০ ডলার পর্যন্ত হতে পারে। জাম্বিয়া ও মালাউইয়ের নাগরিকদের জন্য এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
গত ৬ আগস্ট সিএনএন সূত্রে জানা যায়- জাম্বিয়া ও মালাউই বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম। এই নতুন নিয়ম কার্যকর হওয়ায় এ দুই দেশের ওপর এক ধরনের অঘোষিত ভিসা নিষেধাজ্ঞার ছায়া পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে ভিসাধারীরা নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করছে কিনা তা নিশ্চিত করা। যদি কেউ ভিসার মেয়াদ পেরিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করে, তাহলে জমাকৃত বন্ডের পুরো অথবা আংশিক টাকা বাজেয়াপ্ত করা হবে।
এর আগে ট্রাম্প প্রশাসন আরও কঠোরতার পথে পদক্ষেপ নিয়েছিল। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অনেক ভিসা নবায়নকারীকে অতিরিক্ত ব্যক্তিগত সাক্ষাৎকার দিতে হবে, যা আগে প্রয়োজন হত না।
সংশ্লিষ্টরা বলছেন- এই নতুন নিয়ম ভিসা ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বাড়াবে।
অন্যদিকে সমালোচকরা মনে করছেন- এটি দরিদ্র দেশগুলোকে বৈষম্যমূলকভাবে ক্ষতিগ্রস্ত করবে। তারা বলছেন, নীতি আরও কঠোর ও অমানবিক হবে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো স্পষ্ট করেনি কেন শুধুমাত্র জাম্বিয়া ও মালাউইর ওপর এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই দুই দেশের ভিসা অপব্যবহার অন্যান্য দেশের তুলনায় কম।
তবে এই বন্ড জমা দেওয়ায় ভিসা পাওয়া নিশ্চিত নয়। ভিসার শর্ত মেনে চললে এবং সময়মতো দেশে ফিরে এলে জামানতের অর্থ ফেরত দেয়া হবে।

