যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া ও এএমডি চীনে উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ বিক্রি থেকে অর্জিত রাজস্বের ১৫ শতাংশ যুক্তরাষ্ট্র সরকারকে দেওয়ার সিদ্ধান্তে সম্মত হয়েছে। গতকাল রবিবার রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চলতি বছরের এপ্রিল মাসে এনভিডিয়ার এইচ২০ চিপ চীনে বিক্রি বন্ধ করে দেয়। তবে গত মাসে এনভিডিয়া জানায়, যুক্তরাষ্ট্র সরকার পুনরায় বিক্রির অনুমতি দিয়েছে এবং শিগগিরই সরবরাহ শুরু করার আশা করছে। গত শুক্রবার অপর এক মার্কিন কর্মকর্তা জানান, বাণিজ্য দপ্তর চীনে এইচ২০ চিপ বিক্রির জন্য লাইসেন্স দেওয়া শুরু করেছে।
এনভিডিয়া মুখপাত্র বলেন, “বিশ্ববাজারে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্র সরকারের নিয়ম আমরা মেনে চলি। কয়েক মাস ধরে আমরা চীনে এইচ২০ চিপ পাঠাইনি। আশা করছি, রপ্তানি নিয়ন্ত্রণ নীতিমালা যুক্তরাষ্ট্রকে চীনসহ বিশ্ববাজারে প্রতিযোগিতায় রাখবে।” এএমডি এ বিষয়ে কোনো মন্তব্য জানায়নি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়নি।
চীন উভয় প্রতিষ্ঠানের জন্য একটি বড় বাজার। ২৬ জানুয়ারি শেষ হওয়া অর্থবছরে এনভিডিয়া চীন থেকে ১৭ বিলিয়ন ডলার আয় করেছে, যা মোট বিক্রির ১৩ শতাংশ। ২০২৪ সালে এএমডির চীন রাজস্ব ছিল ৬.২ বিলিয়ন ডলার, যা মোট বিক্রির ২৪ শতাংশ। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রপ্তানি লাইসেন্স পাওয়ার শর্ত হিসেবে এই চুক্তিতে রাজি হয় প্রতিষ্ঠান দুটি। এর মধ্যে এএমডির এমআই৩০৮ চিপও রয়েছে। তবে ট্রাম্প প্রশাসন এখনো ঠিক করেনি, রাজস্বের এই অংশ কীভাবে ব্যবহার করা হবে।
ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাংক সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির সিনিয়র ফেলো জিওফ গার্টজ বলেন, “যদি চীনে এইচ২০ চিপ বিক্রি জাতীয় নিরাপত্তার ঝুঁকি হয়, তবে তা বিক্রি করা উচিত নয়। আর যদি ঝুঁকি না হয়, তবে কেন অতিরিক্ত কর চাপানো হচ্ছে?”
মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক গত মাসে সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, চীনের সঙ্গে বিরল খনিজ সরবরাহ নিয়ে আলোচনার অংশ হিসেবে এআই চিপ বিক্রি পুনরায় শুরু হচ্ছে। তিনি জানান, এইচ২০ এনভিডিয়ার ‘চতুর্থ সেরা চিপ’ এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে চীনা কোম্পানিগুলোকে আমেরিকান প্রযুক্তি ব্যবহার করা জরুরি—যদিও সবচেয়ে উন্নত চিপ রপ্তানি নিষিদ্ধ। মার্কিন কর্মকর্তারা জানান, এইচ২০ ও সমমানের চিপ বিক্রি জাতীয় নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে না। তবে চুক্তি কার্যকর হবে কবে এবং কীভাবে—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় বাণিজ্য দপ্তরের উপদেষ্টা হিসেবে কাজ করা আলাসডেয়ার ফিলিপস-রবিন্স বলেন, “যদি এই প্রতিবেদন সঠিক হয়, তবে এর মানে হলো প্রশাসন রাজস্ব আয়ের জন্য জাতীয় নিরাপত্তা সুরক্ষা বিসর্জন দিচ্ছে।”

