যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের একটি অংশ বিক্রি শুরু হয়েছে। এসব সম্পদ বিক্রি করে তার দায়দেনা পরিশোধের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে তাকে ব্রিটেনে অর্থপাচারের অভিযোগে আসামি করা হয়। বাংলাদেশি কর্তৃপক্ষ অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করলে যুক্তরাজ্যে তার সম্পদের ব্যাপক পরিমাণ সামনে আসে। সাইফুজ্জামানের নামে দেশটিতে প্রায় ৩০০টিরও বেশি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট রয়েছে। এসবের বাজারমূল্য প্রায় ১৭ কোটি পাউন্ড।
ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, তার মালিকানাধীন ছয়টি আবাসন কোম্পানি বর্তমানে প্রশাসনিক প্রক্রিয়ার অধীনে আছে। এসব কোম্পানির মাধ্যমে তিনি যুক্তরাজ্যে সম্পদ পরিচালনা করতেন। বাংলাদেশি তদন্ত শুরু হওয়ার পরই তার সম্পদদ্বয় নির্মাণ ও মালিকানার বিষয়টি জনসমক্ষে আসে। অভিযোগ রয়েছে, তিনি ব্রিটেনে অর্থ পাচার করে এসব সম্পদ অর্জন করেছেন।
গত জুনে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি তার কিছু সম্পদ জব্দ করে। যার মধ্যে রয়েছে নর্থ লন্ডনের সেন্ট জনস উড এলাকায় ১১ মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল বাড়ি। এছাড়া সেন্ট্রাল লন্ডনের ফিটসরোভিয়া এলাকায় তার বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দাবি করেছেন, তিনি কোনো অপরাধ করেননি। তার বক্তব্য, এসব সম্পদ তিনি বৈধ অর্থে কিনেছেন। তিনি এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি বলছেন।
বর্তমানে যুক্তরাজ্যের গ্রান্ট থর্নটন প্রতিষ্ঠান এসব সম্পদ বিক্রির দায়িত্ব নিয়েছে। বিক্রি থেকে পাওয়া অর্থ দিয়ে তার ঋণ পরিশোধ করা হবে। ঋণদাতাদের মধ্যে রয়েছে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক, ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক ও বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। তারা মোট ৩৫০ মিলিয়ন ডলার ফেরত চাচ্ছে। সাইফুজ্জামানের সম্পদগুলো মূলত লন্ডন ও ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব অঞ্চলের বিভিন্ন শহরে অবস্থিত আবাসিক ভবন।

