চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কুনমিং দ্রুতই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হচ্ছে। ভৌগোলিক অবস্থান, আঞ্চলিক বাণিজ্য সংযোগ, স্বাস্থ্যসেবা ও কূটনৈতিক সহযোগিতা—সব মিলিয়ে শহরটি ঢাকার জন্য কৌশলগত এক কেন্দ্রে উঠে আসছে।
ঢাকা থেকে মাত্র সোয়া দুই ঘণ্টার ফ্লাইট দূরত্বে থাকা ইউনান প্রদেশের রাজধানী কুনমিং ‘সিটি অব ইটার্নাল স্প্রিং’ নামে পরিচিত। সারা বছর নাতিশীতোষ্ণ আবহাওয়ার এ শহর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মূল গেটওয়ে হিসেবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগের কেন্দ্র। মিয়ানমার, লাওস ও ভিয়েতনামের বাণিজ্যপথে এর অবস্থান অত্যন্ত কৌশলগত।
ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের বিকল্প হিসেবে অনেক বাংলাদেশি এখন চিকিৎসার জন্য কুনমিং যাচ্ছেন। বিশেষ করে ক্যান্সার, হৃদরোগ ও নিউরোসংক্রান্ত জটিল রোগে এ শহরের হাসপাতালগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা দিচ্ছে। রোবোটিক সার্জারি, আধুনিক অবকাঠামো ও বিশেষায়িত ক্যান্সার চিকিৎসা এখানে সহজলভ্য। বাংলাদেশি রোগীদের জন্য চীন ইতোমধ্যেই ‘গ্রিন চ্যানেল’ ভিসা চালু করেছে, যা এ খাতে সহযোগিতা বাড়িয়েছে।
চলতি মাসেই বাংলাদেশের ২৩ সদস্যের সাংবাদিক প্রতিনিধি দল কুনমিং সফর করেছে। তিন দিনের এ সফরে তারা আধুনিক হাসপাতাল ও বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। সফরের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
সম্প্রতি কুনমিংয়ে অনুষ্ঠিত হয়েছে চীন-বাংলাদেশ-পাকিস্তানের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। একই শহরে ষষ্ঠ চীন-দক্ষিণ এশিয়া সহযোগিতা বৈঠকও অনুষ্ঠিত হয়। এতে আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার ভিত্তিতে ত্রিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
প্রতি বছর আয়োজিত চায়না-সাউথ এশিয়া এক্সপো কুনমিংকে বড় বাণিজ্য মঞ্চে পরিণত করেছে। ২০২৫ সালের এক্সপোতে বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশগুলো ১৬৩টি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে, যার পরিমাণ কয়েকশ কোটি ইউয়ান। একই সঙ্গে চীনা বিনিয়োগকারীরা অবকাঠামো, শিল্পাঞ্চল ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে আগ্রহ দেখাচ্ছেন।
সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, “কুনমিং বাংলাদেশের জন্য স্বাভাবিকভাবেই একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। দিল্লি যেতে যে সময় লাগে, কুনমিং পৌঁছাতেও প্রায় একই সময় লাগে। স্বাস্থ্যসেবা ও বাণিজ্যের কারণে এর গুরুত্ব আরো বেড়েছে।”
বিসিসিসিআই’র সাবেক সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা মনে করেন, “ভৌগোলিকভাবে নিকটতম চীনা শহর হওয়ায় কুনমিং বাংলাদেশের জন্য বড় সুবিধা দিচ্ছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা ও বাণিজ্যে এর ভূমিকা গুরুত্বপূর্ণ।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজের পরিচালক ড. সামসাদ মর্তুজা বলেন, “কুনমিংয়ের সঙ্গে সম্পর্ক কেবল চিকিৎসা খাতেই সীমিত নয়। এখানে ট্রান্সলেটর, হোটেল ও খাবারের বিষয়েও নতুন এক ইকোসিস্টেম তৈরি হচ্ছে। সাংস্কৃতিক সংযোগও বাড়ছে, যা মানুষে মানুষে সম্পর্ককে গভীর করছে।”
চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে ঢাকা-কুনমিং রুট চালুর অনুমতি দিয়েছে। সরাসরি ফ্লাইট চালু হলে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের যাতায়াত সহজ হবে।
এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার সাম্প্রতিক চীন সফরে কুনমিংকে বাংলাদেশের সমুদ্র ও স্থলবন্দরগুলোর সঙ্গে যুক্ত করার বিষয়ে আলোচনা করেছেন।
সব মিলিয়ে স্বাস্থ্যসেবা, বাণিজ্য, বিনিয়োগ ও কূটনীতির কারণে কুনমিং বাংলাদেশের জন্য বহুমাত্রিক কৌশলগত বিন্দুতে পরিণত হচ্ছে। এটি শুধু অর্থনৈতিক সুযোগই নয়, বরং আঞ্চলিক সহযোগিতা ও সাংস্কৃতিক সম্পর্ককেও নতুন মাত্রা দিচ্ছে।

