শুক্রবার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের মন্তব্যে বিশ্ববাজারে ডলারের দাম কমেছে। তিনি সেপ্টেম্বরে নীতি সুদহার কমতে পারে বলে ইঙ্গিত দিলেও স্পষ্ট প্রতিশ্রুতি দেননি। তবু তার কথার প্রভাব পড়েছে ডলারের দামে।
বিশ্বের ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের পারফরম্যান্স পরিমাপ করা হয় ডলার ইনডেক্স দিয়ে। শুক্রবার ইনডেক্সটি ১.১ শতাংশ কমে ৯৭.৫৮-এ পৌঁছায়। পাওয়েলের বক্তব্যের আগে এটি ছিল প্রায় ৯৮.৭০। ডলারের বিপরীতে ইউরোর দাম বেড়ে ১.২ শতাংশ, যা প্রতি ইউরো ১.১৭৩৯ ডলারে পৌঁছেছে। জাপানি ইয়েনের বিপরীতে ডলারের মান হয়েছে ১৪৬.৬২।
পাওয়েল বলেন, “শ্রমবাজারে এখন অদ্ভুত ধরনের ভারসাম্য। কর্মী চাহিদা এবং সরবরাহ দুটোই কমেছে। এতে কর্মসংস্থানের ঝুঁকি বেড়ে চলেছে। যদি তা বাস্তবায়িত হয়, ঝুঁকিটা খুব দ্রুত দেখা দিতে পারে।” তিনি এই সতর্ক বার্তাটি ফেডের বার্ষিক সম্মেলনে আন্তর্জাতিক অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকদের সামনে দিয়েছেন।
টরন্টোভিত্তিক করপের প্রধান বাজার কৌশলবিদ কার্ল শামোটা বলেন, “বাজার যা আশা করেছিল, পাওয়েলের বার্তা ততটা পূরণ করেনি। তবে ডলারের দাম কমছে, সেপ্টেম্বরে সুদ কমার সম্ভাবনা বাড়ছে এবং বাজার আরও শিথিল মুদ্রানীতির জন্য প্রস্তুত হচ্ছে।”
সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, সেপ্টেম্বরে ১৬–১৭ তারিখে ফেডারেল রিজার্ভের বৈঠকে সুদহার কমার সম্ভাবনা এখন ৯১ শতাংশ। শুক্রবার সকালে এটি ছিল ৭২ শতাংশ। বছরের শেষ নাগাদ মোট ৫৬ ভিত্তি পয়েন্ট সুদ কমার সম্ভাবনা রয়েছে, আগে যা ছিল ৪৮ ভিত্তি পয়েন্ট।
জুলাইতে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে কম কর্মসংস্থান হয়েছে। এরপর থেকেই ব্যবসায়ীরা ধারণা করছিলেন, সেপ্টেম্বরে নীতি সুদহার কমার সম্ভাবনা বাড়ছে। শুল্কজনিত মূল্যবৃদ্ধি সীমিত থাকায় ধারণা আরও জোর পেয়েছে। তবে উৎপাদক মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি হওয়া এবং আগস্টে ব্যবসায়িক কার্যক্রমে গতি আসায় ব্যবসায়ীদের মধ্যে সতর্কতা ছিল। অর্থাৎ সুদহার নাও কমতে পারে।
শ্রমবাজারের তথ্য এখন ফেডের নীতিনির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শামোটা বলেন, “পাওয়েল মূলত বলছেন, শ্রমবাজারে বড় পরিবর্তন আসছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি কর্মসংস্থানও ফেডের দায়িত্বের মধ্যে। তাই এখন কর্মসংস্থান নীতিনির্ধারণে বেশি গুরুত্ব পাচ্ছে।”

