একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে কেজিপ্রতি ৭০ টাকা কমেছে আমদানিকৃত কাঁচামরিচের দাম।
বর্তমানে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে কাঁচামরিচ কেজি প্রতি ১১০ টাকায় বিক্রি হচ্ছে। এটি গত ২০ ও ২১ আগস্ট কেজি প্রতি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হতো। ব্যবসায়ীরা বলছেন, বন্দরে আমদানি বৃদ্ধির কারণে দাম কমতে শুরু করেছে।
রোববার (২৪ আগস্ট) সকালে হিলি স্থলবন্দরের পাইকারী মোকামে এ তথ্য জানা গেছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারকের প্রতিনিধি শাহাবুল ইসলাম জানান, ভারতের বিভিন্ন রাজ্য থেকে কাঁচামরিচ আমদানি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে গাড়িতে ত্রিপল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে। দীর্ঘ সময় ত্রিপল দিয়ে রাখার কারণে অনেক কাঁচামরিচ পঁচে নষ্ট হচ্ছে। তাই কম দামে বিক্রি করতে হচ্ছে।
হিলির কাঁচা বাজারের ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, ভারত থেকে আমদানিকৃত কাঁচামরিচ খুচরা বাজারে কেজি প্রতি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এটি গত দুই দিন আগে ২০০ টাকায় বিক্রি হতো। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি, তবে আগের তুলনায় ক্রেতা অনেক কম।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জামান বাঁধন জানান, চলতি মাসে ১৫৯টি ট্রাকে ১ হাজার ৩০৮ টন কাঁচামরিচ এই বন্দর দিয়ে আমদানি হয়েছে। ভারতের বাজার থেকে এসব কাঁচামরিচ ৫০০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। প্রতি কেজিতে ৩৭ টাকা শুল্ক দিয়ে ব্যবসায়ীরা খালাস করছেন। কাঁচা পণ্য হওয়ায় দ্রুত খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহে সহযোগিতা করা হচ্ছে।

