সিরিয়া তার নতুন নকশার ব্যাংকনোট রাশিয়া থেকে ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে। গত শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। রয়টার্স জানিয়েছে, দামেস্ক এই সিদ্ধান্ত নিয়েছে মারাত্মকভাবে অবমূল্যায়িত সিরীয় পাউন্ড সংস্কার করার জন্য। এছাড়া লেনদেন সহজ করা এবং মুদ্রার ওপর আস্থা ফিরিয়ে আনার জন্য দুইটি শূন্যও বাদ দেওয়া হবে।
সিরীয় পাউন্ডের মান ২০১১ সাল থেকে ৯৯ শতাংশের বেশি কমেছে। এক সময় এক মার্কিন ডলার সমান ছিল ৫০ সিরীয় পাউন্ড, বর্তমানে তা বেড়ে প্রায় ১০ হাজার পাউন্ডে পৌঁছেছে। ফলে দেশটির লেনদেন ও অর্থ স্থানান্তরে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদেলকাদের হুসরিয়েহ নতুন ব্যাংকনোট ছাপার পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি বলেন, এটি ‘অপরিহার্য’ এবং মূল উদ্দেশ্য হলো গ্রাহকের আস্থা জোরদার করা ও বৈদেশিক লেনদেন সহজ করা।
রয়টার্স জানিয়েছে, দুটি ব্যাংকার ও পরিকল্পনা সম্পর্কে অবগত সূত্রের বরাতে দামেস্ক নতুন নোট ছাপানোর জন্য রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গজনাকের সঙ্গে চুক্তি করেছে। জুলাই মাসের শেষ দিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানের মস্কো সফরের সময় চুক্তি চূড়ান্ত হয়।
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলেও গজনাক দেশটির মুদ্রা ছাপিয়েছিল। গত বছর হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে লড়াইয়ে তিনি ক্ষমতাচ্যুত হন। এরপর এইচটিএস প্রধান আহমেদ আল-শারা দেশটির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর বাশার পরিবারের সদস্যরা মস্কোয় আশ্রয় নিয়েছেন।
চলতি বছরের শুরুতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, ব্যাংকনোট ছাপানোর জন্য সিরিয়ার নতুন সরকার রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেই বিকল্প খুঁজছিল। তখন সংযুক্ত আরব আমিরাত ও জার্মানির প্রতিষ্ঠানগুলোর কথা বিবেচনা করা হয়েছিল। তবে ইউক্রেন যুদ্ধের কারণে গজনাকও পশ্চিমা নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। নতুন ব্যাংকনোট নিয়ে সিরিয়ার অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক বা গজনাক এখনো মন্তব্য করেনি।
রয়টার্স জানিয়েছে, আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার বাইরে ঘুরে বেড়ানো প্রায় ৪০ ট্রিলিয়ন সিরীয় পাউন্ডকে নিয়ন্ত্রণে আনাই নতুন নোটের প্রধান লক্ষ্য। এছাড়া নতুন নোটে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বা তার বাবা হাফিজ আল-আসাদের ছবি থাকবে না। বর্তমানে দুই হাজার ও এক হাজার সিরীয় পাউন্ডের নোটে তাদের প্রতিকৃতি রয়েছে।
নতুন ব্যাংকনোট চালু হওয়ার তারিখ এখনো পর্যালোচনাধীন। তবে সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের ৮ ডিসেম্বর নতুন নোট চালু হবে। সরকারি হিসেবে নতুন নোটের সঙ্গে পুরোনো নোটও পরবর্তী ১২ মাস চলবে।

