পারমাণবিক অস্ত্রের যুগে যুক্তরাষ্ট্রের কোনো দেশের ‘অপরাধের’ জন্য সরাসরি সামরিক শাস্তি দেওয়ার ক্ষমতা সীমিত। তখন মূল অস্ত্র হিসেবে থাকে অর্থনৈতিক শক্তি। কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং মার্কিন ডলারে লেনদেনের সুযোগ বন্ধ করলে যে চরম অর্থনৈতিক চাপ তৈরি হবে, তাতে সাধারণত রাষ্ট্রগুলো নতি স্বীকার করতে বাধ্য হয়।
কিন্তু বাস্তবতা আলাদা। সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মুখে থাকা দেশ রাশিয়া এখনো যুক্তরাষ্ট্র বা ইউরোপের শর্ত পূরণে তাড়া দেখাচ্ছে না। অর্থাৎ, ইউক্রেন যুদ্ধ শেষ করতে তারা রাজি নয়। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ছয় হাজারের বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সব লেনদেন খতিয়ে দেখতে হয় এবং অবৈধ কার্যকলাপ আটকাতে হয়। ব্যর্থ হলে ব্যাংকগুলো নিজেই মার্কিন জরিমানা বা নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। তবুও রাশিয়া হাজার হাজার কোটি ডলারের আন্তর্জাতিক বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এর একটি কারণ হতে পারে যে অনেক আর্থিক প্রতিষ্ঠান এসব লেনদেনের প্রক্রিয়া চালু রেখেছে, আর তাদের শনাক্ত করে শাস্তি দেওয়া হচ্ছে না।
বৈশ্বিক আর্থিক ব্যবস্থার ফাঁক:
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ অনুযায়ী, ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা ভঙ্গের জন্য আরোপিত সবচেয়ে বড় ১০টি জরিমানার ৮টিই আর্থিক প্রতিষ্ঠানের ওপর পড়েছে। এর মধ্যে রাশিয়া–সংক্রান্ত কেবল দুটি ঘটনা ছিল। একটি রুশ ধনকুবেরের ভেঞ্চার ক্যাপিটাল সংস্থার বিরুদ্ধে, আরেকটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের বিরুদ্ধে। তবে বাইন্যান্স মূলত রাশিয়ার কারণে নয়; বরং ইরান, উত্তর কোরিয়া, সিরিয়া ও কিউবার মতো দেশগুলোর লেনদেনের সুযোগ দেওয়ার কারণে জরিমানা ভোগ করেছে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার তালিকায় থাকা ছয় হাজারের বেশি প্রতিষ্ঠানের অধিকাংশই ব্যক্তি বা ছোট শেল কোম্পানি। রাশিয়ার বাইরে থাকা বড় প্রতিষ্ঠানের সংখ্যা ৩০টির কম, আর এর মধ্যে মাত্র ৫টি আর্থিক প্রতিষ্ঠান।

ভারত–চীনের অর্থনৈতিক সংযোগ এবং যুক্তরাষ্ট্রের জটিলতা:
যুদ্ধ দীর্ঘায়ত হওয়ার সঙ্গে সঙ্গে রাশিয়া পশ্চিমা বিশ্বের বাইরে ভারত ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। ফলে রাশিয়ার সঙ্গে লেনদেন করা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শনাক্ত করতে যুক্তরাষ্ট্রও জটিলতার মুখে পড়েছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও সাবেক মার্কিন ট্রেজারি কর্মকর্তা এডওয়ার্ড ফিশম্যান বলেন, অনেক প্রতিষ্ঠান পরোক্ষ নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করেছে। তবে প্রশ্ন হচ্ছে, কেউ কি প্রকৃত অর্থেই সংযুক্ত আরব আমিরাত বা চীনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে চাইবে?
চীনের বড় ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে আন্তর্জাতিক বাণিজ্য প্রায় থমকে যেতে পারে। মার্কিন কোম্পানিগুলো চীনা কারখানাকে অর্থ দিতে পারবে না, নিজের রপ্তানির টাকা পাবে না। ইলেকট্রনিকস থেকে ওষুধ—সবকিছুর সরবরাহ ব্যাহত হয়ে দাম বেড়ে যাবে। অনেক অর্থনীতিবিদ মনে করেন, এই কারণে চীনের বড় ব্যাংকগুলোকে কার্যত স্পর্শ করা সম্ভব নয়।
অতীতের ভয়, বর্তমানের সীমাবদ্ধতা:
এক সময় নিষেধাজ্ঞার তালিকায় থাকা মানেই ছিল আর্থিক মৃত্যুদণ্ড। ডলারের বৈশ্বিক প্রভাবের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে না পারা মানে ছিল বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তিন হাজার পৃষ্ঠার নিষেধাজ্ঞার তালিকা রয়েছে, যার সূচনা ১৯৬০–এর দশকে। শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করা নিষিদ্ধ নয়, ডলার ব্যবহারকারী কোনো ব্যাংকের সঙ্গেও লেনদেন করা যায় না এসব প্রতিষ্ঠানের। যেহেতু মার্কিন ডলার আন্তর্জাতিক লেনদেনে সবচেয়ে বেশি ব্যবহৃত, তাই এই নিষেধাজ্ঞা কার্যত তাদের বৈশ্বিক আর্থিক ব্যবস্থার বাইরে ঠেলে দিত।
২০ বছর আগে ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ ছোটখাটো নিষেধাজ্ঞা ভঙ্গকারীদের সামলাত। যেমন, কিউবান সিগার পাচারের জন্য কয়েক হাজার ডলার জরিমানা করত। কিন্তু পরবর্তীকালে এটি সাধারণ হাতিয়ার থেকে পররাষ্ট্রনীতির মূল অস্ত্রে পরিণত হয়। ২০০০–এর দশকের শুরু থেকে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির প্রধান হাতিয়ার হয়ে ওঠে। ২০০২–২০১৯ সালের মধ্যে জরিমানার অঙ্ক ৪০০ গুণ বেড়ে যায়। বড় আন্তর্জাতিক ব্যাংক শত শত কোটি ডলারের জরিমানা ভোগ করেছে। উদাহরণস্বরূপ, ২০১৪ সালে ফরাসি ব্যাংক বিএনপি প্যারিবাসকে ৯০০ কোটি ডলার দিতে হয়েছিল।
কিন্তু ২০১৯ সালের পর থেকে বড় অঙ্কের জরিমানার সংখ্যা কমেছে। অর্থ পাচারের অভিযোগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে প্রায় ১০০ কোটি ডলার জরিমানা করা হয়। ব্যাংকগুলো ভয়ে বিপুল বিনিয়োগ করে অর্থপ্রবাহ নজরদারিতে। তবে এর ফলে অনেক সময় পুরো দেশকেও ঝুঁকিপূর্ণ মনে করে সম্পর্ক ছিন্ন করা হয়েছে।

রাশিয়ার আর্থিক ফাঁকফোকর:
২০২২ সালে রাশিয়ার ভিটিবি ব্যাংককে নিষেধাজ্ঞা দিয়ে আন্তর্জাতিক অর্থ লেনদেন ব্যবস্থা সুইফট থেকে বের করা হয়। তাত্ত্বিকভাবে এটির ফলে তারা বৈশ্বিক আর্থিক ব্যবস্থার বাইরে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু ভিটিবি চীনা পেমেন্ট প্ল্যাটফর্ম আলিপের মাধ্যমে প্রতিদিন ১০ হাজার ডলার পর্যন্ত লেনদেনের বিজ্ঞাপন দিয়েছিল। অর্থাৎ বৈশ্বিক লেনদেন ব্যবস্থায় একধরনের ব্যাকডোর তৈরি হয়।
পরবর্তীতে সমালোচনার মুখে ভিটিবির ওয়েবসাইট থেকে আলিপ সম্পর্কিত তথ্য সরিয়ে ফেলা হয়। তবে অনেক চীনা ছোটখাটো সংস্থা এখনও রাশিয়াকে অর্থপ্রদানে সহায়তা করছে। ক্ষমতার শেষদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীন–রাশিয়ার কিছু অর্থ লেনদেনের পথ বন্ধের উদ্যোগ নেন। এ জন্য তিনি ৯টি চীনা কোম্পানিকে নিষেধাজ্ঞার তালিকায় আনেন। তবে এসব প্রতিষ্ঠান মূলত কাগুজে বা ছোটখাটো বাণিজ্যিক সংস্থা; আলিপের মতো বড় পেমেন্ট প্ল্যাটফর্ম এতে পড়েনি।
আন্তর্জাতিক চাপের মাঝেও রাশিয়া সচল:
গত এপ্রিলে মস্কোয় ব্যবসার বাজার জমজমাট ছিল। ‘এক্সপো ইলেকট্রোনিকা’ নামে একটি বড় প্রযুক্তি মেলায় ছয় শতাধিক কোম্পানি অংশ নেন। প্রদর্শনীতে ছিল উন্নত মানের সেমিকন্ডাক্টর, এলইডি স্ক্রিনে সেই চিপগুলোর বিজ্ঞাপন—যেসব চিপের রপ্তানি রাশিয়ায় বন্ধ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। মেলায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদলও ঘুরে বেড়াচ্ছিল। তাদের নেতৃত্বে ছিলেন ক্রেমলিনের কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন কর্মসূচির প্রধান ভাসিলি এলিস্ত্রাতভ।
প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল হংকংভিত্তিক অলচিপস; মাত্র আট মাস আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছিল তারা। এই কোম্পানি রাশিয়ার ক্রুজ মিসাইলে ব্যবহৃত উপাদান বিক্রি করে, যেগুলো ইউক্রেনের শহরে হামলায় ব্যবহৃত হচ্ছে। অলচিপস কীভাবে অর্থ গ্রহণ করে—জানতে চাইলে কোম্পানির এক প্রতিনিধি হোয়াটসঅ্যাপে জানান, তারা আলিপের মাধ্যমে মার্কিন ডলার ও চীনা রেনমিনবি নেয়, অথবা ভিটিবি ব্যাংকের হিসাবের মাধ্যমে সরাসরি লেনদেন করে। আলিপের স্বত্বাধিকারী অ্যান্ট গ্রুপ দাবি করেছে, অলচিপস তাদের গ্রাহক নয়। নিষেধাজ্ঞার সময় কীভাবে ডলারের লেনদেন চলেছে, সে বিষয়ে অলচিপস জবাব দেয়নি।
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে লেনদেনে সহায়তার অভিযোগে চীনের দুটি আঞ্চলিক ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে এসব নিষেধাজ্ঞা বৈশ্বিকভাবে কার্যকর করার মতো শক্তি ইউরোপের নেই। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক মারিয়া স্নেগোভায়া বলেন, ‘নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে কি না তা নিশ্চিত করার মতো তেমন কোনো ব্যবস্থা তাদের হাতে নেই।’
রাশিয়ার বিরুদ্ধে আরোপিত বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা কার্যকর হতে পারেনি। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো ভিন্নভাবে ফাঁকফোকর তৈরি করেছে। ছোট শেল কোম্পানি এবং ব্যক্তির ওপর কিছু শাস্তি থাকলেও বড় ব্যাংক ও পেমেন্ট প্ল্যাটফর্ম অনেকাংশে অপরিবর্তিত আছে। চীন ও ভারতের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক রাশিয়ার লেনদেনকে শক্তিশালী করছে। মার্কিন নিষেধাজ্ঞা এবং ইউরোপীয় উদ্যোগ বৈশ্বিক অর্থনীতির ওপর প্রভাব বিস্তার করতে পারলেও পুরোপুরি সফল হয়নি। বড় আর্থিক প্রতিষ্ঠান এবং প্রযুক্তি কোম্পানিগুলো নিষেধাজ্ঞার ফাঁকফোকর ব্যবহার করে লেনদেন চালিয়ে যাচ্ছে।
ফলে দেখা যাচ্ছে, নিষেধাজ্ঞা প্রথাগত হাতিয়ার হিসেবে এখন সীমিত। যুক্তরাষ্ট্রের দণ্ড কার্যকর হওয়া বা রাশিয়াকে বাধ্য করা অনেক জটিল হয়ে পড়েছে। অর্থাৎ যুদ্ধ চলাকালীন রাশিয়ার আর্থিক ব্যবস্থা প্রায় স্বাভাবিকভাবেই কার্যকর রয়েছে, এবং আন্তর্জাতিক চাপের প্রভাব সীমিত।

