যুক্তরাষ্ট্র সরকার চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্টেলের সঙ্গে অংশীদারিত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট ইঙ্গিত দিয়েছেন, একই ধরনের পদক্ষেপ অন্য কোম্পানিতেও নেওয়া হতে পারে।
ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক হাসেট সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্পের সার্বভৌম সম্পদ তহবিল পরিকল্পনার আওতায় সেমিকন্ডাক্টর শিল্পসহ বিভিন্ন খাতে নতুন চুক্তি হতে পারে। তার ভাষায়, “আমি নিশ্চিত, কোনো না কোনো পর্যায়ে আরও লেনদেন হবে।”
সম্প্রতি ঘোষিত চুক্তি অনুযায়ী, মার্কিন সরকার ইন্টেলে ১০ শতাংশ ইকুইটি শেয়ার নেবে। এর ফলে কোম্পানির বড় একটি অংশীদার হয়ে উঠছে যুক্তরাষ্ট্র সরকার।
ইন্টেল জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে সরকার ৪৩৩.৩ মিলিয়ন সাধারণ শেয়ার পাবে, যা মোট শেয়ারের ৯.৯ শতাংশ। বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে প্রায় ৮.৯ বিলিয়ন ডলার। এর মধ্যে ৫.৭ বিলিয়ন ডলার আসছে চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট থেকে, যা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় পাস হয়েছিল। ট্রাম্প সেই আইনের সমালোচক হলেও এখন সেটিই ব্যবহার করা হচ্ছে ইন্টেলে বিনিয়োগে।
হাসেট বলেন, আগে ফেডারেল সরকার শুধু অর্থ দিত। কিন্তু এবার ইন্টেলের মতো চুক্তিতে শেয়ারের মালিকানা থাকলেও তাতে ভোটাধিকার থাকবে না। সরকারের লক্ষ্য হলো কোম্পানির পরিচালনায় সরাসরি হস্তক্ষেপ না করা।
তবে ইন্টেল নিজেই সতর্ক করেছে, সরকারের ইকুইটি অংশীদারি ভবিষ্যতে অনুদান পাওয়ার সক্ষমতাকে সীমিত করতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসায়ও এর বিরূপ প্রভাব পড়তে পারে। কোম্পানি আরও জানিয়েছে, তহবিল পাওয়ার সময় ও শর্ত পূরণের সক্ষমতা এখনো স্পষ্ট নয়।
সমালোচকরা বলছেন, ব্যবসায়িক সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাব পড়লে কোম্পানির কার্যকারিতা ব্যাহত হতে পারে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে ফের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প যুক্তরাষ্ট্রে একটি সার্বভৌম সম্পদ তহবিল গঠনের পরিকল্পনা ঘোষণা করেন। সাধারণত এ ধরনের তহবিল রাষ্ট্রীয় মালিকানাধীন হয় এবং দেশের অতিরিক্ত রিজার্ভ বা প্রাকৃতিক সম্পদ থেকে অর্থায়ন করা হয়। দীর্ঘমেয়াদি রিটার্ন নিশ্চিত করাই এর লক্ষ্য।
হাসেট উল্লেখ করেছেন, ইন্টেলের সঙ্গে চুক্তি একটি বিশেষ পরিস্থিতি থেকে এসেছে। কারণ চিপস অ্যাক্টে ইন্টেলের জন্য বিপুল অর্থ বরাদ্দ রাখা হয়েছিল, যা এই অংশীদারিত্বকে সম্ভব করেছে।

