স্পেনের অর্থনীতি ইউরোপের বড় অর্থনীতিগুলোর চেয়ে এগিয়ে আছে। পর্যটন, বিদেশি বিনিয়োগ ও অভিবাসনের কল্যাণে দেশটির প্রবৃদ্ধি গতিশীল। ইউরো অঞ্চলেও দক্ষিণ ইউরোপের এই দেশ শীর্ষ অবস্থান ধরে রেখেছে।
২০২৫ সালে স্পেনের বার্ষিক জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ২ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে ফ্রান্স, জার্মানি ও ইতালির প্রবৃদ্ধি হতে পারে যথাক্রমে শূন্য দশমিক ৬, শূন্য ও শূন্য দশমিক ৭ শতাংশ। চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে স্পেনের জিডিপি বেড়েছে শূন্য দশমিক ৭ শতাংশ, যা রয়টার্সের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। আগের ত্রৈমাসিকের প্রবৃদ্ধি ছিল শূন্য দশমিক ৬ শতাংশ। তথ্য দিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট (আইএনই)।
স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো জানিয়েছেন, আগামী দুই বছরের মধ্যে উন্নত দেশগুলোর মধ্যে জিডিপি প্রবৃদ্ধিতে স্পেন অগ্রণী অবস্থানে থাকবে। তাঁর মতে, শুধু পর্যটন নয়, অ–পর্যটন পরিষেবার রপ্তানিতেও দেশটি এগিয়ে আছে। তথ্যপ্রযুক্তি, আর্থিক ও নিরীক্ষা পরিষেবা থেকে আয় হয়েছে ১০ হাজার কোটি ইউরো, যেখানে পর্যটন থেকে আয় ৯ হাজার ৪৯৫ কোটি ইউরো। অর্থনীতির আধুনিকায়নে এটি বড় ভূমিকা রাখছে।
কুয়ের্পো মনে করেন, স্পেন এখন বিনিয়োগের জন্যও অন্যতম সেরা গন্তব্য। অর্থনীতির সাফল্যের পেছনে কাজ করছে ভোক্তা ব্যয়, বিনিয়োগ, পর্যটন, ইউরোপীয় তহবিল ও অভিবাসনের প্রবাহ। তবে শক্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও চ্যালেঞ্জ রয়েছে। বেতন ও জীবনযাত্রার খরচে ভারসাম্য আনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং রাজনৈতিক বিভাজন সামলানো দেশটির সামনে বড় কাজ। বিবিভিএ রিসার্চের প্রধান অর্থনীতিবিদ মিগুয়েল কার্ডোসো জানান, ২০২১ সাল থেকে শ্রমশক্তির ৯০ শতাংশই এসেছে অভিবাসন থেকে। এটি পরিষেবা খাতের সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখছে এবং খরচ নিয়ন্ত্রণেও কাজ করছে। ফলে উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও পরিষেবার দাম তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত থাকছে।
স্পেনের জিডিপিতে পর্যটনের অবদান প্রায় ১২ শতাংশ। মহামারির পর পর্যটন খরচ তুলনামূলক কম হওয়ায় দেশটি বাড়তি সুবিধা পেয়েছে। তবে পর্যটকের ঢল নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভও আছে। ২০২৩ সালের জুনে বার্সেলোনায় অনেকেই বিক্ষোভে নেমে পর্যটকদের গায়ে পানি ছিটিয়ে ‘পর্যটকেরা বাড়ি ফিরে যাক’ বলে স্লোগান দেন। ২০২৪ সালে পর্যটন খাতে কর্মসংস্থান হয়েছে প্রায় ৩০ লাখ মানুষের। আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৭ শতাংশ। এ খাতের কর্মসংস্থানও মূলত অভিবাসীদের ওপর নির্ভরশীল। যেখানে ইউরোপের অন্যান্য দেশ সীমান্ত বন্ধ করছে, সেখানে স্পেন আগামী তিন বছরে প্রায় ১০ লাখ অভিবাসী নেবে বলে পরিকল্পনা করছে। কার্ডোসো জানান, গত বছর স্পেনে অভিবাসীদের বড় অংশ এসেছে কলম্বিয়া, ভেনেজুয়েলা ও মরক্কো থেকে। লাতিন আমেরিকার কিছু দেশ অর্থনৈতিক সংকটে থাকায় এবং যুক্তরাষ্ট্রে অভিবাসন কঠিন হয়ে পড়ায় অনেকে স্পেনকে বেছে নিচ্ছে।
স্পেন ইউরোপীয় ইউনিয়নের নেক্সট জেনারেশন ইইউ তহবিল থেকে ১৬ হাজার ৩০০ কোটি ইউরো পেয়েছে। এর মধ্যে ৭০ শতাংশ অনুদান ইতিমধ্যে বিতরণ হয়েছে। সরকার নবায়নযোগ্য শক্তি ও পর্যটনবহির্ভূত খাতে এই অর্থ ব্যবহারের পরিকল্পনা নিয়েছে। পরিবেশবান্ধব জ্বালানিতে দীর্ঘদিনের বিনিয়োগ দেশটিকে শক্ত অবস্থানে রেখেছে। ২০২২ সালে ইউরোপে জ্বালানি সংকট দেখা দিলেও স্পেনে তার প্রভাব ছিল সীমিত। কুয়ের্পো জানান, পাঁচ-ছয় বছরে নবায়নযোগ্য শক্তির প্রবৃদ্ধির কারণে বিদ্যুতের পাইকারি দাম ৪০ শতাংশ কমেছে। এর ফলে উৎপাদন খরচও কমেছে এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে স্পেন আকর্ষণীয় হয়েছে।
চীনের আরটেক কোম্পানি ২০২৪ সালে মাদ্রিদে তাদের ইউরোপীয় সদর দপ্তর স্থাপন করেছে। তারা সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছে। একইসঙ্গে স্পেনের অটোমোবাইল কোম্পানি স্টেলানটিস ও ব্যাটারি কোম্পানি সিএটিএল মিলে ৪৩০ কোটি ডলার বিনিয়োগে জারাগোজায় ব্যাটারি কারখানা তৈরি করছে।
প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (এফডিআই) স্পেন ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চতুর্থ স্থানে। শুধু ২০২৫ সালেই চীন স্পেনে ১ হাজার ১০০ কোটি ইউরো বিনিয়োগ করবে। অর্থমন্ত্রী কুয়ের্পো বলেন, যুক্তরাষ্ট্র স্পেনের সবচেয়ে বড় বিনিয়োগকারী হলেও চীন নবায়নযোগ্য শক্তি ও টেকসই খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করছে। পর্যটন, বিনিয়োগ, অভিবাসন ও পরিবেশবান্ধব জ্বালানি—সব মিলিয়ে স্পেনের অর্থনীতি ইউরোপে শক্তিশালী ও ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠছে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।

