আজ সকালেই আন্তর্জাতিক বাজারে ডলার শক্ত অবস্থান ধরে রাখতে পারেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ পদক্ষেপে ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এর প্রভাবেই ডলারের দুর্বলতা বেড়েছে।
গত সোমবার ট্রাম্প ঘোষণা দেন, তিনি ফেডারেল গভর্নর লিসা কুককে বরখাস্ত করবেন। অভিযোগ করা হয়েছে, কুক বন্ধকি সম্পত্তির চুক্তিতে জালিয়াতি করেছেন। তবে কুকের আইনজীবী জানিয়েছেন, বরখাস্ত ঠেকাতে তিনি মামলা করবেন। এতে দীর্ঘ আইনি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।
বিনিয়োগকারীরা মনে করছেন, ট্রাম্প ফেডের ওপর প্রভাব বিস্তার করতে চাইছেন। এ কারণে তার প্রতি আস্থা কমেছে। এশিয়ার বাজারে বুধবার লেনদেন তুলনামূলক স্থিতিশীল থাকলেও ডলার অন্যান্য মুদ্রার বিপরীতে আগের ক্ষতি পুষিয়ে নিতে পারেনি। সর্বশেষ এক ডলারের বিনিময় হার দাঁড়িয়েছে ১৪৭.৫২ ইয়েন। ইউরো স্থিতিশীল রয়েছে ১.১৬৩৮ ডলারে এবং পাউন্ড ১.৩৪৭৮ ডলারে। প্রধান মুদ্রার বিপরীতে ডলার সূচক সামান্য বেড়ে ৯৮.২৭ হয়েছে। আগের দিন এটি ০.২৪ শতাংশ কমেছিল।
যুক্তরাজ্যের স্যাক্সো ব্যাংকের বিনিয়োগ কৌশলবিদ নিল উইলসন বলেন, “ফেডকে ঘিরে নতুন লড়াই শুরু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক নিয়ে রাজনৈতিকীকরণ আরও ঘনীভূত হবে। আগামী দিনে ফেড চেয়ারের জন্য ট্রাম্পের বাইরে থেকে কিছু করা প্রায় অসম্ভব। এটি ডলারের জন্য নেতিবাচক সংকেত। বাজার এখন সেপ্টেম্বরে ফেড বৈঠকের দিকে তাকিয়ে আছে।” ডলার দুর্বল হওয়ার আরেকটি কারণ হলো সেপ্টেম্বরে নীতি সুদ কমানোর সম্ভাবনা। বিশেষ করে কুককে সরিয়ে দিলে তার স্থলাভিষিক্ত যদি শিথিল নীতির পক্ষপাতী হন, তাহলে সুদহারের কমার প্রত্যাশা আরও জোরদার হবে।
ট্রাম্প এর আগেও বারবার সুদ কমানোর দাবি তুলেছেন এবং ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে সরানোর হুমকি দিয়েছেন। যদিও সম্প্রতি সে অবস্থান থেকে সরে এসেছেন। কুককে সরালে ট্রাম্প ফেড বোর্ডের সংখ্যাগরিষ্ঠতা নিজের দিকে হেলাতে পারবেন। এর মধ্যে দুজন আগে থেকেই দায়িত্বে আছেন। অন্যদিকে হোয়াইট হাউসের অর্থনীতিবিদ স্টিফেন মিরানের মনোনয়ন এখনও ঝুলে আছে।
হ্যারিস ফাইন্যান্সিয়াল গ্রুপের অংশীদার জেমি কক্স বলেন, “ট্রাম্প কার্যত ফেডের নীতি-সংকেত দেওয়ার ক্ষমতা দখল করেছেন। বাজারকে সরাসরি জানাচ্ছেন, সুদহার কমছে। এর প্রভাব ইতিমধ্যেই বন্ডের সুদহারে দেখা যাচ্ছে।” মার্কিন ট্রেজারি বন্ডের বাজারে পরিস্থিতি বিভক্ত। দুই বছরের বন্ডের সুদহার বুধবার ৩.৬৫ শতাংশে নেমে আসে, যা ১ মে-পরবর্তী সর্বনিম্ন। অন্যদিকে দীর্ঘমেয়াদি বন্ডের সুদহার বেড়েছে। কারণ শিথিল আর্থিক নীতি হলে পরবর্তীতে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা রয়েছে। ৩০ বছর মেয়াদি বন্ডের সুদহার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৪.৯২ শতাংশে। অন্য মুদ্রার মধ্যে অস্ট্রেলীয় ডলারের মান দাঁড়িয়েছে ০.৬৪৯৫ মার্কিন ডলারে। কিউই ডলার সামান্য কমে ০.৫৮৫৬ ডলারে নেমেছে।

