যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে তাঁর দেশের সম্পর্ককে ‘খুব একপক্ষীয়’ বলে সমালোচনা করেছেন। তিনি বলেন, নয়াদিল্লি মার্কিন পণ্যের শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছে।
গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ভারতের ওপর পক্ষপাতদুষ্ট অর্থনৈতিক সম্পর্কের অভিযোগ তুলেছেন। তিনি ভারতের ক্রমবর্ধমান রুশ তেল ও অস্ত্র কেনার বিষয়টিও উল্লেখ করেছেন। তাঁর মন্তব্যে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হওয়ার ইঙ্গিত দেখা দিয়েছে।
ট্রাম্প তাঁর মালিকানাধীন প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘কত অল্প মানুষই না বোঝে যে আমরা ভারতের সঙ্গে খুব কম বাণিজ্য করি, কিন্তু তারা আমাদের সঙ্গে প্রচুর বাণিজ্য করে। তারা আমাদের কাছে বিশাল পরিমাণে পণ্য বিক্রি করে, আমরা তাদের কাছে খুব কম। আমরা তাদের সবচেয়ে বড় গ্রাহক কিন্তু আমরা তাদের কাছে খুব কম বিক্রি করি।’ তিনি আরও যোগ করেছেন, ‘তারা এখন শুল্ক (মার্কিন পণ্যে) শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু অনেকটা সময় চলে গেছে। এটা তারা অনেক বছর আগেই করতে পারত।’
নয়াদিল্লি এখনো এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে ট্রাম্প প্রায়ই অন্যান্য দেশের বিরুদ্ধে ভিত্তিহীন দাবি করেছেন যে তারা যুক্তরাষ্ট্রকে তার উচ্চ শুল্কের হুমকির মধ্যে বড় ধরনের অর্থনৈতিক সুবিধা দিতে চায়। ট্রুথ সোশ্যালে এই পোস্ট হলো ভারতের বিরুদ্ধে ট্রাম্পের সর্বশেষ সমালোচনা। এর আগে তিনি ভারতের সঙ্গে সম্পর্ককে গুরুত্বপূর্ণ উল্লেখ করেছিলেন। চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে গিয়ে ভারতকে বিশেষ মনোযোগ দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর মধ্যে পাল্টা শুল্ক ২৫ শতাংশ ও শাস্তিমূলক ২৫ শতাংশ। এটি ট্রাম্প প্রশাসনের বিভিন্ন দেশের ওপর আরোপিত সর্বোচ্চ শুল্কের মধ্যে অন্যতম। ট্রাম্প ভারতের রাশিয়ার তেল কেনার বিষয়টিকেও সমালোচনা করেছেন।
ট্রাম্প প্রায়ই বিদেশি নেতাদের আরও বেশি মার্কিন পণ্য কেনার আহ্বান জানাচ্ছেন, বিশেষ করে জ্বালানি ও অস্ত্র খাতে। তিনি বলেছেন, ‘ভারত তার তেল ও সামরিক পণ্যের বেশির ভাগই রাশিয়ার কাছ থেকে কিনে, যুক্তরাষ্ট্র থেকে খুব কম।’ ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ‘নয়াদিল্লি অন্য দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কখনো নত হবে না বা দুর্বলতা দেখাবে না।’
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের মতো পদক্ষেপ অন্যান্য দেশকে নিজেদের মধ্যে আরও সহযোগিতামূলক সম্পর্ক গড়ার দিকে ঠেলে দিতে পারে। কারণ ক্রমেই অনিশ্চিত হয়ে ওঠা মার্কিন বাজারের বিকল্প শক্তি খুঁজছে তারা। ট্রাম্পের মতে, অন্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক একপক্ষীয় ও অন্যায্য।
এদিকে অ-পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য গত রোববার ও সোমবার চীনে সাংহাই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে বলেন, তিনি বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

